Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৭:৩২ পিএম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ড্রয়ে শেষ ঢাকা-বরিশাল

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৭:৩২ পিএম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ড্রয়ে শেষ ঢাকা-বরিশাল

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের পঞ্চম পর্বে ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় একটি বলও মাঠে গড়ায়নি। ফলে কার্যত দুই দিনের ম্যাচে পরিণত হয় চার দিনের এই লড়াই।

ম্যাচের তৃতীয় দিনে খেলা শুরু হলেও আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ২২ মিনিট আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

৩১৫ রানে অলআউট বরিশাল

মঙ্গলবার (৩ নভেম্বর) ম্যাচের চতুর্থ ও শেষ দিনে আগের দিনের ২৬৬ রানের সঙ্গে আরও ৪৯ রান যোগ করে প্রথম ইনিংসে ৩১৫ রানে অলআউট হয় বরিশাল।

দিনের খেলা শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার আব্দুল্লাহ ও তানভীর। আব্দুল্লাহ ৬২ এবং তানভীর ১৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। আক্রমণাত্মক ব্যাটিং করা তানভীর ২৫ বলে ৩৬ রান করে আমিনুলের বলে তৌফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

অন্যদিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রানে থামতে হয় আব্দুল্লাহকে। তাইবুরের বলে উইকেটরক্ষক অংকনের হাতে ধরা পড়েন তিনি। ঢাকার বোলারদের মধ্যে আমিনুল ইসলাম বিপ্লব ৬৩ রানে ৩ উইকেট নেন। সুমন ৫১ ও তৌফিক ৪৪ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন।

২৫১ রানে ইনিংস ঘোষণা ঢাকার

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ঢাকা। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও আনিসুল ইসলাম যোগ করেন ৭৩ রান। ৫৫ বলে ৫০ রান করে তানভীরের বলে বোল্ড হন আনিসুল।

এরপর উইকেটে আসেন উইকেটরক্ষক ব্যাটার আশিকুর রহমান শিবলী। তিনিও দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান। তবে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে হয় তাকে।

৬৯.৩ ওভারে ৫ উইকেটে ২৫১ রান তুলে ইনিংস ঘোষণা করেন ঢাকার অধিনায়ক অংকন। দলের হয়ে শিবলী ৯৯, নাঈম শেখ ৫১ এবং আনিসুল ইসলাম ৫০ রান করেন।

ম্যাচসেরা তানভীর

বরিশালের তানভীর ব্যাট হাতে ২৫ বলে ৩৬ রান করার পাশাপাশি বল হাতে ২৩.৩ ওভারে ৩ উইকেট শিকার করেন। অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পান তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শাহনেওয়াজ শহীদ সানু তানভীরের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন।

দুই দলের প্রথম ইনিংস শেষ হওয়ার মধ্য দিয়েই ম্যাচের সমাপ্তি ঘটে ড্রয়ে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!