নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। তাঁদের মধ্যে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে। ধোঁয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার হওয়ার আগে ঝুঁকিমুক্ত বলা যায় না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।
হাসপাতালে ভর্তি ৭৭, ছাড় পেয়েছেন ১৪ জন
ডা. রবিউল করিম খান পাপন জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
তিনি বলেন, গুরুতর অসুস্থ রোগীদের অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।
একজন লাইফ সাপোর্টে, চিকিৎসায় বিশেষজ্ঞ দল
ভারপ্রাপ্ত পরিচালক বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়।
চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও আগুনের ধোঁয়া ও তাপে আক্রান্ত হয়েছে। তাঁদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে।
৭২ ঘণ্টার আগে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না
ডা. রবিউল করিম খান পাপন বলেন, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার হওয়ার আগে ঝুঁকিমুক্ত বলা যায় না। একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, কিছু রোগী আতঙ্কিত হয়ে প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাঁদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। এ ছাড়া যাঁরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাঁদেরও পর্যায়ক্রমে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে।
এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ/ডিএইচ
