Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বান্দরবান সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:১৪ পিএম

সেতুর অভাবে ঝুঁকিতে থানচির ১৫ পাহাড়ি গ্রামের মানুষ

বান্দরবান সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১২:১৪ পিএম

সেতুর অভাবে ঝুঁকিতে থানচির ১৫ পাহাড়ি গ্রামের মানুষ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ পদ্মমুখ। চারদিকে গভীর অরণ্য, খাড়া পাহাড় আর নিচে খরস্রোতা ঝিরি। কোথাও পিচ্ছিল পাথর, কোথাও পাহাড়ের গা ঘেঁষে সরু পথ। এমন বিপজ্জনক পথ পাড়ি দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে পদ্মমুখ ঝিরির প্রায় ৪০০ ফুট দীর্ঘ খুমপথে স্থায়ী সেতু না থাকায় দুর্ভোগ ও ঝুঁকি বেড়েছে কয়েক হাজার মানুষের।

স্থানীয়দের দাবি, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও থানচি উপজেলার অন্তত ১৫টি পাহাড়ি গ্রামের মানুষ এখনো শিক্ষা, চিকিৎসা, নিরাপদ যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনের মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে পদ্মমুখ ঝিরিতে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে পদ্মমুখ ঝিরির ওপর বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে যাতায়াত করতে হয়। কিন্তু বাঁশ পচে গেলে কিংবা পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙে গেলে আবার নতুন করে সেটি নির্মাণ করতে হয়। বর্ষা মৌসুমে ঝিরির পানিপ্রবাহ বেড়ে গেলে সাঁকো পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে। কখনো কখনো স্রোতের তীব্রতায় পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সম্প্রতি থানচি সদর থেকে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পায়ে হেঁটে পদ্মমুখ এলাকায় গিয়ে দেখা যায়, পদ্ম ঝিরির খুমপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খাড়া পাহাড়ের গা ঘেঁষে তৈরি সরু পথের নিচে রয়েছে গভীর খাদ ও ঝিরি। কোথাও পাথরের ওপর দিয়ে, আবার কোথাও অস্থায়ী বাঁশের সাঁকো ধরে চলাচল করছেন স্থানীয়রা। সেখানে নেই কোনো স্থায়ী সেতু কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা।

১৫ গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর সরকার বিভিন্ন এলাকায় শত শত পিআইও সেতু নির্মাণ করলেও তিন্দু ইউনিয়নের পদ্মমুখ এলাকায় পদ্ম ঝিরির খুমপথে এখনো স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি। ফলে দুটি মৌজার অন্তত ১৫টি গ্রামের মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর কয়েক হাজার মানুষকে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা উজিরাম ত্রিপুরা ও খুবাইতি ত্রিপুরাসহ অনেকে জানান, প্রতিবছর বাঁশ সংগ্রহ করে নিজেদের শ্রম ও অর্থ ব্যয়ে সাঁকো তৈরি করতে হয়। কিন্তু এই সাঁকো দীর্ঘস্থায়ী হয় না। বাঁশ পচে গেলে কিংবা পানির স্রোতে ভেঙে গেলে নতুন করে নির্মাণ করতে হয়। এত কষ্টের পরও নিরাপদ যোগাযোগ নিশ্চিত হয় না।

তাঁদের ভাষ্য, পাহাড়ে বসবাসের কারণে জীবনযাত্রা এমনিতেই কঠিন। এর ওপর প্রতিদিন একটি ঝিরি পার হতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। সেখানে স্থায়ী সেতু নির্মাণ করা হলে মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় অনেকটাই স্বস্তি ফিরবে।

কৃষিপণ্য বাজারজাতেও বাধা
থানচি উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় মারমা, ম্রো, ত্রিপুরা, বাঙালি, খুমি, বম, চাকমা ও খিয়াং সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাঁদের অনেকের জীবিকার প্রধান উৎস পাহাড়ে জুমচাষ। বংশপরম্পরায় এই পেশার সঙ্গে যুক্ত পরিবারগুলো উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে নানা সমস্যায় পড়েন।

দুর্গম পাহাড়ি পথ ও ঝুঁকিপূর্ণ ঝিরি পারাপারের কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বাড়ে। অনেক সময় সময়মতো কৃষিপণ্য বাজারজাত করাও সম্ভব হয় না। ফলে যোগাযোগব্যবস্থার অভাব তাঁদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সেতু নির্মাণে প্রশাসনের আশ্বাস
স্থানীয় ইউপি সদস্য উহ্লামং মারমা বলেন, থানচি সদর থেকে পদ্ম ঝিরির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এই পথ দিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অনেক পর্যটকও ঝুঁকি নিয়ে চলাচল করেন। কিন্তু নিরাপদ যাতায়াতের জন্য এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, অর্থসংকটের কারণে ইউনিয়ন পরিষদের পক্ষে টেকসই সাঁকো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পদ্ম ঝিরির খুমপথে দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, পদ্ম ঝিরির খুমের একপাশ দিয়ে চলাচলের পথটি স্থানীয়দের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে স্থানীয়দের আবেদন করতে বলা হয়েছে। প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে ভবিষ্যতে প্রকল্পের বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

থানচি উপজেলার জনসংখ্যা ও ইতিহাস
প্রশাসনিক তথ্য অনুযায়ী, ১৯১৭ সালে রাঙামাটি জেলার বান্দরবান মহকুমার অধীনে রুমা, বলিপাড়া ও থানচি ইউনিয়ন নিয়ে থানচি থানা গঠিত হয়। ১৯৭৬ সালে থানচি থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় উন্নীত করা হয়।

বর্তমানে উপজেলায় রেমাক্রী, তিন্দু, থানচি সদর ও বলিপাড়া—এই চারটি ইউনিয়ন রয়েছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, থানচি উপজেলায় মোট ৪ হাজার ৮৭২টি পরিবারে ২৯ হাজার ৭৯০ জন মানুষের বসবাস।

কালের আলো/এসএ/টিসি


 

Link copied!