ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে ভয়েস সুবিধা যুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন এ সুবিধার ফলে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়-ব্যয়, লেনদেন ও সঞ্চয়ের হিসাব জানতে পারবেন। এমনকি চ্যাটবটের উত্তর শোনার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০ জানিয়েছে, নতুন এ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন আরও স্বাভাবিক ও সাবলীল হবে। ফলে লিখিত নির্দেশনা দেওয়ার পরিবর্তে সরাসরি কথা বলেই নিজের আর্থিক অবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
কথা বলেই জানা যাবে আয়-ব্যয়ের হিসাব
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সে যুক্ত হওয়া ভয়েস সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে কথা বলার মতো করেই নিজেদের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমানে আর্থিক অবস্থা কেমন, কোথায় কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কতটুকু—এসব প্রশ্নের উত্তর জানতে আর লিখে নির্দেশনা দিতে হবে না।
ব্যবহারকারীরা কণ্ঠের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন এবং চ্যাটজিপিটির কাছ থেকে পাওয়া উত্তরও শুনতে পারবেন। উত্তর দেওয়ার মাঝখানে নতুন প্রশ্ন করার সুযোগ থাকায় কথোপকথনের ধারাবাহিকতা বজায় থাকবে। এতে প্রয়োজন অনুযায়ী আর্থিক তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানার সুযোগ তৈরি হবে।
তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। নতুন ভয়েস সুবিধাটি প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য চালু করা হয়েছে।
ফিন্যান্স টুলে যুক্ত হচ্ছে নতুন সুবিধা
গত ১৫ মে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে চ্যাটজিপিটি ফিন্যান্সে বেশ কয়েকটি নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর মধ্যে রয়েছে ‘উইকলি আপডেটস’ নামের একটি সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে নিজেদের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ পেতে পারেন।
এ ছাড়া শেয়ারবাজারে পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ তথ্য জানার সুযোগও রয়েছে টুলটিতে। ফলে ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাব রাখার পাশাপাশি বিনিয়োগ ও শেয়ারবাজারসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণেও এটি ব্যবহার করা যায়।
ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত
চ্যাটজিপিটি ফিন্যান্স চালুর সময় শুধু চ্যাটজিপিটির প্রো সংস্করণের গ্রাহকদের জন্য সুবিধাটি উন্মুক্ত ছিল। পরে নির্বাচিত কয়েকটি দেশের ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও টুলটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
নতুন ভয়েস সুবিধা যুক্ত হওয়ার ফলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় চ্যাটজিপিটির ব্যবহার আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা নিয়মিত আয়-ব্যয় ও সঞ্চয়ের হিসাব পর্যবেক্ষণ করেন, তাঁদের জন্য কথোপকথনের মাধ্যমে তথ্য জানার এ পদ্ধতি বাড়তি সুবিধা দিতে পারে। সূত্র: গ্যাজেটস ৩৬০
কালের আলো/এসএ/জেএন
