Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:২১ পিএম

ফর্মুলা ওয়ান রেসিং জয়ের কৌশল সাজাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৭:২১ পিএম

ফর্মুলা ওয়ান রেসিং জয়ের কৌশল সাজাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ফর্মুলা ওয়ান (এফ১) রেসিং মানেই দুর্দান্ত গতি, রোমাঞ্চ আর চালকদের দক্ষতার লড়াই। তবে ট্র্যাকে গাড়ির গতি ও চালকের পারফরম্যান্সের পাশাপাশি জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তথ্য বিশ্লেষণ ও নিখুঁত কৌশল। প্রতিযোগিতায় এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময়ও জয়ের ব্যবধান গড়ে দিতে পারে। এ কারণে আধুনিক ফর্মুলা ওয়ান রেসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং ও অ্যাজুর ব্যাচ প্রযুক্তি ব্যবহার করে রেসের কৌশলবিদেরা এখন হাজার হাজার সিমুলেশন পরিচালনা করছেন। এর মাধ্যমে রেস চলাকালেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে।

মার্সিডিজ-এএমজি পেট্রোনাস এফ১ দলের লিড রেস স্ট্র্যাটেজিস্ট জোসেফ ম্যাকমিলানের মতে, অ্যাজুর ব্যাচ তাদের রেস পরিচালনার কৌশলে বড় পরিবর্তন এনেছে। এই প্রযুক্তির সাহায্যে পুরো রেসের প্রতিটি ল্যাপ, পিট স্টপ এবং প্রতিদ্বন্দ্বীকে ওভারটেক করার সম্ভাব্য পরিস্থিতি দ্রুত সিমুলেশন করা যায়। ফলে কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, তা আগেই বিশ্লেষণ করা সম্ভব হয়।

ম্যাকমিলান বলেন, একজন ভালো রেস কৌশলবিদ হতে হলে যৌক্তিক চিন্তাভাবনা, তথ্য বিশ্লেষণ এবং মডেলিংয়ের দক্ষতা থাকতে হয়। তবে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআইভিত্তিক কোডিং টুলের কারণে জটিল সিমুলেশন আগের তুলনায় অনেক দ্রুত পরিচালনা করা যাচ্ছে। এতে রেসের বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে।

গণিতের গবেষণা থেকে ফর্মুলা ওয়ানের কৌশল বিভাগে
জোসেফ ম্যাকমিলান ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গণিতে পিএইচডি সম্পন্ন করে মার্সিডিজ এফ১ দলে যোগ দেন। বর্তমানে তিনি দলটির কৌশল বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। গত ৩ মে মিয়ামি গ্রাঁ প্রি শুরুর আগে তাঁকে ট্র্যাকের পাশের কনসোলে বসে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে দেখা যায়। তখন তাঁর সামনে ছিল রেসের সম্ভাব্য পরিস্থিতি, প্রতিদ্বন্দ্বী চালকদের অবস্থান এবং গাড়ির পারফরম্যান্সসংক্রান্ত নানা তথ্য।

ওই প্রতিযোগিতায় ব্রিটিশ চালক জর্জ রাসেল পঞ্চম স্থান থেকে এবং ১৯ বছর বয়সী কিমি আন্তোনেল্লি পোল পজিশন থেকে রেস শুরু করেন। ফর্মুলা ওয়ানে চালকদের পাশাপাশি কৌশলবিদদেরও প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হয়। বিশেষ করে কখন টায়ার পরিবর্তন করতে হবে, কখন পিট স্টপ নিতে হবে এবং প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার জন্য কোন কৌশল গ্রহণ করতে হবে, তা নির্ধারণ করা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব।

এআইয়ের সহায়তায় বদলে যায় রেসের চিত্র
রেস চলাকালে প্রতিপক্ষের গাড়ির অবস্থান, আবহাওয়া, টায়ারের অবস্থা ও গাড়ির গতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। মিয়ামি গ্রাঁ প্রিতে কিমি আন্তোনেল্লি শুরুতে রেসের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান। পরিস্থিতি বদলে দিতে তখনই আন্ডারকাট কৌশল গ্রহণ করেন ম্যাকমিলান।

আন্ডারকাট হলো প্রতিদ্বন্দ্বী চালকের আগে পিট স্টপ নেওয়ার একটি কৌশল। এর মাধ্যমে নতুন টায়ার লাগিয়ে আবার ট্র্যাকে ফিরে তুলনামূলক বেশি গতি অর্জন করা যায়। ফলে সামনে থাকা প্রতিদ্বন্দ্বী চালক পিট স্টপ নেওয়ার আগেই তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

মিয়ামি গ্রাঁ প্রিতে আবহাওয়া মেঘলা থাকলেও ম্যাকমিলান হালকা ড্রাই টায়ার ব্যবহারের ঝুঁকি নেন। পরিস্থিতি বিশ্লেষণ করে রেডিও ইন্টারকমের মাধ্যমে আন্তোনেল্লিকে সঠিক সময়ে নির্দেশনা দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী আন্তোনেল্লি নতুন টায়ার ব্যবহার করে গতি বাড়ান এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে আবার রেসের নেতৃত্বে ফিরে আসেন। শেষ পর্যন্ত তিনি প্রতিযোগিতায় জয় তুলে নেন।

জয়ের পেছনে তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির ভূমিকা
রেস শেষে কিমি আন্তোনেল্লি দলের কৌশলবিদদের প্রশংসা করেন। তাঁর মতে, দলের সদস্যরা অসাধারণ কাজ করেছেন এবং দুর্দান্ত কৌশলের মাধ্যমে বড় জয় নিশ্চিত করেছেন। অন্যদিকে, ম্যাকমিলান মনে করেন, এই জয় প্রমাণ করে ফর্মুলা ওয়ানে শুধু চালকের দক্ষতা নয়, তথ্য বিশ্লেষণ ও কৌশলগত সিদ্ধান্তও কতটা গুরুত্বপূর্ণ।

বর্তমানে ফর্মুলা ওয়ান রেসিংয়ে প্রতিটি মুহূর্তের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে হাজার হাজার সম্ভাব্য পরিস্থিতি যাচাই করে কৌশল নির্ধারণ করা যাচ্ছে। ফলে প্রযুক্তি এখন শুধু গাড়ির গতি বাড়ানোর ক্ষেত্রেই নয়, বরং প্রতিযোগিতায় জয় নিশ্চিত করার কৌশল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূত্র: মাইক্রোসফট

কালের আলো/এসএ/এসএআর

Link copied!