Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:১১ পিএম

করমর্দনে পুতিন, ভাজা মুরগিতে ট্রাম্প: এশিয়া সফরে কূটনীতির নানা রং

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:১১ পিএম

করমর্দনে পুতিন, ভাজা মুরগিতে ট্রাম্প: এশিয়া সফরে কূটনীতির নানা রং

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে উত্তেজনার মধ্যেই এশিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে চীনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর করমর্দন যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ফিলিপাইনের প্রেসিডেন্টের দেওয়া ভাজা মুরগির নাশতার প্রস্তাবও পেয়েছে কূটনৈতিক আলোচনায় ভিন্ন মাত্রা। এর বাইরে জমকালো আয়োজনে নিজের উপস্থিতি, পুরোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ এবং একের পর এক বাণিজ্যিক সাফল্যের ঘোষণা—সব মিলিয়ে ট্রাম্পের এশিয়া সফর ছিল ঘটনাবহুল।

ইউক্রেন যুদ্ধ, ইরান, আন্তর্জাতিক বাণিজ্য এবং পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে টানাপোড়েনের মধ্যে এ সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে তিন নেতার অগ্রাধিকার ও অবস্থানে পার্থক্য থাকায় বৈঠক থেকে বড় কোনো সমঝোতা আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

পুতিনের সঙ্গে করমর্দনে কূটনৈতিক বার্তা
বিশ্বনেতাদের সমাবেশে করমর্দন খুব স্বাভাবিক ঘটনা। তবে শেনঝেনে এপেক সম্মেলনের স্বাগত ভোজের আগে ট্রাম্প ও পুতিনের করমর্দন বিশেষ গুরুত্ব পেয়েছে। ক্যামেরার সামনে পুতিন নিজেই ট্রাম্পের কাছে গিয়ে করমর্দন করেন। এ সময় পাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের বড় অংশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রকাশ্য করমর্দন দুই নেতার মধ্যে সরাসরি যোগাযোগের বার্তা দিয়েছে। এতে বিশ্বমঞ্চে পুতিনের কূটনৈতিক অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে।

ট্রাম্পের ক্ষেত্রেও ঘটনাটি তাঁর ব্যক্তিগত সম্পর্কনির্ভর কূটনীতির প্রবণতাকে সামনে এনেছে। তবে এই সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়কে কোনো নীতিগত অগ্রগতি হিসেবে দেখার সুযোগ নেই। বরং আজ বৃহস্পতিবারের সম্ভাব্য বৈঠকের আগে এটি দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির ইঙ্গিত দিয়েছে।

ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাদা বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় ইউক্রেন ও ইরান ইস্যুও গুরুত্ব পাবে।

এপেক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির সমালোচনা করে অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের আহ্বান জানিয়েছেন সি চিন পিং।

মঞ্চের কেন্দ্রেই থাকতে চান ট্রাম্প
আন্তর্জাতিক সম্মেলন কিংবা রাষ্ট্রীয় আয়োজনে নিজের উপস্থিতিকে আলাদা করে তুলে ধরার প্রবণতা ট্রাম্পের পুরোনো। এপেক সম্মেলনের নৈশভোজেও দেখা গেছে তার ব্যতিক্রমী উদাহরণ।

নৈশভোজে বিশ্বনেতারা প্রবেশের সময় বেশির ভাগই সংগীত দলের পাশ দিয়ে হেঁটে যান। কেউ মাথা নেড়ে অভিবাদন জানান, কেউ আবার সংক্ষিপ্তভাবে তাকিয়ে চলে যান। কিন্তু ট্রাম্পের আচরণ ছিল ভিন্ন।

সংগীত দল যখন ‘আমেরিকা দ্য বিউটিফুল’ বাজাচ্ছিল, তখন প্রায় ১০ সেকেন্ড থেমে সংগীত উপভোগ করেন তিনি। এরপর সাংবাদিকদের দিকে ঘুরে ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুক্ষণ একই ভঙ্গিতে থেকে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ দেন।

ছোট এই ঘটনাতেও ট্রাম্পের ব্যক্তিত্বের একটি দিক ফুটে উঠেছে। জাঁকজমকপূর্ণ আয়োজন, সামরিক অভিবাদন কিংবা বিশেষ অভ্যর্থনা—সব ক্ষেত্রেই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে পছন্দ করেন তিনি।

ভাজা মুরগি ঘিরে কূটনৈতিক রসিকতা
ফাস্ট ফুডের প্রতি ট্রাম্পের আগ্রহের কথা নতুন নয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় ম্যাকডোনাল্ডসে অ্যাপ্রন পরে ফ্রেঞ্চফ্রাই ভাজার একটি ছবি ব্যাপক আলোচনায় এসেছিল।

এবার এশিয়া সফরে খাবার ঘিরে নতুন এক ঘটনা সামনে এসেছে। ম্যানিলায় এশীয় নেতাদের এক সমাবেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানান, ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদলের জন্য মাঝরাতের নাশতা হিসেবে দেশটির জনপ্রিয় খাবারের চেইন জোলিবি থেকে ভাজা মুরগির মাংসের অর্ডার দেওয়া হয়েছে।

জোলিবির জনপ্রিয়তা তুলে ধরে মার্কোস বলেন, যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার দিক থেকে তাঁদের এই খাবারের চেইন কেএফসিকেও ছাড়িয়ে গেছে। জবাবে ট্রাম্প বলেন, ‘ওহ, বাহ! অসাধারণ।’

যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড চেইনের ভাজা মুরগির প্রতি ট্রাম্পের আগ্রহ থাকলেও জোলিবির খাবার তিনি শেষ পর্যন্ত খেয়েছেন কি না, তা জানা যায়নি।

পুরোনো পরিচিত ইমেলদা মার্কোসের সঙ্গে সাক্ষাৎ
ম্যানিলা সফরে ট্রাম্পের সঙ্গে দেখা হয়েছে ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের। ৯৭ বছর বয়সী ইমেলদা দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী। ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ফার্দিনান্দ মার্কোস ২১ বছর ফিলিপাইন শাসন করেছিলেন।

স্বামীর শাসনামলে ইমেলদার বিপুল অলংকারের সংগ্রহ ও এক হাজারের বেশি জোড়া জুতা তাঁদের পরিবারের বিলাসিতার প্রতীক হয়ে উঠেছিল। বর্তমানে তাঁদের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, যিনি ‘বংবং’ নামে পরিচিত, ফিলিপাইনের প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের এক সহকারী সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ও ইমেলদার সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা ইমেলদা ট্রাম্পের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন। ট্রাম্প তাঁকে বলেন, ‘আপনার সময়টা ভালো কাটুক, ঠিক আছে?’

ট্রাম্পের সঙ্গে মার্কোস পরিবারের পরিচয় কয়েক দশকের পুরোনো। তিনি যখন আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাচ্ছিলেন, তখন নিউইয়র্কের একটি অনুষ্ঠানে ইমেলদার সঙ্গে তাঁর পরিচয় হয়। ম্যানিলায় মার্কোস পরিবারের সঙ্গে পুনর্মিলনে সেই পুরোনো সম্পর্কের কথাও স্মরণ করেন ট্রাম্প।

এর আগে এক বক্তৃতায় ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে উদ্দেশ করে ট্রাম্প বলেছিলেন, তাঁর মা-বাবাকে তিনি ভালোভাবে চিনতেন। তাঁদের প্রশংসা করে মার্কোস জুনিয়রের মধ্যেও পরিবারের সেই গুণাবলি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাণিজ্যিক সাফল্যের ঘোষণা, বিস্তারিত এখনো অস্পষ্ট
এশিয়া সফরে অর্থনৈতিক সাফল্যকে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অভ্যন্তরীণ সমালোচনার মুখে তাঁর জন্য এ ধরনের ঘোষণা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। সফরে থাইল্যান্ড ও ফিলিপাইনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার কথা জানিয়েছেন তিনি।

থাইল্যান্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে ‘অবিশ্বাস্য বিজয়’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে উল্লেখযোগ্য সমঝোতায় পৌঁছেছে। এখন চুক্তি চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হবে।

ট্রাম্পের দাবি, প্রস্তাবিত চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের সব রপ্তানি পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেবে থাইল্যান্ড। পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধাও উল্লেখযোগ্যভাবে কমাবে দেশটি।

অন্যদিকে ফিলিপাইনের সঙ্গে সমঝোতাকে ঐতিহাসিক চুক্তি হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, এতে যুক্তরাষ্ট্রের কৃষি ও জ্বালানি খাত লাভবান হবে। তবে চুক্তির নির্দিষ্ট শর্ত, পরিসংখ্যান কিংবা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। ম্যানিলার পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

তিন নেতার বৈঠকে বড় অগ্রগতির প্রত্যাশা কম
ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ থাকলেও বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা তুলনামূলক কম। কারণ, তিন নেতার আলোচনার অগ্রাধিকার এক নয়।

ট্রাম্প পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত করার বিষয়ে আলোচনা করতে চান। তবে চীন এ বিষয়ে আগ্রহী হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ে পৌঁছাতে চীন পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

পুতিন ইউক্রেন যুদ্ধ থেকে নিজের অনুকূল শর্তে বেরিয়ে আসার পথ খুঁজছেন। অন্যদিকে শি জিনপিং বিশ্বশান্তি ও বাণিজ্যিক স্থিতিশীলতার বিষয়কে গুরুত্ব দিতে পারেন।

এ বৈঠক ঘিরে ইউক্রেন ও ইউরোপের দেশগুলোর উদ্বেগও রয়েছে। তাদের আশঙ্কা, ট্রাম্প ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে এমন কোনো সমঝোতার চেষ্টা করতে পারেন, যা কিয়েভের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হবে। তাইওয়ানও উদ্বিগ্ন, তিন নেতার আলোচনায় এমন কোনো সিদ্ধান্ত আসতে পারে, যা দ্বীপটির ওপর চীনের চাপ বাড়াতে উৎসাহ জোগাবে।

আয়োজকেরা বৈঠকের প্রতিটি পর্ব কঠোর নিরাপত্তা ও পরিকল্পনার মধ্যে পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের অনিশ্চিত ও অনেক সময় পূর্বনির্ধারিত পরিকল্পনার বাইরে চলে যাওয়ার প্রবণতা বৈঠক ঘিরে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!