Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৪৬ পিএম

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান পেল ২৮ কোটি টাকার কাজ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৪৬ পিএম

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান পেল ২৮ কোটি টাকার কাজ

সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ১৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এইচটিএমএস লিমিটেড পেয়েছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ২৮ কোটি টাকার সরঞ্জাম সরবরাহের কাজ। আওয়ামী লীগ সরকারের আমলে কালো তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠানটি বর্তমান সরকারের আমলে কীভাবে সরকারি কার্যাদেশ পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া দরপত্রে অনিয়ম, কমিশন বাণিজ্য এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও সামনে এসেছে।

অনুসন্ধান ও দরপত্র-সংক্রান্ত নথি বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগের নেপথ্যে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলামের নাম উঠে এলেও তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক কমিশন চুক্তি ও চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন।

১৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত ছিল এইচটিএমএস
সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর এইচটিএমএস লিমিটেডকে ১৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুপারিশে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার মো. আফতাব আহমেদের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান এএসএলের বিরুদ্ধেও স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে। কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সুপারিশে এএসএলকেও কালো তালিকাভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর।

৪১ কোটি টাকার কেনাকাটায় এইচটিএমএস পেল ২৮ কোটি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত ২৭ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রথম সংশোধিত পরিকল্পনার আওতায় ২০২৫-২৬ অর্থবছরে চিকিৎসা সরঞ্জাম কেনার তিনটি লটের কাজ দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথম লটে সিটি স্ক্যান মেশিন কেনার জন্য বরাদ্দ ১০ কোটি ৫০ লাখ ৪৮ হাজার ৯৪৯ টাকা। দ্বিতীয় লটে এমআরআই মেশিন কেনার জন্য বরাদ্দ ১৭ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা। তৃতীয় লটে এক্স-রে, আলট্রাসনোগ্রাম, মেমোগ্রাফিসহ আরও দুটি ধরনের যন্ত্র কেনার জন্য বরাদ্দ ১৩ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৬৫১ টাকা।

তিন লটে মোট বরাদ্দ ৪১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার ৬৫৫ টাকা। এর মধ্যে এইচটিএমএস লিমিটেড পেয়েছে প্রায় ২৮ কোটি টাকার কাজ। বাকি প্রায় ১৩ কোটি ৪৯ লাখ টাকার কাজ পেয়েছে অ্যাডভান্স বায়োমেডিক লিমিটেড। অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠানটিও একই ঠিকাদারি চক্রের ঘনিষ্ঠ।

এমপির বিরুদ্ধে কমিশন ও প্রভাব খাটানোর অভিযোগ
সংশ্লিষ্টদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরেই এসব সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন প্রকল্প পরিচালক দরপত্র আহ্বানও করেছিলেন। পরে রহস্যজনক কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম প্রকল্প পরিচালক পদে ডা. মো. কামরুজ্জামানকে নিয়োগ দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন।

গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর ডা. কামরুজ্জামান আগের দরপত্র বাতিল না করে কাজ এগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশ এবং ই-জিপি প্রক্রিয়ায় কারসাজির অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ১০ শতাংশ হারে ৪ কোটি টাকার বেশি কমিশন দেওয়ার মৌখিক চুক্তি হয়েছিল।

তবে প্রকল্প পরিচালক ডা. মো. কামরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রকল্প পরিচালকের একার সিদ্ধান্তে কোনো কাজ হয় না। দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচটিএমএসের কাছ থেকে ১০ শতাংশ কমিশন নেওয়ার চুক্তির অভিযোগও সঠিক নয় বলে জানান তিনি।

২৫০ শয্যা হাসপাতালের কেনাকাটাতেও নজর
অনুসন্ধানে আরও জানা গেছে, সুনামগঞ্জ মেডিকেল কলেজের পাশাপাশি সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেনাকাটার কাজও পেতে তৎপরতা চালাচ্ছে একই ঠিকাদারি চক্র। অভিযোগ রয়েছে, হাসপাতালটির সাবেক তত্ত্বাবধায়ক ডা. আহমদ হোসেনকে দরপত্র আহ্বানের বিষয়ে চাপ দিয়েছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম। তাঁর নির্দেশ না মানায় যোগদানের দুই মাসের মধ্যে গত ১০ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে ডা. মোহাম্মদ আলী আশরাফ সোহাগকে হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে নিয়োগ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর গত ২৯ অক্টোবর তিনি চার কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান করেন। অভিযোগ রয়েছে, এ কাজও পেতে আফতাবের প্রতিষ্ঠানগুলো তৎপরতা চালাচ্ছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যকে ২০ শতাংশ কমিশন দেওয়ার চুক্তির অভিযোগও উঠেছে।

আফতাবের বিরুদ্ধে দুদকের দুটি মামলা
দুদকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আহমেদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনার হিসাব দেখানো হয়েছিল। এর মধ্যে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা বাজারমূল্যের একটি এমআরআই যন্ত্র কিনতে ব্যয় দেখানো হয় ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। চারটি কালার ডপলারের বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা হলেও ব্যয় দেখানো হয় ২ কোটি ৬০ লাখ টাকা। আটটি পেশেন্ট মনিটরের বাজারমূল্য ২৫ লাখ ৫৮ হাজার ৭২০ টাকা হলেও দাম দেখানো হয় ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।

এ ছাড়া ২০২০ সালের ১৯ মার্চ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহে দুর্নীতির অভিযোগে আফতাব আহমেদ ও হাসপাতালটির পরিচালকের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। মামলায় ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কেনাকাটায় প্রায় ১৩ কোটি ১৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। সাজানো দরপত্রের মাধ্যমে ৩১টি ভারী যন্ত্রপাতি কেনায় প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগ অস্বীকার ঠিকাদারের, বক্তব্য দেননি এমপি
প্রকল্প পরিচালক ডা. মো. কামরুজ্জামান বলেন, আগের প্রকল্প পরিচালক দরপত্র আহ্বান করেছিলেন। তাঁকে বদলি করার পর দরপত্র বাতিল করে নতুন করে আহ্বানের বিষয়ে অস্পষ্টতা ছিল। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কমিটির সঙ্গে যোগাযোগ করে দরপত্র বাতিল না করেই স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন।

তাঁকে প্রকল্প পরিচালক পদে নিয়োগ দিতে সংসদ সদস্যের ডিও লেটার পাঠানোর বিষয়টি স্বীকার করে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য ডিও লেটার দিতেই পারেন। এর বিনিময়ে তিনি কোনো সুবিধা নিচ্ছেন না।

অন্যদিকে, সংসদ সদস্য নুরুল ইসলামের বক্তব্য জানতে গত ৫ নভেম্বর তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

ঠিকাদার আফতাব আহমেদের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। পরে তাঁর ধানমন্ডির কার্যালয়েও যান প্রতিবেদক। তবে তাঁকে পাওয়া যায়নি। পরে খুদে বার্তায় তিনি বলেন, ‘আপনার কোনোটাই সঠিক না।’

কালের আলো/এসএ/টিসি


 

Link copied!