Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:৫৬ পিএম

রূপপুরের বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে, গ্রীষ্মের আগেই বড় সরবরাহের আশা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:৫৬ পিএম

রূপপুরের বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে, গ্রীষ্মের আগেই বড় সরবরাহের আশা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ সরবরাহ শুরু হয়। দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দেওয়া হবে। এ সময় বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা, টারবাইন-জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষায় পাওয়া ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর আবারও গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ ও পরীক্ষার ফল বিবেচনা করে পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্বিতীয় দফায় ৩৫০ মেগাওয়াট পর্যন্ত সরবরাহ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, সোমবার  (২৩ নভেম্বর) সকাল থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে।

তিনি বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক যাচাই করা হবে। নির্ধারিত সময় ধরে বিদ্যুৎ সরবরাহের পর পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হবে।

প্রথম দফায় সরবরাহ হয়েছিল ৩৭৫ মেগাওয়াট
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল।

ওই সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটে জাতীয় গ্রিড থেকে কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম দফার গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় সংযোগ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণ সক্ষমতায় উৎপাদনের লক্ষ্য
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা বাড়িয়ে জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

এ লক্ষ্য অর্জিত হলে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং সম্ভাব্য ঘাটতি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

পরীক্ষামূলক সরবরাহ মানেই বাণিজ্যিক উৎপাদন নয়
প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও একে পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে কেন্দ্রটির বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে হবে।

এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ধাপে ধাপে উৎপাদনক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করা হবে। প্রতিটি পর্যায়ে যন্ত্রপাতির কার্যকারিতা, নিরাপত্তা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে।

দুই ইউনিটে উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার ক্ষেত্রে রূপপুর প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম ইউনিটের পরীক্ষামূলক গ্রিড সংযোগের ধারাবাহিকতায় দ্বিতীয় দফার এই সরবরাহ কেন্দ্রটির পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!