আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী ও কিশোর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাঁও ফিলিপ শহরে ফেরার পথে ফোগো দ্বীপের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে যায়।
দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনায় বাসচালকও নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে থাকা অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। তাদের জন্য আয়োজিত ভ্রমণটি কোনো স্কুলের আনুষ্ঠানিক আয়োজন ছিল না। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি
কালের আলো/এএইচ/এমএসআইপি


-20261123142953.jpg)









-20261121140412.jpg)







