সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে সাংবাদিক রাজিব ঘোষকেও হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে কী কারণে বা কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেওয়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাঁকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে। এদিকে ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সাংবাদিক রাজিব ঘোষকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁদের জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
কালের আলো/এসকে/এমএসআইপি
