আমের রাজ্য হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু চা। কৃষিপণ্যের অপচয় রোধ ও নতুন পণ্য তৈরির লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন ভোলাহাট উপজেলার তিন তরুণ উদ্যোক্তা। তাদের তৈরি বিশেষ এই চায়ের নাম দেওয়া হয়েছে ‘ম্যাংগো পিল টি’। স্থানীয় বাজারে প্রতি কেজি চা বিক্রি হচ্ছে দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত।
প্রতি বছর আমের মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণের সীমাবদ্ধতায় অনেক সময় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। নষ্ট হয়ে যাওয়া আম ও ফেলে দেওয়া খোসার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ শুরু করেন তিন বন্ধু। তাদের উদ্যোগে এখন আমের খোসা পরিণত হচ্ছে মূল্যবান পণ্যে।
যেভাবে শুরু ব্যতিক্রমী উদ্যোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করা মোহাম্মদ মাইনুল ইসলাম ফ্রিল্যান্সিংয়ে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। পাশাপাশি আম নিয়ে নতুন কিছু করার চিন্তা করছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং খাতে পরিবর্তনের ধাক্কা এবং ২০২১ সালে আম উৎপাদনে লোকসানের অভিজ্ঞতা তাকে বিকল্প উদ্যোগের কথা ভাবতে উদ্বুদ্ধ করে।
কৃষকদের আম নষ্ট হওয়া কিংবা গরুকে খাওয়ানোর দৃশ্য দেখে বন্ধু মিঠুনকে নিয়ে বিনা পুঁজিতে আমসত্ত্ব তৈরির কাজ শুরু করেন। তবে খোলা মাঠে আম শুকানো এবং চুলায় গরম করার সময় ধোঁয়া, পাখির পালক ও ময়লা পড়ার মতো সমস্যার মুখে পড়েন তারা।
এরপর আমের খোসা থেকে চা তৈরির চিন্তা আসে তাদের মাথায়। এ কাজে প্রয়োজনীয় বিদেশি যন্ত্রের দাম ছিল প্রায় ১১ লাখ টাকা। এত টাকা দিয়ে যন্ত্র কেনার সামর্থ্য না থাকায় ইন্টারনেটের সহায়তা ও নিজেদের মেধা কাজে লাগিয়ে মাত্র পাঁচ লাখ টাকায় তৈরি করেন খোসা শুকানোর স্বয়ংক্রিয় যন্ত্র।
চলতি বছরের ৭ জুলাই আন্তর্জাতিক মানের থাই কোয়ালিটির ড্রাই ম্যাংগো তৈরিতেও সফল হন তারা। পাশাপাশি প্রিমিয়াম ম্যাংগো লেদার, পাকা আমের সস ও পাউডার তৈরির কাজ শুরু করেন।
এক মণ খোসায় এক কেজি চা
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এক মণ বা ৪০ কেজি আমের খোসা প্রক্রিয়াজাত করে পাওয়া যায় মাত্র এক কেজি ‘ম্যাংগো পিল টি’। প্রথমে আম ভালোভাবে ধুয়ে কীটনাশকমুক্ত করা হয়। এরপর খোসা ছাড়িয়ে তা প্রক্রিয়াজাত ও শুকানোর মাধ্যমে তৈরি করা হয় এই বিশেষ চা।
উদ্যোক্তা মাইনুল ইসলাম জানান, আমের মৌসুমে বিপুল পরিমাণ খোসা ফেলে দেওয়া হয়। সেই খোসা কাজে লাগিয়েই তৈরি হচ্ছে নতুন এই পণ্য। চায়ের স্বাদ ও ঘ্রাণে আমের বিশেষ অনুভূতি রয়েছে। পাশাপাশি এতে পুষ্টিগুণও রয়েছে বলে দাবি করেন তিনি।
অর্থসংকটে বড় পরিসরে উৎপাদন বাধাগ্রস্ত
ব্যতিক্রমী এই উদ্যোগে সাফল্য এলেও বড় পরিসরে উৎপাদন ও বাজারজাতকরণে অর্থসংকট বাধা হয়ে দাঁড়িয়েছে। আরেক উদ্যোক্তা মাসুম আলী জানান, পর্যাপ্ত অর্থায়ন ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন বাজার তৈরি করা সম্ভব হবে।
উদ্যোক্তা মিঠুন বলেন, এই উদ্যোগের পেছনে কৃষি কর্মকর্তা এবং আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনের সহযোগিতা রয়েছে। নতুন উদ্যোক্তাদের হতাশ না হয়ে আমকে কাজে লাগিয়ে সম্ভাবনাময় উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উদ্যোগে আশাবাদী স্থানীয়রা
কানসাটের আমচাষি জাহাঙ্গীর আলম বলেন, এ উদ্যোগ আমের কদর ও দাম বাড়াতে ভূমিকা রাখতে পারে। এতে জেলার আমভিত্তিক অর্থনীতিও আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।
স্থানীয় চা দোকানি আবদুল আলিম জানান, যারা একবার এই চা পান করছেন, তাদের অনেকেই আবার পান করতে আগ্রহ দেখাচ্ছেন। সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদও এই চায়ের ঘ্রাণ ও স্বাদের প্রশংসা করেছেন।
কৃষি কর্মকর্তা সুলতান আলী জানান, তিন তরুণের উদ্যোগটি ব্যতিক্রমী। কৃষি বিভাগ তাদের সহযোগিতা করে যাচ্ছে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে আমের বর্জ্যের ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও বাজার সংযোগ পাওয়া গেলে এই চা বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।
আমের খোসাকে সম্পদে পরিণত করার এই উদ্যোগ এখন স্থানীয়ভাবে নতুন সম্ভাবনার কথা জানাচ্ছে। প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা ও বাজার সম্প্রসারণ নিশ্চিত করা গেলে ‘ম্যাংগো পিল টি’ ভবিষ্যতে দেশের কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পে নতুন মাত্রা যোগ করতে পারে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
