আর মাত্র দুই দিন পর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। একই দিনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ঘিরেও দর্শকদের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। টিকিটের উচ্চমূল্য ও প্রচারণার ঘাটতিতে শুরুতেই ধাক্কা খাচ্ছে টিকিট বিক্রি। উদ্বোধনী দিনের সাধারণ গ্যালারির প্রায় ৭৫ শতাংশ টিকিট এখনো অবিক্রিত রয়েছে। অথচ এবারের আসরে টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
হাজার টাকার টিকিটে দর্শকের অনাগ্রহ
জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে আসন রয়েছে ১৮ হাজার ৩০০টি। আগামী বৃহস্পতিবার সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। নিজ দেশের খেলা এবং ভারত-পাকিস্তানের মতো আলোচিত ম্যাচ থাকা সত্ত্বেও টিকিট বিক্রিতে প্রত্যাশিত সাড়া মিলছে না। দর্শকদের অভিযোগ, সাধারণ ফুটবলপ্রেমীদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা না করেই টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। ফলে পরিবার, বন্ধু কিংবা স্বজনদের নিয়ে মাঠে বসে খেলা দেখা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।
টিকিট বিক্রির ধীরগতির বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দায় চাপাচ্ছে সাফ কর্তৃপক্ষের ওপর। বাংলাদেশ আয়োজক হলেও টুর্নামেন্টের সার্বিক আয়োজনের দায়িত্ব নিজেদের ব্যবস্থাপনায় রেখেছে সাফ কর্তৃপক্ষ বলে জানিয়েছে বাফুফে। অন্যদিকে টিকিটের উচ্চমূল্য নিয়ে বাফুফের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। বিষয়টি সাফ কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রচারণার ঘাটতিতেও বাড়ছে উদ্বেগ
সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে এবার উল্লেখযোগ্য প্রচারণা চোখে পড়ছে না। টুর্নামেন্টের সঙ্গে দর্শকদের সম্পৃক্ত করা কিংবা গ্যালারি পূর্ণ রাখার জন্যও কার্যকর প্রস্তুতি দৃশ্যমান নয়। ফলে মাঠে দর্শক উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাঠে সাফের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দর্শকদের অনাগ্রহ, টিকিটের উচ্চমূল্য ও প্রচারণার ঘাটতি আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কালের আলো/এএএন/এমএসআইপি
