নেদারল্যান্ডসে প্রতিষ্ঠিত জীবন, স্বচ্ছলতা, সম্মান—সবই আছে রাজিব উদ্দিনের (৪৯)। সমাজকর্মী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। জীবনযাপনেও কোনো অভাব নেই। তবু মনের ভেতর একটি শূন্যতা তাঁকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আয়নার সামনে দাঁড়ালেই মনে জাগে এক অদম্য প্রশ্ন—তাঁর চেহারার সঙ্গে মিল রয়েছে কার? জন্মদাতা বাবার, নাকি মায়ের? কোথায় তাঁর শিকড়, কারা তাঁর আপনজন?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে ছুটে বেড়াচ্ছেন রাজিব। প্রায় ৪৬ বছর আগে, ১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে দত্তক হিসেবে তাঁকে পাঠানো হয়েছিল নেদারল্যান্ডসে। সেখানেই কেটেছে তাঁর শৈশব, কৈশোর ও বেড়ে ওঠার সময়। গড়ে উঠেছে নিজের জীবন। কিন্তু জন্মপরিচয়ের অজানা অধ্যায়টি কখনো তাঁকে স্বস্তি দেয়নি। সেই টানেই ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ছয়বার বাংলাদেশে এসেছেন তিনি। এবারও এসেছেন জন্মদাতা মা-বাবার সন্ধানে।
রাজিবের এই আবেগঘন যাত্রায় সঙ্গী হয়েছেন নেদারল্যান্ডসপ্রবাসী সংগীতশিল্পী সেলিনা গোমেজ। তিনিও শৈশবে বাংলাদেশ থেকে দত্তক হিসেবে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটালেও দুজনের মনেই রয়ে গেছে একই আকাঙ্ক্ষা—একবার হলেও খুঁজে পাওয়া জন্মদাতা মা-বাবাকে, জানা নিজের প্রকৃত পরিচয়।
পুরোনো নথিতে মিলছে না ঠিকানা
রাজিবের কাছে থাকা পুরোনো পাসপোর্ট ও বিভিন্ন নথিপত্রে তাঁর জন্মসাল উল্লেখ রয়েছে ১৯৭৭। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন লেখা রয়েছে। জন্মস্থানের ঠিকানা হিসেবে উল্লেখ আছে—গ্রাম পেয়ারাকান্দি, থানা নবীগঞ্জ, জেলা কুমিল্লা।
কিন্তু কয়েক দশক আগের সেই ঠিকানা খুঁজতে গিয়েই বড় ধরনের জটিলতায় পড়েছেন রাজিব। পুরোনো নথিতে কুমিল্লা জেলার নবীগঞ্জ থানা লেখা থাকলেও প্রশাসনিক পরিবর্তনের কারণে বর্তমান সময়ে সেই ঠিকানা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর পুরোনো এলাকার প্রশাসনিক পরিচয়েও পরিবর্তন এসেছে।
রাজিবের ধারণা, নথিতে উল্লেখ করা নবীগঞ্জ আসলে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা হতে পারে। কিন্তু বিষয়টি নিশ্চিত না হওয়ায় কখনো কুমিল্লার বিভিন্ন এলাকায়, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পেয়ারাকান্দি গ্রামের সুনির্দিষ্ট অবস্থান এবং পরিবারের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাজিব উদ্দিন বলেন, পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও সেখানে নিজেকে বিদেশি মনে হয়। আয়নার সামনে দাঁড়ালে জানতে ইচ্ছা করে, তিনি দেখতে কার মতো হয়েছেন। তাঁর জন্মদাতা মা-বাবা কেমন ছিলেন, তাঁদের সঙ্গে চেহারার কোনো মিল আছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন তিনি।
এর আগে একবার একটি গ্রামে খোঁজ নিতে গিয়ে একজন ব্যক্তি নিজেকে তাঁর বাবা বলে দাবি করেছিলেন। এতে রাজিবের মনে আশার সঞ্চার হলেও শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষায় তাঁদের নমুনার কোনো মিল পাওয়া যায়নি। ফলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়তে হয় তাঁকে।
পরিচয় খুঁজতে প্রশাসনের দ্বারস্থ
দীর্ঘদিনের অনুসন্ধানে সঠিক ঠিকানা শনাক্ত করতে সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যান রাজিব। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করেন। নিজের কাছে থাকা পুরোনো পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র দেখিয়ে জন্মপরিচয় এবং পরিবারের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা চান।
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন। তিনি বলেন, রাজিব উদ্দিনের নথিপত্র পর্যালোচনা করা হয়েছে। সেখানে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী গ্রামটি বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় হওয়ার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
তিনি আরও জানান, ঠিকানা নিশ্চিত করা গেলে রাজিবকে তাঁর জন্মপরিবারের সন্ধান পেতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
একই স্বপ্নে বাংলাদেশে সেলিনাও
রাজিবের মতো একই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এসেছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজ। পেশায় সংগীতশিল্পী সেলিনাও শৈশবে বাংলাদেশ থেকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন। বিদেশে বেড়ে ওঠা এই নারীও নিজের জন্মদাতা মা-বাবার পরিচয় জানতে চান।
এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন তিনি। তাঁর কাছে থাকা নথিপত্রে পরিবারের ঠিকানা হিসেবে কক্সবাজারের নাম উল্লেখ রয়েছে। ইতিমধ্যে কক্সবাজারে গিয়ে সম্ভাব্য ঠিকানায় খোঁজখবর নিয়েছেন। বর্তমানে বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন তিনি।
সেলিনা বলেন, নেদারল্যান্ডসে যাঁরা তাঁকে লালন-পালন করেছেন, তাঁরা তাঁর জীবনে রয়েছেন। তাঁদের কাছে বড় হয়েছেন, পেয়েছেন ভালোবাসা ও যত্ন। তারপরও নিজের জন্মদাতা মা-বাবা কারা, কোথায় তাঁদের বসবাস—সেটি জানার আগ্রহ তাঁর সব সময়ই ছিল। নিজের জন্মপরিবারকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশে এসেছেন।
তিনি আরও বলেন, রাজিব কিংবা তিনি—দুজনের মধ্যে যেকোনো একজনও যদি নিজের জন্মপরিবারের সন্ধান পান, সেটিই হবে তাঁদের জন্য অনেক বড় সার্থকতা।
দুই প্রবাসীর শিকড় সন্ধানে সহযোগিতা
বাংলাদেশে আসার পর রাজিব ও সেলিনার দোভাষী এবং গাইড হিসেবে কাজ করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, দুজনের কাছেই থাকা পুরোনো পাসপোর্ট ও নথিপত্রের তথ্য ধরে জন্মপরিবারের সন্ধান চলছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সম্ভাব্য ঠিকানাগুলো যাচাই করে পরিবার দুটিকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জন্মপরিচয় মানুষের জীবনের গভীর আবেগের একটি অংশ। দীর্ঘ সময় অন্য দেশে বেড়ে ওঠা, নতুন পরিচয়ে জীবন গড়ে তোলা কিংবা স্বচ্ছলতা অর্জন—কোনোটিই জন্মপরিবারকে জানার আকাঙ্ক্ষা মুছে দিতে পারেনি রাজিব ও সেলিনার। তাঁদের কাছে এই অনুসন্ধান শুধু মা-বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা নয়, বরং নিজের অতীত, পরিচয় ও শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক আবেগঘন যাত্রা।
চার দশকেরও বেশি সময় পরও অজানা রয়ে গেছে তাঁদের জন্মপরিবারের পরিচয়। এখন পুরোনো নথির সূত্র, প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় মানুষের তথ্যের ওপর ভরসা করে এগিয়ে চলেছে তাঁদের অনুসন্ধান। জীবনের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে একদিন হয়তো খুঁজে পাবেন সেই মানুষগুলোকে, যাঁদের কাছ থেকেই শুরু হয়েছিল তাঁদের পৃথিবীতে আসার গল্প।
কালের আলো/এসএ/জেএন
