কৃষিভিত্তিক জনপদ হিসেবে পরিচিত পাবনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় এবার ভালো ফলনের আশা করছেন কৃষকরা। তবে মাঠে সোনালি ধানের শিষ দুললেও উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের অসামঞ্জস্য নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। কৃষকদের প্রত্যাশা, উৎপাদিত ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৫ হাজার ৮৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন আবাদ হয়েছে। এর বড় অংশজুড়ে রয়েছে হাইব্রিড জাতের ধান।
জেলার মধ্যে পাবনা সদরে ১৮ হাজার ১৫৬ হেক্টর, আটঘরিয়ায় ৮ হাজার ১৪০, ঈশ্বরদীতে ৩ হাজার ৬৩০, চাটমোহরে ৭ হাজার ৭৭৫, ভাঙ্গুড়ায় ৯৭৭, ফরিদপুরে ৬১৫, বেড়ায় ৫১৭, সাঁথিয়ায় ১০ হাজার ৫০০ এবং সুজানগরে ৫ হাজার ৫৮৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।
মাঠজুড়ে সোনালি ধান, কাটার প্রস্তুতি
সুজানগরের আহম্মদপুর ও দুলাই ইউনিয়নের গাজনার বিল, চাটমোহরের চলনবিলসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে পাকা ও আধাপাকা ধানের শিষ দুলছে। আগাম আবাদ করা কিছু জমিতে ইতোমধ্যে ধান কাটাও শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা ও মাড়াই শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বিঘায় ১৩ থেকে ১৫ হাজার টাকা খরচ করে এবার ২২ মণ পর্যন্ত ফলনের আশা করছেন তাঁরা। চাটমোহর ও সুজানগরের যেসব জমিতে আগাম ধান কাটা হয়েছে, সেখানে বিঘাপ্রতি ১৭ থেকে ২২ মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে।
তবে ঈশ্বরদীতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে কিছু জমির ধান হেলে পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন কয়েকজন কৃষক। মুলাডুলি ইউনিয়নের পতিরাজ গ্রামের কৃষক মুরাদ বলেন, ২০ বিঘা জমিতে ধান আবাদ করেছেন তিনি। বিঘাপ্রতি ২০ থেকে ২২ মণ ফলনের আশা থাকলেও ঝড়-বৃষ্টিতে ১৫ বিঘা জমির ধান হেলে পড়েছে। আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, ঝড়ে কিছু জমির ধান পড়ে গেলেও পাকা ধান কৃষকরা ঘরে তুলতে পেরেছেন। যেসব ধান এখনো কাটার উপযোগী হয়নি, সেগুলোর ক্ষয়ক্ষতি কমাতে কয়েক গোছা ধান একসঙ্গে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ধানগাছ দাঁড়িয়ে থাকবে এবং ফলন বিপর্যয়ের আশঙ্কা কমবে। উপজেলায় গড়ে বিঘাপ্রতি ২০ থেকে ২৪ মণ ফলন পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
ভালো ফলনেও দুশ্চিন্তা বাজারদর নিয়ে
নবান্নকে সামনে রেখে জেলার গ্রামগুলোতে চলছে ধান কাটার প্রস্তুতি। কেউ কাস্তে ধার দিচ্ছেন, কেউ মাথাল তৈরি করছেন, আবার কেউ ধান রাখার গোলা সংস্কার করছেন। ভালো ফলনের সম্ভাবনায় কৃষকদের মধ্যে স্বস্তি থাকলেও বাজারে ধানের কম দাম তাঁদের সেই স্বস্তিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে।
সুজানগরের আহম্মদপুরের কৃষক মো. হাসান বলেন, এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। এ দামে উৎপাদন খরচ তুলে লাভ করা কঠিন। অন্তত প্রতি মণ ধানের দাম দেড় হাজার টাকা হলে কৃষকরা কিছুটা লাভবান হতে পারবেন।
সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলায় ইতোমধ্যে ৫ থেকে ৬ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি জমির ধান কাটা শুরু হবে। উপজেলায় বিঘাপ্রতি গড় ফলন ১৭ থেকে ২২ মণ হচ্ছে। কৃষকরা ভালো দাম পেলে অবশ্যই লাভবান হবেন।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, চলতি মৌসুমে বিঘাপ্রতি গড়ে ১৭ থেকে ১৮ মণ ফলন ধরে মোট ২ লাখ ৩৭৩ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
বাজারদর নিয়ে কৃষকদের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, সরকার প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান সংগ্রহ করবে। কৃষকরা যাতে খোলা বাজারেও কাছাকাছি বা ন্যায্য দাম পান, সে বিষয়ে কৃষি বিভাগ তদারকি করবে। ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিত হলে আমন চাষিরা লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কালের আলো/এসকে/এমএসআইপি






-20261123142953.jpg)





-20261121140412.jpg)







