দক্ষ জনশক্তি তৈরি, শিল্পায়নের গতি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি কর্মজীবনে প্রবেশের উপযোগী করে তোলার কথা এ শিক্ষাব্যবস্থার। কিন্তু বাংলাদেশে কারিগরি শিক্ষার বাস্তব চিত্র এখনো প্রত্যাশার সঙ্গে মিলছে না। একদিকে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমছে, অন্যদিকে ভর্তি হওয়ার পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা শেষ না করেই ঝরে পড়ছে। যারা শেষ পর্যন্ত সনদ অর্জন করছেন, তাঁদের একটি বড় অংশও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না।
কারিগরি শিক্ষা থেকে স্নাতক হওয়া প্রতি তিনজনের একজনের বেশি কর্মহীন থাকছেন। প্রশিক্ষণ নিয়ে কর্মজীবনে প্রবেশের কথা থাকলেও অনেকেই উপযুক্ত চাকরি খুঁজে পাচ্ছেন না। আবার চাকরি পেলেও প্রশিক্ষণে অর্জিত দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার মিল না থাকায় তৈরি হচ্ছে নানা সমস্যা। শিক্ষক সংকট, অপর্যাপ্ত অর্থায়ন, আধুনিক ল্যাব ও যন্ত্রপাতির অভাব এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বল যোগাযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কারিগরি শিক্ষার বিস্তার ঘটলেও দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘এ কমপ্রিহেনসিভ স্টাডি অন টিভেট স্কিলস ম্যাপিং’ শীর্ষক এক গবেষণায় দেশের কারিগরি শিক্ষাব্যবস্থার এমন চিত্র উঠে এসেছে। টেকসই উত্তরণ প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণাটিতে শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া, শিক্ষক সংকট, অর্থায়ন, প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় ১১৯ জন কারিগরি শিক্ষায় স্নাতকের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, তাঁদের ৩৫ শতাংশই কর্মহীন। তবে এই পরিসংখ্যান জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য; এটি জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষায় স্নাতকদের সামগ্রিক বেকারত্বের হার নয়।
কমছে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি
কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি পরিসংখ্যানেও স্পষ্ট। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা পর্যায় মিলিয়ে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ছিল ৪ লাখ ৮৮ হাজার ৫৫২ জন। পাঁচ বছরের ব্যবধানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৩৫৬ জনে। অর্থাৎ পাঁচ বছরে শিক্ষার্থী কমেছে ৭১ হাজার ১৯৬ জন, যা মোট শিক্ষার্থীর ১৪ দশমিক ৬ শতাংশ।
পর্যবেক্ষণে দেখা যায়, শিক্ষার্থী কমার প্রবণতা সবচেয়ে বেশি এইচএসসি পর্যায়ে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এ পর্যায়ে শিক্ষার্থী ছিল ২ লাখ ৬ হাজার ৭৫৩ জন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৭০৬ জন। একই সময়ে ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থীসংখ্যা ৮১ হাজার ৭৬ থেকে কমে ৬৮ হাজার ৭৮২ জনে দাঁড়িয়েছে। এসএসসি পর্যায়েও শিক্ষার্থী কমেছে।
শুধু নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেই নয়, ভর্তি হওয়ার পর পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। অনেক শিক্ষার্থী আর্থিক সংকট, পারিবারিক অসচ্ছলতা এবং অন্যান্য সমস্যার কারণে মাঝপথে শিক্ষা কার্যক্রম ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। ফলে যাঁদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কারিগরি শিক্ষায় ভর্তি করা হচ্ছে, তাঁদের একটি বড় অংশই শেষ পর্যন্ত প্রশিক্ষণ ও সনদ অর্জন করতে পারছেন না।
ভোকেশনালে ঝরে পড়ার হার ৪৪ শতাংশের বেশি
কারিগরি শিক্ষায় ঝরে পড়ার হারও উদ্বেগজনক। ২০২৩ সালের বার্ষিক খাতভিত্তিক তথ্য অনুযায়ী, এইচএসসি ভোকেশনাল পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এ পর্যায়ে ভর্তি হওয়া প্রায় প্রতি দুই শিক্ষার্থীর একজনই পড়াশোনা শেষ করার আগেই ঝরে পড়ছেন। সাধারণ এইচএসসি পর্যায়ে এ হার ১৯ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে এসএসসি ভোকেশনাল পর্যায়ে ঝরে পড়ার হার ২৯ শতাংশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৭ দশমিক ৬৮ শতাংশ। পর্যায়ভেদে ঝরে পড়ার হারে বড় পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের ধরে রাখার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে।
শিক্ষার্থীদের ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ আর্থিক সংকট। অনেক শিক্ষার্থীর পরিবারের পক্ষে দীর্ঘ সময় ধরে পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। কারিগরি শিক্ষায় ব্যবহারিক ক্লাস, প্রয়োজনীয় উপকরণ, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করে। ফলে মাঝপথে পড়াশোনা বন্ধ করে অনেককে জীবিকার সন্ধানে নামতে হচ্ছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বৃত্তি, আর্থিক সহায়তা এবং আবাসন সুবিধা নিশ্চিত করা না গেলে এ সমস্যা আরও বাড়তে পারে।
শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণের মান
কারিগরি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো হাতে-কলমে প্রশিক্ষণ। শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে একজন শিক্ষার্থীকে দক্ষ কারিগরি কর্মী হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। যন্ত্রপাতির ব্যবহার, প্রযুক্তিগত সমস্যা সমাধান, উৎপাদনপ্রক্রিয়া এবং বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষক ও শিক্ষক। কিন্তু দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
গবেষণায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ২০২২ সালে অধিদপ্তরের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদের শূন্যতার হার ছিল ৮১ দশমিক ৫৫ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ৪১ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে শিক্ষক পদের শূন্যতার হার প্রায় দ্বিগুণ হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, ব্যবহারিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ১ লাখ ৫৪ হাজার ২৪৭ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র ১ হাজার ৪২৬ জন। অর্থাৎ একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ১০৮ জনের বেশি। একইভাবে ১০৭টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক রয়েছেন ১ হাজার ৩৩ জন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৬৩।
দুই ধরনের প্রতিষ্ঠান মিলিয়ে প্রতি শিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৯ জন। অথচ গবেষণায় আন্তর্জাতিক তুলনার জন্য শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১৫-কে মানদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের তুলনায় শিক্ষার্থীর চাপ অনেক বেশি।
শিক্ষক স্বল্পতার কারণে একজন শিক্ষককে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থীর দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই, ব্যবহারিক কাজে সহায়তা এবং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ছে। বিশেষ করে প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিষয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জন বাধাগ্রস্ত হয়।
জিডিপির ০.১ শতাংশেরও কম বরাদ্দ কারিগরি শিক্ষায়
শিক্ষক সংকটের পাশাপাশি অর্থায়নের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা। দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতের চাহিদা পূরণে এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ প্রয়োজন হলেও বাস্তবে বরাদ্দ অত্যন্ত সীমিত। গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কারিগরি শিক্ষায় বরাদ্দ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.১ শতাংশের কম।
একই অর্থবছরে মোট শিক্ষা বাজেটের ১২ দশমিক ৪৪ শতাংশ ছিল কারিগরি শিক্ষার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাদ্দের প্রায় ৬০ শতাংশ ব্যয় হয় মাদ্রাসা শিক্ষায় এবং ৪০ শতাংশ কারিগরি শিক্ষায়। এর মধ্যেও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য সরাসরি ব্যয় হয় বিভাগের বাজেটের মাত্র ১০ শতাংশ।
অর্থায়নের এই সীমাবদ্ধতা শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে বাধা তৈরি করছে। শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষণব্যবস্থা আধুনিক করা সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীপ্রতি ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের বৈষম্য। ২০২৪ সালের ডিসেম্বরের এক গবেষণার তথ্য অনুযায়ী, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একজন শিক্ষার্থীর পেছনে বছরে ব্যয় হয় ২৭ হাজার ৯১১ টাকা। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ব্যয় ৩১ হাজার ৮১৬ টাকা। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একজন শিক্ষার্থীর পেছনে বার্ষিক ব্যয় ৩ লাখ ১৪ হাজার ৪৭৮ টাকা।
অর্থাৎ বুয়েটের তুলনায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় প্রায় ১১ ভাগের এক ভাগ। শিক্ষার্থীপ্রতি ব্যয়ের এই বড় ব্যবধান কারিগরি শিক্ষার মান, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সুবিধার ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি সামনে নিয়ে এসেছে।
সনদ অর্জনের পরও মিলছে না কাঙ্ক্ষিত চাকরি
কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী দক্ষতা তৈরি করা। কিন্তু প্রশিক্ষণ শেষে চাকরির বাজারে প্রবেশ করতে গিয়ে অনেক স্নাতককে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। গবেষণায় অংশ নেওয়া স্নাতকদের মধ্যে মাত্র ৬৫ শতাংশ কর্মসংস্থানে যুক্ত হয়েছেন। বাকি ৩৫ শতাংশ কর্মহীন রয়েছেন।
কর্মসংস্থানে যুক্ত ব্যক্তিদের মধ্যেও স্বনিয়োজিত হওয়ার হার খুবই কম। জরিপ অনুযায়ী, চাকরি বা অন্য কোনো কর্মসংস্থানে যুক্ত স্নাতকদের মাত্র ৩ শতাংশ স্বনিয়োজিত। অর্থাৎ অধিকাংশই প্রাতিষ্ঠানিক চাকরি বা অন্যের অধীনে কাজের ওপর নির্ভরশীল।
চাকরি পাওয়ার ক্ষেত্রেও সময়ের ব্যবধান রয়েছে। কর্মসংস্থানে যুক্ত ব্যক্তিদের ৪৪ শতাংশ সনদ অর্জনের তিন মাসের মধ্যে কাজ পেয়েছেন। তবে ২২ শতাংশের চাকরি পেতে দুই বছরের বেশি সময় লেগেছে। এ থেকে বোঝা যায়, কারিগরি শিক্ষায় সনদ অর্জনের পরও অনেককে দীর্ঘ সময় কর্মসংস্থানের অপেক্ষায় থাকতে হচ্ছে।
অবশ্য চাকরিতে যুক্ত স্নাতকদের ৮৯ শতাংশ প্রশিক্ষণসংশ্লিষ্ট কাজে নিয়োজিত রয়েছেন। অর্থাৎ যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বড় একটি অংশ শিক্ষাজীবনে অর্জিত দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন। কিন্তু কর্মহীনদের ৮১ শতাংশই দক্ষতার সঙ্গে চাকরির বাজারের চাহিদার অসামঞ্জস্যকে কর্মসংস্থানের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
এটি কারিগরি শিক্ষার পাঠ্যক্রম ও শ্রমবাজারের মধ্যে দূরত্বের বিষয়টি সামনে এনেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যে ধরনের দক্ষতা শেখানো হচ্ছে, চাকরির বাজারে অনেক ক্ষেত্রে তার চেয়ে ভিন্ন ধরনের দক্ষতা প্রয়োজন হচ্ছে। ফলে সনদ থাকলেও নিয়োগদাতাদের প্রত্যাশা অনুযায়ী দক্ষতা প্রদর্শন করতে পারছেন না অনেক চাকরিপ্রার্থী।
পুরোনো যন্ত্রপাতিতে প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে গিয়ে বিপাকে
কারিগরি শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে শিক্ষাজীবনে অর্জিত অভিজ্ঞতার সঙ্গে আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের কর্মপরিবেশের পার্থক্য তৈরি হচ্ছে।
জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ স্নাতক প্রশিক্ষণের সময় ব্যবহৃত পুরোনো যন্ত্রপাতিকে কর্মসংস্থানের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তি অনেক ক্ষেত্রে বর্তমান শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে চাকরিতে যোগ দেওয়ার পর নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে অতিরিক্ত সময় ও প্রশিক্ষণের প্রয়োজন হচ্ছে।
এ ছাড়া কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আচরণগত দক্ষতার ঘাটতির কথাও জানিয়েছেন স্নাতকদের একটি বড় অংশ। জরিপে ৪৮ শতাংশ স্নাতক বলেছেন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আচরণগত দক্ষতার অভাব তাঁদের জন্য সমস্যা তৈরি করেছে। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান, সময় ব্যবস্থাপনা এবং পেশাগত আচরণের মতো দক্ষতা চাকরির বাজারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কর্মসংস্থানে টিকে থাকতে সনদ অর্জনের পরও ৫৮ শতাংশ স্নাতককে অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয়েছে। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সনদ পাওয়ার পরও অনেকের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন সম্পূর্ণ হচ্ছে না। অন্যদিকে চাকরিতে যুক্ত স্নাতকদের মধ্যে বেতন নিয়ে সন্তুষ্টির হার মাত্র ৪৪ শতাংশ। এতে কারিগরি শিক্ষা গ্রহণের পর কর্মজীবনে প্রবেশ করলেও প্রত্যাশিত আর্থিক সুবিধা না পাওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানেও আধুনিক ল্যাব ও প্রশিক্ষকের সংকট
কারিগরি শিক্ষার দুর্বলতা শুধু শিক্ষার্থী বা স্নাতকদের অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠান পর্যায়ের জরিপেও প্রশিক্ষণের মান ও অবকাঠামোগত সীমাবদ্ধতার চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ প্রতিষ্ঠানপ্রধান পর্যাপ্ত ল্যাব ও ওয়ার্কশপের অভাবকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে ৭৭ শতাংশ জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষকের সংকট রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত অবকাঠামো ও দক্ষ জনবল—দুই ক্ষেত্রেই ঘাটতি রয়েছে।
শিল্প খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে শিক্ষার বিষয়বস্তু হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ শিক্ষক মনে করেন, শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পাঠ্যক্রম দ্রুত হালনাগাদ করা প্রয়োজন।
বর্তমানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অটোমেশন, ডিজিটাল প্রযুক্তি, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং নতুন ধরনের যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। এসব প্রযুক্তি পরিচালনার জন্য প্রয়োজন বিশেষায়িত দক্ষতা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থা সময়োপযোগী না হলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে গিয়ে পিছিয়ে পড়বেন। ফলে শুধু সনদ প্রদান নয়, বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সংযোগ বাড়ানোর তাগিদ
কারিগরি শিক্ষার বর্তমান সংকট মোকাবিলায় গবেষণায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে এ খাতে বিনিয়োগ বাড়ানো, দীর্ঘদিনের শূন্য শিক্ষক পদে নিয়োগ দেওয়া, আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি নিশ্চিত করা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি করা।
শুধু শ্রেণিকক্ষের পাঠদান বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশে কাজ শেখানোর সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি এবং সরাসরি ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি শিল্প খাতের নিয়োগদাতাদের মতামত নিয়ে পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করতে হবে।
শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে আর্থিক সহায়তা ও বৃত্তির সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তাও রয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দক্ষ জনশক্তি তৈরির সুযোগ বাড়বে। একই সঙ্গে প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ তৈরি এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।
সামগ্রিকভাবে কারিগরি শিক্ষার বর্তমান পরিস্থিতি বলছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো কিংবা শিক্ষার্থী ভর্তি করলেই দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয়। প্রয়োজন মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, আধুনিক প্রশিক্ষণব্যবস্থা এবং শিল্প খাতের সঙ্গে বাস্তবভিত্তিক সমন্বয়। অন্যথায় একদিকে শিক্ষার্থীরা সনদ অর্জন করেও কর্মহীন থাকবেন, অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ কর্মী খুঁজে পেতে সমস্যায় পড়বে। কর্মসংস্থান ও শিল্পায়নের প্রত্যাশিত সুফল পেতে হলে কারিগরি শিক্ষার মানোন্নয়নকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কালের আলো/এসএ/জেএন












-20261124163219.jpg)







