নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাধীন শিক্ষার্থীদের সার্বিক পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হচ্ছে। প্রতিটি বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।
ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শ্বাসনালি
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ওই তলার লাইব্রেরি পুড়ে যায়। উদ্ধারকারীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে মাদ্রাসার শিক্ষকদের ধারণা, মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে।
আগুন লাগার পর মুহূর্তেই ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের শরীরে কোনো দগ্ধের চিহ্ন নেই। তবে ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আরও ৩০ শিক্ষার্থীকে ছাড়ার আশা
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশ ছিল। আগুনের সূত্রপাত সেখান থেকেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিন ও চারতলায় থাকা শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে ধোঁয়া পৌঁছে যাওয়ায় তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা শুরু থেকেই অত্যন্ত যত্নের সঙ্গে শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছেন। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেক রোগীকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অনেক শিক্ষার্থীই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার আশা করছেন তাঁরা। অন্যদের অবস্থাও এখন পর্যন্ত ভালো রয়েছে। আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, তাঁরাও সুস্থ হয়ে উঠবে।
অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার আহ্বান
এ ধরনের অগ্নিকাণ্ড প্রায়ই ঘটছে উল্লেখ করে প্রতিমন্ত্রী সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঢাকার বাইরেও বার্ন ইনস্টিটিউটের মতো বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
কালের আলো/এসএ/এএইচ
