শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে দীর্ঘদিন ধরে মানুষ ও বন্যহাতির সংঘাত চলছে। খাবার ও পানির সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বন্যহাতির পাল। এতে ফসলের ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় স্থানীয়দের নানা চেষ্টা অনেক সময় প্রাণঘাতী সংঘাতে রূপ নেয়। এই পরিস্থিতি মোকাবিলায় এবার নেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর উদ্যোগ। হাতির চলাচলের পথে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ১৫টি ক্যামেরা।
ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হলেই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনে পৌঁছে যাচ্ছে সতর্কবার্তা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা। সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও। এতে হাতি লোকালয়ে প্রবেশের আগেই নিরাপদ ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
১৩ বছরে প্রাণ গেছে ৬৭ জনের
শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ে খাবার ও পানির সন্ধানে এক টিলা থেকে অন্য টিলায় চলাচল করে বন্যহাতির পাল। এ সময় হাতি লোকালয়ে ঢুকে পড়লে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে মানুষ যেমন ঝুঁকিতে পড়েন, তেমনি মানুষের সঙ্গে সংঘাতে আহত ও নিহত হয় হাতিও।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৩ বছরে শেরপুরের এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে ৩৩টি বন্যহাতি এবং ৩৪ জন মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ দীর্ঘদিনের এই সংঘাতের ক্ষতি দুই পক্ষেরই। মানুষের জীবন-জীবিকা ও বন্যপ্রাণীর অস্তিত্ব—দুটিই পড়েছে ঝুঁকিতে।
ক্যামেরায় শনাক্ত হলেই মোবাইলে বার্তা
মানুষ ও হাতির সংঘাত কমাতে নালিতাবাড়ীর সমচূড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোনা এবং দাওধারা-কাটাবাড়ীসহ হাতির চলাচলের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ১৫টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও গ্রামীণফোনের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে এ পাইলট প্রকল্প।
ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হওয়ার পর টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সতর্কবার্তা পৌঁছে যায়। এতে বন বিভাগ ও ইআরটি সদস্যরা আগেভাগে প্রস্তুতি নিতে পারেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ তৈরি হয়।
সমচূড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ইআরটি সভাপতি আরফান আলী বলেন, আগে হাতি আসার খবর পেতে অনেক সময় দেরি হতো। হঠাৎ হাতি সামনে চলে এলে সবাই আতঙ্কিত হয়ে পড়তেন। এখন ক্যামেরার মাধ্যমে আগেই খবর পাওয়া যায়। বন বিভাগের লোকজনও দ্রুত চলে আসেন। এতে স্থানীয়দের সচেতন করা সহজ হয়েছে এবং হাতির হামলার ঝুঁকি কমেছে।
একই এলাকার বাসিন্দা আলমাছ মিয়া বলেন, হাতি এলে ফসলের ক্ষতি হয়, আবার হাতি তাড়াতে গিয়ে মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে। এখন আগাম খবর পাওয়ায় নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
দাওধারা-কাটাবাড়ী এলাকার বাসিন্দা রহমত আলী হাতি ও মানুষের নিরাপত্তার স্বার্থে হাতির চলাচল বেশি এমন আরও এলাকায় এআই ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।
প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন হাতির আবাসস্থল রক্ষা
মধুটিলা রেঞ্জের সমচূড়া বিট কর্মকর্তা কাওসার হোসেন বলেন, ক্যামেরার মাধ্যমে হাতির চলাচল সম্পর্কে আগাম তথ্য পাওয়া যাচ্ছে। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে এবং সংঘাতের আশঙ্কা কমছে। হাতির চলাচলের করিডোরগুলোতে এ ধরনের ক্যামেরা স্থাপন করা গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, বনকর্মীদের পাশাপাশি ইআরটি সদস্যরাও হাতির অবস্থান, সংখ্যা ও চলাচল সম্পর্কে তথ্য পাচ্ছেন। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে নালিতাবাড়ীর উপদ্রুত এলাকায় পাঁচ কিলোমিটারজুড়ে বায়ো ফেন্সিং নির্মাণ এবং পাঁচ হেক্টর জমিতে হাতির খাদ্য উপযোগী বাঁশবাগান তৈরির কাজ চলছে।
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের কমিউনিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট আবরার আহমাদ বলেন, ১৫টি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যরা আগাম তথ্য পাওয়ায় হাতির ক্ষতি না করে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে পরিবেশসংশ্লিষ্টদের মতে, শুধু ক্যামেরা স্থাপন করে মানুষ-হাতির সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। হাতির আবাসস্থল, খাদ্য ও পানির সংকট এবং স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়ার মতো বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
শ্রীবরদী আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক হাবিবুল হক পলাশ বলেন, পাহাড়ে হাতির স্বাভাবিক বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত জলাশয় ও হাতির পছন্দের খাদ্যগাছ তৈরি করতে হবে। এতে খাবারের সন্ধানে হাতির লোকালয়ে আসার প্রবণতা কমতে পারে।
শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ১৫টি ক্যামেরা স্থাপন করে সফলতা পাওয়া গেছে। হাতি ও মানুষের সংঘাত কমাতে এসব এলাকায় আরও কিছু ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
প্রযুক্তির আগাম সতর্কবার্তা এবং হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ—এই দুই উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে গারো পাহাড়ে মানুষ ও বন্যহাতির সহাবস্থান আরও নিরাপদ করার সম্ভাবনা তৈরি হতে পারে।
কালের আলো/এসকে/এমএসআইপি
