Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বগুড়া সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১১:১৮ এএম

ফলন ভালো, তবু লোকসানের শঙ্কায় শেরপুরের কৃষক

বগুড়া সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১১:১৮ এএম

ফলন ভালো, তবু লোকসানের শঙ্কায় শেরপুরের কৃষক

বগুড়ার শেরপুর উপজেলার মাঠজুড়ে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে মাঠে ধানের শিষে দানা আসতে শুরু করেছে। কোথাও ধান পেকে সোনালি রং ধারণ করছে, আবার কোথাও চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে পুরোদমে ধান কাটার মৌসুম। ফলন ভালো হওয়ায় কৃষকের মনে স্বস্তি ফেরার কথা থাকলেও উৎপাদন খরচ ও বাজারদরের কারণে সেই স্বস্তি মিলছে না। বরং ধানের ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে আমন ধান উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১১ হাজার থেকে ১৩ হাজার টাকা। অন্যদিকে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। প্রতি বিঘায় গড়ে ১২ থেকে ১৫ মণ ধান উৎপাদন হলেও উৎপাদন খরচ বাদ দিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়েছে।

জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ, সার ও কীটনাশক প্রয়োগ, সেচ, আগাছা পরিষ্কার, শ্রমিকের মজুরি এবং জ্বালানি খরচসহ প্রতিটি ধাপে ব্যয় বাড়ছে। ফলে ভালো ফলন হলেও কৃষকের লাভের হিসাব মিলছে না।

ধান কাটার পরও দুশ্চিন্তা

কৃষকদের অভিযোগ, ফসল ঘরে তোলার পরও তাদের দুশ্চিন্তা শেষ হয় না। অনেক কৃষক আর্থিক সংকটের কারণে ধান কাটা ও মাড়াইয়ের পরপরই তা বিক্রি করতে বাধ্য হন। ফলে বাজারে দর-কষাকষির সুযোগ কম থাকে। এ সুযোগে ব্যবসায়ীরা কম দামে ধান কিনে মজুত করেন। পরে বাজারদর বাড়লে বিক্রি করে লাভবান হন তারা। অন্যদিকে উৎপাদনের ঝুঁকি ও পরিশ্রমের বড় অংশ বহন করেও ন্যায্য দাম থেকে বঞ্চিত হন কৃষক।

উপজেলার খামারকান্দি গ্রামের কৃষক মাহবুবুর রহমান এবার আট বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিনি বলেন, জমিতে ধানের ফলন ভালো হয়েছে। তবে প্রতি বিঘায় হালচাষ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত প্রায় ১১ হাজার টাকা খরচ হবে। ধানের ন্যায্যমূল্য না পেলে লোকসানে পড়তে হবে।

খানপুর ইউনিয়নের কৃষক রাশেদুল হক ১২ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। তিনি জানান, এবার ধানের অবস্থা ভালো। শুরু থেকে চারবার বালাইনাশক প্রয়োগ করতে হয়েছে। এখন ধান কাটার অপেক্ষায় রয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ধান কেটে জমিতে শুকিয়ে বাড়িতে নিতে হবে। এতে আরও খরচ বাড়বে।

তিনি বলেন, প্রতি বিঘায় উৎপাদন খরচ পড়েছে ১১ থেকে ১৩ হাজার টাকা। বাজারে ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে। সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হলে কিছুটা লাভের মুখ দেখা সম্ভব হবে। অন্যথায় ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে।

সরাসরি ধান সংগ্রহের দাবি

কৃষকদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের ব্যবস্থা জোরদার করতে হবে। এতে কৃষকেরা ফসলের উপযুক্ত দাম পাবেন এবং ভবিষ্যতে ধান উৎপাদনে আরও আগ্রহী হবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, ২০২৫-২৬ আমন মৌসুমে শেরপুর উপজেলায় ২২ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবার ফলন ভালো হওয়ায় ৭৩ হাজার ৫১০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা আশা করছে কৃষি বিভাগ।

তবে কৃষকদের প্রত্যাশা, শুধু উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নয়, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাদের মতে, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নিশ্চিত করা না গেলে ভালো ফলনও কৃষকের মুখে হাসি ফোটাতে পারবে না।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!