প্রযুক্তির দ্রুত পরিবর্তনে মানুষের বিনোদনের ধরন বদলে গেছে। হাতে হাতে স্মার্টফোন, গান শোনা থেকে খবর জানা—সবই এখন মুঠোফোনে। তবে সময়ের এই পরিবর্তন ছুঁতে পারেনি বাগেরহাট শহরের চা বিক্রেতা বিপ্লব দাসকে। দীর্ঘ ৩৫ বছর ধরে পুরোনো রেডিওই তার নিত্যসঙ্গী। সংসারের নানা টানাপোড়েনের মধ্যেও রেডিও শোনার অভ্যাস ছাড়েননি ৫৫ বছর বয়সী এই মানুষ।
বাগেরহাট শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ের পাশে বিপ্লবের ছোট্ট চায়ের দোকান। প্রতিদিন সকাল ৯টার দিকে দোকান খুলেই চা তৈরি ও পান সাজানোর ফাঁকে চালু করেন প্রিয় রেডিওটি। সকাল থেকে রাত পর্যন্ত দোকানে চলে গান ও বিভিন্ন অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরলেও রেডিওর সঙ্গ ছাড়েন না তিনি। রাত ১১টার সংবাদ শুনে তবেই রেডিও বন্ধ করেন।
রেডিও ঘিরেই ৩৫ বছরের ভালোবাসা
বিপ্লবের বাড়ি বাগেরহাট সদর উপজেলার খারদার এলাকায়। জীবিকার তাগিদে প্রায় ৩৫ বছর আগে বরিশাল থেকে বাগেরহাটে আসেন তিনি। এরপর ছোট্ট একটি চায়ের দোকানকে অবলম্বন করেই শুরু হয় তার জীবনসংগ্রাম। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম রেডিও কেনেন। এরপর দীর্ঘ সময়ে সাত থেকে আটটি রেডিও কিনেছেন। পুরোনো যন্ত্র নষ্ট হয়েছে, নতুন রেডিও এসেছে, কিন্তু শোনার অভ্যাসে ছেদ পড়েনি।
বর্তমানে দোকানভাড়া মাসে ৬০০ টাকা এবং থাকার ঘরের ভাড়া ২ হাজার টাকা। সব খরচ মিটিয়ে প্রতিদিন তার আয় থাকে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে চার সদস্যের সংসার। বড় ছেলে কলেজে পড়াশোনা করছে, আর মেয়ে এসএসসি পরীক্ষার্থী।
সংসারের খরচ, বাসাভাড়া ও সন্তানদের পড়াশোনার ব্যয় সামলে চলতে হয় হিসাব করে। এর মধ্যেও রেডিওর ব্যাটারি কেনার জন্য আলাদা টাকা রাখতে হয়। কারণ রেডিও ছাড়া তার মন ভালো থাকে না।
বিপ্লব দাস বলেন, ‘আমার রেডিও ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না। একদিন রেডিও না শুনলে মন খারাপ হয়ে যায়। আগে ১০ টাকায় ব্যাটারি কিনতাম, এখন ৫০ টাকা লাগে। আগে এক ব্যাটারিতে এক মাস চলত, এখন এক সপ্তাহও চলে না। সংসারে বাজার না করেও থাকতে পারব, কিন্তু রেডিও না শুনে থাকতে পারব না।’
গান, খবরের পাশাপাশি শেখার মাধ্যম
বিপ্লবের কাছে রেডিও শুধু বিনোদনের মাধ্যম নয়, শেখারও একটি উৎস। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি, পল্লীগীতি ও ভাটিয়ালি তার বিশেষ পছন্দ। পাশাপাশি নিয়মিত খবর, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও শিক্ষামূলক অনুষ্ঠান শোনেন। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের আলোচনা থেকেও নানা তথ্য জানার চেষ্টা করেন।
তার মতে, রেডিওর সবচেয়ে বড় সুবিধা হলো, এটি শুনতে চোখের প্রয়োজন হয় না। রেডিও চালু রেখেই চা তৈরি, পান সাজানো কিংবা ক্রেতাদের সেবা করা যায়।
চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে এক মাস হাসপাতালে থাকতে হয়েছিল বিপ্লবকে। সেখানেও সঙ্গে নিয়েছিলেন প্রিয় রেডিওটি। হাসপাতালের বিছানায় থেকেও প্রতিদিন শুনেছেন গান ও বিভিন্ন অনুষ্ঠান।
তিনি বলেন, ‘মোবাইল দেখতে চোখের প্রয়োজন হয়, কিন্তু রেডিও কানে শুনতে পারি। রেডিও চালিয়ে রেখে কাজ করা যায়, আবার অনেক কিছু শেখাও যায়। রেডিও থেকে অনেক গান শিখেছি। খবর শুনি, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ শুনি। আমার কাছে রেডিও সেরা। যত দিন বেঁচে থাকব, তত দিন রেডিও শুনতে চাই।’
চায়ের দোকানে রেডিও ঘিরে আড্ডা
বিপ্লবের চায়ের দোকান এখন শুধু চা-পান বিক্রির জায়গা নয়, রেডিওকে ঘিরে তৈরি হয়েছে ছোট্ট এক আড্ডার পরিবেশ। চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ শোনেন পুরোনো দিনের গান, কেউ খবর, আবার কেউ উপভোগ করেন বিভিন্ন অনুষ্ঠান।
স্থানীয় বাসিন্দা শেখ আমিনুল ইসলাম বলেন, ‘আমি প্রায় ১৫ বছর ধরে দাদার দোকানে চা খাই। তার প্রথম সঙ্গী হলো রেডিও। চা বানানো কিংবা বেচাকেনা—যা-ই করেন, রেডিও তার সঙ্গে থাকে। এখানে পুরোনো দিনের গান, খবর ও চিকিৎসকদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ শুনতে পারি। স্মার্টফোনের এই যুগে দাদার রেডিও আমাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।’
শামিমা আক্তার নামের এক ক্রেতা বলেন, তার মেয়ে কোচিংয়ে পড়ে। একদিন মেয়ে তাকে জিজ্ঞাসা করেছে, রেডিও কী? এখনকার অনেক ছেলে-মেয়েই রেডিও চেনে না। বিপ্লবের দোকানে এসে পুরোনো রেডিও দেখে তার ভালো লাগে। চায়ের সঙ্গে রেডিওর শব্দ দোকানের পরিবেশকে অন্য রকম করে তোলে।
আরেক ক্রেতা মাসুম বলেন, ‘দাদার চা ভালো লাগে। মাঝেমধ্যে এখানে এসে চা খাই। তার রেডিওর সুর শুনলে মন ভালো হয়ে যায়। রেডিও শুনতে শুনতে পুরোনো দিনের কথা মনে পড়ে।’
ক্রেতা শেখ আল আমিনের ভাষ্য, এখন সবাই স্মার্টফোনে ব্যস্ত থাকলেও বিপ্লবের দোকানে পুরোনো দিনের গান ও অনুষ্ঠান শুনলে অন্য রকম ভালো লাগা কাজ করে। এখানে এলে পুরোনো দিনের স্মৃতি ফিরে আসে।
সময় বদলেছে, বদলায়নি রেডিওপ্রেম
স্মার্টফোনের যুগে পুরোনো রেডিও নিয়ে বিপ্লবের এই অভ্যাস অনেকের কাছেই বিস্ময়ের। তাকে নিয়মিত রেডিও শুনতে দেখে কেউ কেউ হাসাহাসিও করেন। পরিবারের সদস্যরা মজা করে বলেন, একদিন রেডিওর কারণেই তিনি ভাইরাল হয়ে যাবেন, ডাক পাবেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে।
তবে এসব কথায় দমে যান না বিপ্লব। চায়ের কাপ তৈরি করতে করতে কিংবা পান সাজাতে সাজাতে পুরোনো গানের সঙ্গে কণ্ঠ মেলান। তার ছোট্ট দোকানে তখন চায়ের সুবাসের সঙ্গে মিশে যায় গানের সুর, তৈরি হয় স্মৃতিমাখা এক আবহ।
প্রযুক্তির পরিবর্তনে অনেকের জীবন থেকে রেডিও হারিয়ে গেলেও বিপ্লবের জীবনে এখনো তার আবেদন অটুট। সংসারের টানাপোড়েন, ব্যাটারির বাড়তি দাম কিংবা সময়ের পরিবর্তন—কোনো কিছুই দমাতে পারেনি তার রেডিওপ্রেম। দীর্ঘ ৩৫ বছরের এই সঙ্গী তার কাছে কেবল একটি যন্ত্র নয়; এটি স্মৃতি, বিনোদন, শেখার উৎস এবং মানসিক প্রশান্তির আশ্রয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
