কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে। তিনটি ইউনিটেই কমানো হয়েছে জিপিএর শর্ত। পাশাপাশি গত শিক্ষাবর্ষের তুলনায় এবার আসনসংখ্যা বেড়েছে ১৮০টি। ফলে বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০টিতে।
গত বুধবার (১১ নভেম্বর) উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মোট আসন ১ হাজার ৭০টি
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট আসন ছিল ৮৯০টি। চলতি শিক্ষাবর্ষে তা বাড়িয়ে ১ হাজার ৭০টি করা হয়েছে। নতুন আসন বিন্যাস অনুযায়ী, ‘এ’ ইউনিটে ৩৬০টি, ‘বি’ ইউনিটে ৪৭০টি এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে।
বিভাগভিত্তিক আসন বৃদ্ধির মধ্যে ‘এ’ ইউনিটের বিজ্ঞান অনুষদের গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগে ১০টি করে মোট ৪০টি আসন বাড়ানো হয়েছে। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে ১০টি করে আরও ২০টি আসন যুক্ত হয়েছে। এ ইউনিটে মোট আসন বেড়েছে ৬০টি।
‘বি’ ইউনিটের কলা ও মানবিক অনুষদের ইংরেজি ও বাংলা বিভাগে ১০টি করে ২০টি আসন বাড়ানো হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১০টি করে মোট ৫০টি আসন যুক্ত হয়েছে। এ ছাড়া আইন অনুষদের আইন বিভাগে বাড়ানো হয়েছে ১০টি আসন। এ ইউনিটে মোট আসন বেড়েছে ৮০টি।
অন্যদিকে, ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে ১০টি করে মোট ৪০টি আসন বাড়ানো হয়েছে।
কোন ইউনিটে আবেদনের যোগ্যতা কত
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পৃথকভাবে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬ দশমিক ৫০।
‘বি’ ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৭৫ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৫ দশমিক ৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে।
‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের দুই পরীক্ষায় মোট জিপিএ ৫ দশমিক ৫০ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ৬ থাকতে হবে। এ ইউনিটেও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২ দশমিক ৭৫ নির্ধারণ করা হয়েছে।
ইংরেজি ও আইন বিভাগে বিশেষ শর্ত
‘বি’ ইউনিটের ইংরেজি বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ও আইন বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। প্রতিটি বিভাগে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন শুরু ১০ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। দিন-রাতের যেকোনো সময়, এমনকি সরকারি ছুটির দিনেও আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ভর্তি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
যেসব কেন্দ্রে হবে ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেও পরীক্ষার কেন্দ্র হিসেবে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী ২৫ নভেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল করিম চৌধুরী বলেন, উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভা হয়েছে। এর আলোকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রেখে অনুষদভিত্তিক আবেদনের জিপিএর শর্ত কমানো হয়েছে।
কালের আলো/এসএ/এএইচ




-20261123114953.jpg)







-20261121140412.jpg)






