ফরাসি ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের-অগস্ত রেনোয়াকে উৎসর্গ করা একটি জাদুঘরে ঢুকে চারটি শিল্পকর্ম চুরি করেছে দুই চোর। মঙ্গলবার ভোরে চুরির পর পালানোর সময় একটি শিল্পকর্ম ফেলে যায় তারা। শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।
মেয়রের কার্যালয় জানায়, চুরি হওয়া চারটি শিল্পকর্মের মোট মূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো, যা প্রায় ১ কোটি মার্কিন ডলার।
মেয়র জানান, মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। মাত্র পাঁচ মিনিটের মধ্যে, ৫টা ৫৩ মিনিটে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জাদুঘরের ভিডিও নজরদারি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
রেনোয়া জাদুঘরটি ১৯৬০ সালে শিল্পীর জীবনের শেষ সময়ের বাসভবনে প্রতিষ্ঠিত হয়। ১৯১৯ সালে মৃত্যুর আগে জীবনের শেষ বছরগুলো এই বাড়িতেই কাটিয়েছিলেন রেনোয়া। বর্তমানে জাদুঘরে শিল্পীর ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও ব্যক্তিগত সামগ্রী সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে তাঁর ইজেল ও হুইলচেয়ার। পাশাপাশি রেনোয়ার আঁকা প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য ও নগ্নচিত্রও প্রদর্শিত হয়।
সাম্প্রতিক সময়ে ফ্রান্সে জাদুঘরে চুরির এটি আরেকটি ঘটনা। এর আগে প্যারিসের লুভর জাদুঘরে দিনের বেলায় ডাকাতি করে প্রায় ১০ কোটি ডলার মূল্যের আটটি শিল্পবস্তু চুরি হয়। ওই ঘটনার এক বছরেরও কম সময়ের মধ্যে রেনোয়া জাদুঘরে চুরির ঘটনা ঘটল।
লুভরের ওই ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও চুরি হওয়া শিল্পবস্তু এখনো উদ্ধার করা যায়নি। ফরাসি তদন্তকারীরা প্যারিস অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানোর পাশাপাশি বেলজিয়াম, ইতালি ও অন্যান্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান করছে।
কালের আলো/এসএ




-20261119145050.jpg)















