দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোই একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে। কখনো থানায় হামলা ও অগ্নিসংযোগ, কখনো পুলিশের কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা এবং সড়ক ও নৌ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার আশঙ্কা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠেছে থানা ও পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে থানার আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাত পুলিশ সদস্য। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
- থানা ও গোয়েন্দা কার্যালয় লক্ষ্য করে বিস্ফোরণ-অগ্নিসংযোগ
- ১১ দিনে ১২৭ নাশকতার ঘটনায় উদ্বেগ, নিরাপত্তা জোরদার
- গানপাউডার উদ্ধার, অর্থায়ন ও সমন্বয়ের অভিযোগ তদন্ত
টুঙ্গিপাড়ার ঘটনার আগেই রাজধানীর পল্লবী থানা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থাৎ হামলার লক্ষ্যবস্তু হিসেবে শুধু যানবাহন নয়, সরাসরি পুলিশের প্রশাসনিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থাপনাও সামনে আসছে।
প্রশ্ন উঠেছে, কেন বারবার পুলিশের স্থাপনাগুলো আক্রান্ত হচ্ছে? এসব হামলার পেছনে কি একই ধরনের পরিকল্পনা কাজ করছে, নাকি বিভিন্ন এলাকায় আলাদা আলাদা গোষ্ঠী একই ধরনের নাশকতায় জড়াচ্ছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এসব ঘটনার পাশাপাশি সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তৎপর।
থানা আক্রান্ত হলে চাপে পড়ে স্থানীয় নিরাপত্তাব্যবস্থা
একটি থানা শুধু পুলিশের কার্যালয় নয়; এটি একটি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম কেন্দ্র। ফলে থানায় হামলা হলে ক্ষতি শুধু স্থাপনা বা যানবাহনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, স্থানীয় নিরাপত্তাব্যবস্থার কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনাটি এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সেখানে দুই হাজার পুলিশ সদস্য, ১০ প্লাটুন বিজিবি ও এসআরবি মোতায়েন থাকার পরও থানায় হামলার ঘটনা ঘটেছে।
এত নিরাপত্তা উপস্থিতির মধ্যেও কীভাবে হামলা হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই কর্মকর্তার মতে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়িয়ে এ ধরনের নাশকতা ঠেকানো সম্ভব নয়। প্রয়োজন আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, কার্যকর নজরদারি এবং তল্লাশিচৌকি বৃদ্ধি।
১১ দিনে ১২৭ নাশকতার ঘটনা, আক্রান্ত পুলিশের স্থাপনাও
পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের দুটি স্থাপনাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির এক খুদে বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই পরিসংখ্যানের মধ্যে পুলিশের স্থাপনাগুলোতে হামলার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, যেসব প্রতিষ্ঠান নাশকতা প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে, সেগুলোই যদি হামলার মুখে পড়ে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রমের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
সামনে আরও হামলার আশঙ্কা, নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নাশকতাকারীরা সামনের দিনগুলোতে থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। শুধু পুলিশের স্থাপনা নয়, সড়ক ও নৌ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্যও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এমন আশঙ্কার পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গানপাউডারসহ তিনজন গ্রেপ্তার, তদন্তে সমন্বয়ের অভিযোগ
পুলিশের স্থাপনাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে তদন্তে নতুন সূত্র পেয়েছে ডিবি। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় নাশকতার উদ্দেশ্যে মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় গানপাউডার আনা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)। গত বুধবার বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
তাঁর ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করা হয়েছিল। পরে তা ঢাকায় এনে অন্যদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। এ কাজে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন বলেও অভিযোগ করেছে ডিবি। এই ঘটনায় তদন্তের গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে গানপাউডারের উৎস, অর্থের জোগান এবং কথিত সমন্বয়কারীদের ভূমিকা।
নাশকতার অর্থের জোগান কোথা থেকে?
পুলিশের একটি সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী নাশকতায় অর্থের জোগান দিচ্ছেন। এই অর্থের উৎস ও সরবরাহব্যবস্থা বন্ধ করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অর্থায়নের অভিযোগের সত্যতা যাচাইয়ে অর্থের উৎস, লেনদেনের ধরন এবং মাঠপর্যায়ে অর্থ ব্যবহারের তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারা অর্থ দিচ্ছেন, কার মাধ্যমে তা পৌঁছাচ্ছে এবং হামলার পরিকল্পনার সঙ্গে অর্থের কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
পুলিশের তথ্য সংগ্রহব্যবস্থা নিয়েও প্রশ্ন
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি জেলায় মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সেখানে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
বিএনপির নেতা-কর্মীদের বক্তব্য, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা কোথাও জড়ো হলে পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যেত। এখন কেন একইভাবে দ্রুত তথ্য পাচ্ছে না পুলিশ?
জবাবে জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মাঠপর্যায়ে থেকে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এখন বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে পুলিশ তেমন তথ্য পাচ্ছে না।
এই বক্তব্য পুলিশের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহব্যবস্থা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক যোগাযোগের ওপর নির্ভরতা কতটা কার্যকর এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক কতটা শক্তিশালী, তা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
হামলা প্রতিরোধে পুলিশের সামনে কঠিন চ্যালেঞ্জ
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নাশকতাকারীরা পুলিশের স্থাপনা ও সদস্যদের ওপর হামলা করে তাঁদের গুলি চালানোর পরিস্থিতিতে ফেলতে চাইছে। তবে সরকার গুলি চালানোর পরিবর্তে বিকল্প কৌশলে পরিস্থিতি মোকাবিলার কথা ভাবছে।
পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা এবং নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নামে কেউ সহিংসতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে। জনগণের জানমাল রক্ষার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সচেতন থাকবে।
নজর এখন থানার নিরাপত্তা ও হামলার নেপথ্যে
টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ, পল্লবী থানা ও সিআইডি কার্যালয়ে বিস্ফোরণ এবং বিভিন্ন স্থাপনায় নাশকতার পরিকল্পনার তথ্য—সব মিলিয়ে পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। শুধু হামলার পর মামলা ও গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকলে নাশকতার প্রকৃত চিত্র জানা কঠিন। প্রয়োজন হামলার পরিকল্পনা আগে থেকে শনাক্ত করা, অর্থের উৎস খুঁজে বের করা এবং বিভিন্ন ঘটনার মধ্যে কোনো সংগঠিত যোগাযোগ রয়েছে কি না, তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা।
একই সঙ্গে পুলিশের নিজস্ব গোয়েন্দা সক্ষমতা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। কারণ, থানায় হামলা মানে শুধু পুলিশের একটি ভবন আক্রান্ত হওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি এলাকার নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন—একটির পর একটি হামলার পর পুলিশ নিরাপত্তা বাড়াচ্ছে, কিন্তু সম্ভাব্য হামলার পরিকল্পনা আগেই শনাক্ত করার সক্ষমতা কতটা বাড়ছে?
কালের আলো/আরআই/এমএসআইপি




-20261119145050.jpg)















