বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪০ মিনিটেই শেষ ফাইনাল, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা
গত ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা। নয় দিনব্যাপী এ আয়োজনে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল অংশ নেয়।
ফাইনালে জয়-পরাজয় নির্ধারণ না করে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের মতে, টাইব্রেকারসহ প্রচলিত পদ্ধতি অনুসরণ করে ফাইনালের ফল নির্ধারণ করা যেত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, ‘ফাইনাল খেলা ৮০ মিনিট হওয়ার কথা। সেখানে ৪০ মিনিটে খেলা শেষ করা হয়েছে। আবার যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এমন নিয়মে প্রতিযোগিতা আয়োজনের কোনো অর্থ হয় না। ফাইনালে টাইব্রেকার অথবা জয়-পরাজয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়া উচিত ছিল।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, ‘খেলার নিয়মে ছিল ফাইনালে সমতা থাকলে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।’
খেলাধুলায় সৌহার্দ্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার মূল চেতনা হলো সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় অংশ নেন। সেখান থেকে বাছাই করা ৩০৬ জনকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যন্ত শিক্ষার সুযোগ পাবেন তাঁরা।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি




















