Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বগুড়া সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:১৭ পিএম

মিলগেট থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে কেজিতে ৮ টাকা

বগুড়া সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:১৭ পিএম

মিলগেট থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে কেজিতে ৮ টাকা

ধান থেকে চাল উৎপাদনের পর মিলগেট, আড়ত ও পাইকারি বাজার ঘুরে খুচরা দোকানে পৌঁছাতে বাড়ছে চালের দাম। সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে যুক্ত হচ্ছে পরিবহন, শ্রমিক, বস্তা ও পরিচালন ব্যয়। তবে কোন পর্যায়ে কত টাকা খরচ হচ্ছে এবং ব্যবসায়ীদের প্রকৃত মুনাফা কত, তার সুনির্দিষ্ট হিসাব নেই। উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো কোনো চালের দাম কেজিতে ৮ টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি অর্থ ক্রেতাকেই পরিশোধ করতে হচ্ছে।

মজুদ পর্যাপ্ত, তবু বাজারে দামের চাপ
সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও খুচরা বাজারে উচ্চমূল্য নিয়ে প্রশ্ন উঠেছে। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুদ ছিল ১৭ লাখ ৯৬ হাজার ৪১৬ মেট্রিক টন। চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ ছিল ২১ লাখ ৭ হাজার ৩৫২ মেট্রিক টন। ভাসমান মজুদসহ এর পরিমাণ দাঁড়ায় ২১ লাখ ১৭ হাজার ৩১৬ মেট্রিক টন।

এত বিপুল মজুদ থাকা সত্ত্বেও খুচরা বাজারে চালের উচ্চমূল্য এবং মিলগেট থেকে দোকান পর্যন্ত দামের বড় ব্যবধান সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

এক মাসে ধানের দাম বেড়েছে মণপ্রতি ২০০ টাকা
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের বাজারেও। মাঝারি চালের দাম কেজিতে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে সরু চালের দাম।

শেরপুরের ব্যবসায়ীদের হিসাবে, এক মাস আগে মাঝারি চালের কেজি বিক্রি হতো ৪৫ থেকে ৪৬ টাকায়। বর্তমানে মানভেদে তা বেড়ে ৫০ থেকে ৫৬ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে সরু কাটারি চালের দাম আগে ছিল কেজিপ্রতি ৭৫ থেকে ৭৬ টাকা। বর্তমানে মিল পর্যায়েই তা বেড়ে ৭৮ থেকে ৭৯ টাকা হয়েছে। খুচরা বাজারে একই চাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকা।

মিলগেট ও খুচরা বাজারে কেজিতে ৮ টাকা ব্যবধান
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মাঝারি চাল মিলগেটের তুলনায় খুচরা বাজারে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরু চালের ক্ষেত্রে এই ব্যবধান ৫ থেকে ৮ টাকা পর্যন্ত।

হিসাব অনুযায়ী, ৩০ কেজির এক বস্তা চাল কিনতে মিলগেট ও খুচরা বাজারের দামের পার্থক্য দাঁড়াচ্ছে ১২০ থেকে ২৪০ টাকা। কোনো ক্রেতা মাসে ৩০ কেজি চাল কিনলে শুধু এই মূল্য ব্যবধানের সমপরিমাণ অর্থই তাঁকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।

তবে এই ব্যবধানের পুরো অর্থ ব্যবসায়ীদের মুনাফা নয়। এর মধ্যে পরিবহন, শ্রমিকের মজুরি, বস্তা, দোকান ভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

চাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, মিল থেকে চাল কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত কয়েকটি পর্যায়ে খরচ হয়। পরিবহন, ওঠানো-নামানো, বস্তা ও দোকান পরিচালনার ব্যয় রয়েছে। এসব খরচের পর ব্যবসায়ীদেরও কিছু মুনাফা রাখতে হয়।

ধানের পাশাপাশি বাড়ছে উৎপাদন ব্যয়
শেরপুরের বাজারে মাঝারি জাতের ধানের দাম এক মাস আগে মণপ্রতি ১ হাজার ১০০ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরু জাতের ধানের দামও বেড়েছে। আগে মণপ্রতি ১ হাজার ৮০০ টাকা থাকলেও বর্তমানে তা ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, মাঝারি চাল উৎপাদনে ব্যবহৃত ব্রি ধান-২৯, বিনা-৭ ও বিনা-১৭ জাতের ধানের দাম বেড়েছে। পাশাপাশি কাটারিসহ সরু জাতের ধানের দামও ঊর্ধ্বমুখী।

ধানের মূল্যবৃদ্ধির পাশাপাশি চাল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের খরচ বেড়েছে বলে দাবি করছেন মিলমালিকেরা। তাঁদের ভাষ্য, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে চাল প্রক্রিয়াজাতকরণে কেজিপ্রতি অতিরিক্ত ১ থেকে ৩ টাকা ব্যয় হচ্ছে। এ ছাড়া পরিবহন খরচ বেড়েছে কেজিতে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত।

ফলে ধানের বাড়তি দাম, উৎপাদন ব্যয় এবং সরবরাহের বিভিন্ন পর্যায়ের খরচ মিলিয়ে চালের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। তবে মিলগেট থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি ধাপে খরচ ও মুনাফার স্বচ্ছ হিসাব না থাকায় দামের ব্যবধানের প্রকৃত কারণ নির্ধারণ কঠিন হয়ে পড়ছে।

কালের আলো/এসএ/এমএএইচ
 

Link copied!