Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

যাত্রী বাড়ে, বিমানবন্দর বাড়ে না

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

যাত্রী বাড়ে, বিমানবন্দর বাড়ে না

বিমানবন্দরে নামার পর যাত্রীর ভোগান্তি শেষ হওয়ার কথা। কিন্তু দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালালে অনেকের জন্য ভোগান্তির শুরু সেখান থেকেই। ইমিগ্রেশনে দীর্ঘ সারি, লাগেজের অপেক্ষা, ট্রলির সংকট, চেক-ইন ও নিরাপত্তা তল্লাশিতে বাড়তি সময়—সব মিলিয়ে যাত্রীসেবার স্বাভাবিক ছন্দ ক্রমেই হারাচ্ছে বিমানবন্দরটি। কারণ যাত্রী বাড়ছে দ্রুত, অথচ সেই তুলনায় বাড়ছে না অবকাঠামো ও পরিচালন সক্ষমতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ৮০ লাখ যাত্রীর বার্ষিক সক্ষমতার বিমানবন্দর দিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেই যাতায়াত করেছেন ৮৫ লাখ ২০ হাজার মানুষ।

  • ইমিগ্রেশন থেকে লাগেজ বেল্ট—সবখানে বাড়ছে চাপ
  • তৃতীয় টার্মিনালেও কাটবে না ভবিষ্যতের সংকট 
  • এখনই বিকল্প বিমানবন্দরের পরিকল্পনা জরুরি

শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য বিমানবন্দরেও বাড়ছে যাত্রীর চাপ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) হিসাবে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের আটটি বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন এক কোটি তিন লাখ ১০ হাজারের বেশি যাত্রী। তাঁদের মধ্যে আন্তর্জাতিক যাত্রী প্রায় ৭৯ লাখ ৪০ হাজার। মোট যাত্রীর ৮২.৭ শতাংশই ব্যবহার করেছেন শাহজালাল বিমানবন্দর। অর্থাৎ দেশের আকাশপথের সিংহভাগ চাপ বহন করতে হচ্ছে একটি বিমানবন্দরকে।

এই বাস্তবতায় তৃতীয় টার্মিনাল চালুর অপেক্ষায় থাকলেও স্বস্তির নিশ্চয়তা পাচ্ছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ নতুন টার্মিনাল নির্মাণ হলেই বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা বাড়ে না। রানওয়ে, উড়োজাহাজ পার্কিং, গ্রাউন্ড হ্যান্ডলিং, ইমিগ্রেশন, নিরাপত্তা ও লাগেজ ব্যবস্থাপনার সক্ষমতা সমানতালে না বাড়লে সংকট থেকেই যাবে। বেবিচকের পূর্বাভাস অনুযায়ী, ২০৪৫ সালে শাহজালালে বছরে যাত্রী চলাচল দাঁড়াতে পারে তিন কোটি ৩০ লাখে। অথচ তৃতীয় টার্মিনালসহ বিমানবন্দরটির সক্ষমতা হবে প্রায় দুই কোটি ৪০ লাখ। অর্থাৎ তখনও বছরে প্রায় ৯০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা ঘাটতি থাকবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই বিকল্প আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন রানওয়ে নির্মাণের পরিকল্পনা না নিলে তৃতীয় টার্মিনাল চালুর কয়েক বছর পরই আবারও একই সংকটে পড়বে দেশের আকাশপথের প্রধান প্রবেশদ্বার।

সক্ষমতার সীমা ছাড়িয়ে প্রতিদিনের ভোগান্তি
বেবিচকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের আটটি বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন এক কোটি ৬৬ লাখ ৭০ হাজার যাত্রী। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় এক কোটি ৭৫ লাখ ৭০ হাজারে। এক বছরে যাত্রী বেড়েছে প্রায় ৯ লাখ, প্রবৃদ্ধি ৫.৪১ শতাংশ। বিদেশে কর্মসংস্থান, পর্যটন, ধর্মীয় ভ্রমণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির কারণে এই প্রবণতা অব্যাহত রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, যাত্রী চলাচল দ্রুত বাড়ায় বিমান সংস্থাগুলো নতুন রুট চালু করছে এবং ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশে কর্মসংস্থান, ধর্মীয় ভ্রমণ ও পর্যটনসহ বিভিন্ন কারণে মানুষের বিদেশযাত্রা বাড়ছে।

কিন্তু যাত্রী বাড়লেও সেই অনুপাতে বাড়েনি বিমানবন্দরের সেবা সক্ষমতা। বিশেষ করে ব্যস্ত সময়ে একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করলে যাত্রী ও লাগেজ ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে। ট্রলি পেতে অপেক্ষা, লাগেজ পেতে বিলম্ব এবং ইমিগ্রেশনে দীর্ঘ সারি এখন বড় সমস্যা হয়ে উঠেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ব্যস্ত সময়ে কাছাকাছি একাধিক ফ্লাইট অবতরণ করলে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়। অতিরিক্ত ট্রলি সংযুক্ত করা, রক্ষণাবেক্ষণে থাকা ট্রলি সচল করা এবং ফ্লাইটের সময়সূচি সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

বেবিচকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ব্যস্ত সময়ে ১৩ থেকে ১৫টি ফ্লাইট কাছাকাছি সময়ে অবতরণ করলে যাত্রী ও লাগেজ ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে অতিরিক্ত ১০০টি ট্রলি এনে ব্যবহার করতে হয়েছিল।

কামরুল ইসলাম বলেন, অতিরিক্ত যাত্রীচাপের কারণে ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। ট্রলির ঘাটতি ও লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষার অভিযোগ রয়েছে। সামগ্রিক অবকাঠামো ও সেবার উন্নয়ন ছাড়া যাত্রীদের উন্নত অভিজ্ঞতা দেওয়া কঠিন।

তৃতীয় টার্মিনালেও ৯০ লাখ যাত্রীর ঘাটতি
শাহজালালের সক্ষমতা বাড়াতে সবচেয়ে বড় প্রকল্প তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর এটি আংশিকভাবে চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট, স্ক্যানার স্থাপন ও পরীক্ষামূলক পরিচালনার কাজ চলছে।

তবে টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। ফলে অবকাঠামো প্রস্তুতির পাশাপাশি পূর্ণাঙ্গ পরিচালনা কাঠামো নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালুর পর আগামী এক দশকে ঢাকায় বার্ষিক যাত্রী চলাচল প্রায় দুই কোটি ৫০ লাখে পৌঁছাতে পারে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার হিসাবে, ২০৩০ সালে ঢাকার আন্তর্জাতিক যাত্রীসংখ্যা হবে এক কোটি ৫৫ লাখ এবং ২০৩৫ সালে তা দুই কোটি ছাড়াতে পারে।

অন্যদিকে বেবিচকের নথি অনুযায়ী, ২০৪৫ সালে শাহজালালে বার্ষিক যাত্রী চলাচল প্রায় তিন কোটি ৩০ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। নতুন টার্মিনাল চালুর পরও বিমানবন্দরটির সক্ষমতা থাকবে প্রায় দুই কোটি ৪০ লাখ। ফলে ভবিষ্যতে যাত্রী চাহিদা ও অবকাঠামোগত সক্ষমতার মধ্যে বড় ব্যবধান থেকেই যাবে।

বিকল্প বিমানবন্দর নিয়ে নতুন জটিলতা
শাহজালালের ওপর চাপ কমাতে ঢাকার বাইরে আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বেবিচক। চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দর ব্যবহারে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে উৎসাহিত করা হচ্ছে। বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক মুহাম্মদ কাওসার মাহমুদ বলেন, এসব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় সুবিধা রয়েছে।

আঞ্চলিক বিমানবন্দরগুলোতেও যাত্রী বাড়ছে দ্রুত। ওসমানী বিমানবন্দরে ২০২৪ সালে যাত্রী ছিলেন সাত লাখ ৪৮ হাজার ৩৯ জন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় আট লাখ ৮৭ হাজার ৩৮৫ জনে। প্রবৃদ্ধি ১৮.৬৩ শতাংশ। একই সময়ে কক্সবাজার বিমানবন্দরে যাত্রী বেড়েছে ১৮.৩৬ শতাংশ। ২০২৫ সালে এই বিমানবন্দর ব্যবহার করেছেন ছয় লাখ ৬১ হাজার ২৮৩ জন।

ঢাকার ওপর নির্ভরতা কমাতে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি ইমিগ্রেশন ও কাস্টমসের ব্যবস্থাও করা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক বিমানবন্দরটির উদ্বোধনের লক্ষ্য থাকলেও মাসের মাঝামাঝি পর্যন্ত নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়নি। ফলে বিকল্প কেন্দ্র হিসেবে কক্সবাজারকে কাজে লাগানোর পরিকল্পনা এখনো কার্যকর হয়নি।

অন্যদিকে, বেবিচকের নথিতে ঢাকার কাছে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। কিন্তু তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করতে পারবে না সরকার। ফলে ভবিষ্যতের চাহিদা মেটাতে বিকল্প বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নেও জটিলতা তৈরি হয়েছে।

নতুন রানওয়ে ও বিমানবন্দর নির্মাণের তাগিদ
এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, ঢাকা বিমানবন্দর অনেক আগেই সক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে। কিন্তু সেই অনুযায়ী আগাম পরিকল্পনা ও অবকাঠামো তৈরি না করায় এখন যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

তাঁর মতে, বিমানবন্দর মানে শুধু টার্মিনাল ভবন নয়। রানওয়ে, উড়োজাহাজ পার্কিং, গ্রাউন্ড হ্যান্ডলিং, ইমিগ্রেশন, নিরাপত্তা ও সড়ক যোগাযোগসহ সবকিছুর সমন্বিত সক্ষমতা থাকতে হয়। তৃতীয় টার্মিনালের পরিধি বাড়লেও মূল রানওয়ে একটিই। ফলে উড়োজাহাজের অপেক্ষার সময় বাড়ছে, অতিরিক্ত জ্বালানি পুড়ছে এবং পরিচালন ব্যয় বাড়ছে। আগামী দশকে যাত্রীসংখ্যা আরো দ্রুত বাড়বে। তাই বিকল্প আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন রানওয়ে এবং আঞ্চলিক বিমানবন্দরগুলোর সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এখনই নিতে হবে। অন্যথায় তৃতীয় টার্মিনাল চালুর কয়েক বছর পর আবারও একই সংকট দেখা দেবে।

বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে ২০৩৫ সাল পর্যন্ত যাত্রী চাহিদা সামাল দেওয়া সম্ভব হবে। এরপর এর সক্ষমতাও পর্যাপ্ত থাকবে না। ভবিষ্যতে একই সংকট এড়াতে এখন থেকেই নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।

যাত্রী বৃদ্ধির এই ধারাকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি। তা না হলে আকাশপথে যাত্রী বাড়লেও বিমানবন্দরে বাড়বে অপেক্ষা, ভোগান্তি ও পরিচালন ব্যয়। তৃতীয় টার্মিনাল হয়তো সাময়িক স্বস্তি দেবে, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত জাতীয় বিমানবন্দর পরিকল্পনা।

কালের আলো/এসবি/এমকে

Link copied!