টেলিভিশনের পর্দায় প্রথম দেখা। ধারাবাহিক ‘চাঁদ কে পার চলো’র শান্ত, সহজ-সরল মুখটি ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছিল দর্শকদের কাছে। সেই লাজুক মেয়েটিই একসময় বলিউডে নিজের অভিনয়দক্ষতা দিয়ে জায়গা করে নেবেন, তা হয়তো শুরুতে অনেকের কল্পনাতেও ছিল না। তিনি ইয়ামি গৌতম। টেলিভিশন থেকে বড় পর্দা, মঞ্চভীতি থেকে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী হয়ে ওঠা—তাঁর অভিনয়জীবনের পথচলায় রয়েছে সাফল্যের পাশাপাশি নানা দ্বিধা ও নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প।
২৮ নভেম্বর ইয়ামি গৌতমের জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তাঁর অভিনয়জীবনের নানা বাঁক, ব্যক্তিগত সংগ্রাম এবং বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার গল্প।
টেলিভিশন থেকে বড় পর্দায়
টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু হলেও ইয়ামির স্বপ্ন ছিল সিনেমায় কাজ করার। ধারাবাহিক ও বিজ্ঞাপনচিত্রে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায় পা রাখেন তিনি। তবে তাঁর প্রথম সিনেমাটি ছিল না হিন্দি ভাষার। কন্নড় ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। নতুন ভাষা ও সংস্কৃতির পরিবেশে কাজ করাটা সহজ ছিল না। কিন্তু সেই অভিজ্ঞতাই তাঁকে পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করে।
২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় ইয়ামির। আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। ছবিতে সাবলীল ও সংযত অভিনয়ের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন এই অভিনেত্রী। সিনেমাটি বাণিজ্যিক সাফল্য পাওয়ার পাশাপাশি তাঁকেও পরিচিতি এনে দেয়। তবে প্রথম ছবির সাফল্যই তাঁর পথচলাকে সহজ করে দেয়নি; বরং এরপর শুরু হয় নিজের অবস্থান তৈরি করার নতুন লড়াই।
সাফল্যের পরও নিজেকে হারিয়ে ফেলেছিলেন
প্রথম বড় সাফল্যের পর একসময় মানসিক দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলেন ইয়ামি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছিলেন, তখন তাঁর মনে হয়েছিল নিজেকে হারিয়ে ফেলেছেন। কোন পথে এগোবেন, কী ধরনের কাজ করবেন কিংবা অভিনয়জীবনকে কীভাবে সাজাবেন—এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না।
সাফল্যের পর কাজের চাপ, নতুন প্রত্যাশা এবং নানা ধরনের প্রস্তাবের মধ্যে নিজের জন্য সঠিক পথ বেছে নেওয়া সহজ ছিল না। অভিনয় চালিয়ে যাওয়া এবং নিজের স্বপ্নের জায়গাটিকে ধরে রাখার বিষয়টি নিয়ে ভাবতে হয়েছে তাঁকে। কেন নিজের শহর ছেড়ে মুম্বাই এসেছিলেন, অভিনয়ের প্রতি তাঁর আগ্রহের মূল জায়গাটি কোথায়—এসব প্রশ্নের উত্তরও খুঁজেছেন নিজের মধ্যে।
এই সময়টি ইয়ামির জন্য ছিল আত্মবিশ্লেষণের। কিছুটা সময় নিয়ে নিজের লক্ষ্য ও কাজের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে বেছে বেছে চরিত্রে অভিনয় এবং ভিন্ন ধরনের গল্পে যুক্ত হওয়ার মধ্য দিয়ে সেই উপলব্ধির প্রতিফলন দেখা যায়।
মঞ্চভীতি থেকে ক্যামেরার সামনে
হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম ইয়ামি গৌতমের। বেড়ে উঠেছেন চণ্ডীগড়ে, এক মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলায় বেশ লাজুক ছিলেন তিনি। স্কুলজীবনে মঞ্চে উঠতে ভয় পেতেন। অনেক মানুষের সামনে দাঁড়ানো কিংবা কবিতা আবৃত্তি করার মতো কাজেও আত্মবিশ্বাসের অভাব ছিল তাঁর। অথচ পড়াশোনায় ভালো ছিলেন ইয়ামি।
সময়ের সঙ্গে ধীরে ধীরে সেই জড়তা কাটিয়ে ওঠেন তিনি। সিনেমা দেখার পর পছন্দের দৃশ্যগুলো আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতেন। একান্তে নিজের মতো করে করা সেই অনুশীলন অভিনয়ের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। মঞ্চে উঠতে ভয় পাওয়া সেই মেয়েটিই একসময় ক্যামেরার সামনে স্বচ্ছন্দ হয়ে ওঠেন।
ভিন্ন চরিত্রে পরিণত অভিনয়
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘বালা’ ও ‘থার্সডে’র মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার ভিন্ন ভিন্ন দিক তুলে ধরেছেন ইয়ামি। দেশপ্রেম, সামাজিক বক্তব্য কিংবা মনস্তাত্ত্বিক উত্তেজনাপূর্ণ গল্প—বিভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখা গেছে। প্রচলিত নায়িকার চরিত্রের বাইরে গিয়ে অভিনয়ের সুযোগ রয়েছে, এমন গল্প বেছে নেওয়ার প্রবণতাও তাঁর ক্যারিয়ারে স্পষ্ট।
হিন্দি সিনেমার পাশাপাশি কন্নড়, তামিল, তেলেগু, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। প্রায় ২৭টি সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। প্রতিটি নতুন কাজের মাধ্যমে চরিত্রের ধরন অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।
প্রচারবিমুখ স্বভাবও ইয়ামির ব্যক্তিত্বের অন্যতম দিক। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার শিক্ষা তাঁকে বাস্তবতার সঙ্গে যুক্ত থাকতে শিখিয়েছে বলে মনে করেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেয়ে অভিনয়ের মাধ্যমেই নিজের পরিচয় তুলে ধরতে বেশি আগ্রহী এই অভিনেত্রী।
পরিচয় থেকে বিয়ে
ব্যক্তিজীবনেও নিজের পছন্দ ও সিদ্ধান্তকে গুরুত্ব দেন ইয়ামি। ২০২১ সালের জুনে হিমাচল প্রদেশে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন তিনি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার সেটে তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। ঘরোয়া আয়োজনে বিয়ে করলেও তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বেশ।
‘আর্টিকেল ৩৭০’ থেকে ‘হক’
‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় বন্দুক হাতে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দর্শককে চমকে দেন ইয়ামি। অ্যাকশনধর্মী চরিত্রে তাঁর উপস্থিতি ছিল আগের কাজগুলোর তুলনায় আলাদা। এরপর সুপর্ণ ভার্মার ‘হক’ সিনেমায় সাহো বানু বেগমের চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৮৫ সালের ঐতিহাসিক সাহো বানু বেগম মামলার প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমরান হাশমি। বাস্তব ইতিহাসের এক সাহসী নারীর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
টেলিভিশনের সেই লাজুক মুখ থেকে আজকের সাহসী ও পরিণত অভিনেত্রী হয়ে ওঠার পথটি সহজ ছিল না ইয়ামির। মঞ্চভীতি, আত্মবিশ্বাসের সংকট, সাফল্যের পর বিভ্রান্তি—সবকিছুর মধ্য দিয়ে নিজের পথ খুঁজে নিয়েছেন তিনি। এখন চরিত্র নির্বাচন ও অভিনয়ের বৈচিত্র্যের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ/টিসি














-20261126135523.jpg)





