Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বরিশাল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৪২ পিএম

২৪ কোটি টাকার হাসপাতাল প্রস্তুত, চিকিৎসাসেবা শুরু কবে?

বরিশাল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৪২ পিএম

২৪ কোটি টাকার হাসপাতাল প্রস্তুত, চিকিৎসাসেবা শুরু কবে?

ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে বহু আগেই। কয়েক দফা উদ্বোধনের ঘোষণাও এসেছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, জনবল নিয়োগ ও প্রশাসনিক অনুমোদনের জটিলতায় এখনো চালু হয়নি বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। ফলে দীর্ঘদিন ধরে বিভাগীয় পর্যায়ে উন্নত শিশু চিকিৎসাসেবার অপেক্ষায় রয়েছেন হাজারো পরিবার।

বরিশাল নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে হাসপাতালটি। আধুনিক ভবন প্রস্তুত থাকলেও যন্ত্রপাতি স্থাপন, ভবন হস্তান্তর এবং জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়ায় চিকিৎসাসেবা শুরু করা যাচ্ছে না।

একাধিকবার চালুর ঘোষণা, বাস্তবায়ন হয়নি

২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় হাসপাতালটি চালুর সময় ঘোষণা করা হয়। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের মধ্যে বরিশালসহ কয়েকটি হাসপাতাল চালুর কথা জানান। তবে সেই ঘোষণার পরও হাসপাতালটির কার্যক্রম শুরু হয়নি।

এর আগে গত এপ্রিলের শেষ দিকে হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে চালুর নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ১১ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর কথা জানিয়েছিলেন। পরে ২ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও হাসপাতালটি চালুর আশা প্রকাশ করেন।

তবে একের পর এক ঘোষণার পরও বাস্তবে চিকিৎসাসেবা শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

১ হাজার ৪৪০ পদের অনুমোদন, নিয়োগ আটকে প্রশাসনিক জটিলতায়

হাসপাতালটির জন্য ১ হাজার ৪৪০টি পদের জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৭১৫টি ক্যাডার এবং ৭২৫টি নন-ক্যাডার পদ। কিন্তু জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, নিয়োগের আগে তিনটি মন্ত্রণালয়ের অনুমোদন, সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জনবল নিয়োগ আটকে আছে।

ডিসেম্বরে বহির্বিভাগ চালুর সম্ভাবনা

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, হাসপাতালের কিছু যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী এখনো আসেনি। তবে আসবাবপত্র এসেছে। চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ চালু হতে পারে।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। বরিশালের হাসপাতালের স্থানীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। শিগগিরই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। নিয়োগ শেষ হলে হাসপাতালটি চালু করা হবে।

প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির ভবন প্রস্তুত থাকলেও চিকিৎসাসেবা চালু না হওয়ায় এর সুফল পাচ্ছেন না বরিশাল বিভাগের শিশুরা। এখন প্রয়োজনীয় অনুমোদন, যন্ত্রপাতি সরবরাহ ও জনবল নিয়োগ দ্রুত শেষ করে হাসপাতালটি চালুর অপেক্ষায় রয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!