নীল জলরাশি, প্রবাল পাথর আর মনোরম সৈকতের টানে প্রতিবছরই পর্যটকদের কাছে জনপ্রিয় সেন্ট মার্টিন দ্বীপ। চলতি মৌসুমে ঢাকা থেকে গিয়ে দ্বীপটিতে এক রাত অবস্থান করে ঘুরে আসতে জনপ্রতি সর্বনিম্ন ৯ হাজার ৩০০ টাকা খরচ হতে পারে। তবে কেনাকাটা ও ব্যক্তিগত খরচ যুক্ত হলে বাজেট আরও বাড়বে।
ভ্রমণের সম্ভাব্য এই খরচের মধ্যে ঢাকা–কক্সবাজার বাসে যাওয়া-আসা, জাহাজের টিকিট, এক রাতের আবাসন, খাবার, পরিবেশ সংরক্ষণ ফি ও স্থানীয় যাতায়াত অন্তর্ভুক্ত রয়েছে।
কোন খাতে কত খরচ
নন-এসি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৪০০ টাকা। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজের যাওয়া-আসার টিকিটের সর্বনিম্ন খরচ ৩ হাজার ৬০০ টাকা। ইকোনমি হোটেল বা রিসোর্টে এক রাত থাকার জন্য লাগতে পারে ১ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ছয় বেলা খাবারের জন্য ১ হাজার ২০০ টাকা, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা এবং স্থানীয় যাতায়াতে ৫০০ টাকা হিসাব করা হয়েছে। সব মিলিয়ে জনপ্রতি মোট খরচ দাঁড়ায় ৯ হাজার ৩০০ টাকা। তবে হোটেল, খাবার ও যাতায়াতের ধরন অনুযায়ী ব্যয় বাড়তে পারে।
ভ্রমণের আগে জাহাজের টিকিট কাটুন
সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হলে প্রথমেই জাহাজের টিকিট সংগ্রহ করা ভালো। আগে থেকে টিকিট কাটলে শেষ মুহূর্তে আসন না পাওয়ার ঝুঁকি কমে। চলতি মৌসুমে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ চলাচল শুরু করেছে। আরও কয়েকটি জাহাজ অনুমতির অপেক্ষায় রয়েছে। তাই যাত্রার আগে কোন কোন জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে, তা যাচাই করে নেওয়া জরুরি।
যেভাবে টিকিট সংগ্রহ করবেন
অনুমোদিত জাহাজগুলোর ওয়েবসাইট, পরিচালনাকারী প্রতিষ্ঠানের গ্রাহকসেবা নম্বর অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যায়। যাওয়া ও ফেরার টিকিট আলাদাভাবে কেনার সুযোগ থাকলেও ভ্রমণের তারিখ নিশ্চিত হলে দুই পথের টিকিট একসঙ্গে সংগ্রহ করা সুবিধাজনক।
জাহাজে সাধারণ সিট, বিজনেস চেয়ার, মোজারাট চেয়ার, বেড ও কেবিনসহ বিভিন্ন শ্রেণির আসন রয়েছে। আসন ও সুযোগ-সুবিধা অনুযায়ী যাওয়া-আসার ভাড়া ৩ হাজার ৬০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। টিকিট কেনার আগে আসনের ধরন, ভাড়া ও প্রাপ্যতা নিশ্চিত হওয়া প্রয়োজন।
ট্রাভেল পাস ও পরিবেশ সংরক্ষণ ফি
সেন্ট মার্টিন ভ্রমণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। এ ছাড়া দ্বীপে যেতে ট্রাভেল পাস নেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ প্রক্রিয়া তদারক করে। পর্যটকদের আলাদাভাবে নিবন্ধন করতে হয় না; জাহাজের টিকিট বুকিংয়ের পর প্রয়োজনীয় নিবন্ধনের কাজ সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান সম্পন্ন করে।
আগেই বুকিং দিন হোটেল বা রিসোর্ট
দ্বীপে এক রাত থাকতে চাইলে আগেই হোটেল, রিসোর্ট বা কটেজ বুকিং করে রাখা ভালো। সেন্ট মার্টিনে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। দ্বীপে পৌঁছে আবাসন খুঁজতে গেলে সময় নষ্ট হতে পারে, বিশেষ করে পর্যটকের চাপ বেশি থাকলে।
আবাসনের ধরন ও সুযোগ-সুবিধা অনুযায়ী ভাড়ায় পার্থক্য রয়েছে। প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে এক রাতের ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড হোটেলে সাড়ে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা এবং ইকোনমি হোটেলে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা হতে পারে। ছুটির দিন ও পর্যটনের ব্যস্ত সময়ে ভাড়া বাড়তে পারে। বুকিংয়ের আগে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভাড়া ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে নেওয়া উচিত।
জাহাজ ছাড়ে কখন
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথমে কক্সবাজার পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যায়। দ্বীপ থেকে বিকেলে কক্সবাজারের উদ্দেশে ফেরে জাহাজ। তবে যাত্রার আগে টিকিটে উল্লেখ করা সময় ও নির্দেশনা যাচাই করে নিতে হবে।
ভ্রমণে মানতে হবে যেসব নিয়ম
সেন্ট মার্টিন যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা প্রয়োজন। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলতে হবে। সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা, বারবিকিউ পার্টি এবং মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানো নিষিদ্ধ। ভ্রমণের সময় এসব বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও পর্যটকদের।
কালের আলো/এসএ/জেএন
