তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ধরনের ব্যবধান থাকায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড। অসমাপ্ত আলোচনা এগিয়ে নিতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও বৈঠকে বসছে বোর্ড।
সোমবার (২৩ নভেম্বর) রাতে মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বোর্ডের সভাকক্ষে গার্মেন্টসশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি সুপারিশের বিষয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হবে।
প্রস্তাবে ব্যবধান, আলোচনা রাত পর্যন্ত
মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষের প্রাথমিক প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় কোনো সমঝোতা হয়নি। এ কারণে আলোচনা অসমাপ্ত রেখে মঙ্গলবার আবারও বৈঠক ডাকা হয়েছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব ও তৃতীয় সভার সার্বিক বিষয় গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।
মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ
এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে কয়েকটি শ্রমিক সংগঠন।
এর আগে সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ে স্থগিত থাকা তৃতীয় সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন।
মালিকপক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
কালের আলো/এসকে/এমএসআইপি





-20261123142953.jpg)






-20261121140412.jpg)







