Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০৭ পিএম

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:০৭ পিএম

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচে পারফরম্যান্সে ছিল কিছুটা ঘাটতি। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে যেন সব অপূর্ণতার জবাব দিলেন হামজা চৌধুরীরা। দুর্দান্ত ফুটবল খেলে লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে শামিত সোম, অধিনায়ক হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোলে বড় জয় পায় দল। পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আর মাঠে ফুটবলারদের দাপট মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান।

শুরুতেই এগিয়ে বাংলাদেশ
ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। পাঁচজনের দেয়াল টপকে হামজা চৌধুরীর নেওয়া শট অবশ্য পোস্টের ওপর দিয়ে চলে যায়। তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন ফারহান আলী ওয়াহিদ। তবে বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নেওয়া হয়নি তাঁর।

অষ্টম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে আসা ক্রসে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন শামিত সোম। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে শট নেন হামজা, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে ফারহানের হেডে মাঝখানে আসা বলে পেছন ফিরে ব্যাকফ্লিক করার চেষ্টা করেন হামজা। তাঁর সেই প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধের শেষ দিকে হামজার গোল
ম্যাচের ৩৫ মিনিটে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল শ্রীলঙ্কা। তখন তাদের দখলে ছিল ৫৩ শতাংশ বল। তবে সেই দখল থেকে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। অন্যদিকে ৪৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেই লঙ্কান গোলপোস্ট লক্ষ্য করে ৯টি শট নেয় বাংলাদেশ।

৪০তম মিনিটে বাম দিক থেকে ডি সিলভার বিপজ্জনক ক্রস বাংলাদেশের রক্ষণকে চাপে ফেলেছিল। তবে তা দক্ষতার সঙ্গে সামাল দেন স্বাগতিক দলের ডিফেন্ডাররা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন হামজা। এরপর তাঁর জোরালো শট শ্রীলঙ্কার গোলরক্ষকের হাঁটুতে লেগে বারে আঘাত করে জালে জড়িয়ে যায়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ফারহানের দুর্দান্ত গোলে উচ্ছ্বাস
বিরতির পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৫৩তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক ঘেঁষে এগিয়ে যান তিনি। সামনে বাধা হয়ে দাঁড়ানো একের পর এক তিন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার জায়গা তৈরি করেন। এরপর ডান পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।

ফারহানের এমন গোল দেখে বিস্মিত হন সামনে থাকা হামজা চৌধুরীও। গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাদ উদ্দিনসহ কয়েকজন মিলে ফারহানকে কাঁধে তুলে নেন।

শেষ দিকে রাকিবের চিপ শটে চতুর্থ গোল
৭১তম মিনিটে বাঁ দিক দিয়ে ঢুকে ফয়সাল আহমেদ ফাহিমের নেওয়া শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। এর আগে ৬৫ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের সামনে এগিয়ে এসে বল দখলে নেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কা বিচ্ছিন্ন কিছু আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি।

ম্যাচের ৮৭তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে চতুর্থ গোল পায় বাংলাদেশ। গোলরক্ষক পেরেরার মুখোমুখি হয়ে দুর্দান্ত এক চিপ শটে তাঁকে পরাস্ত করেন রাকিব হোসেন।

এরপর অতিরিক্ত ছয় মিনিট খেলা হলেও গোল শোধ করতে পারেনি শ্রীলঙ্কা। বরং বাংলাদেশ আরও কয়েকবার আক্রমণ চালায়। ফিনিশিংয়ে সফল হলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

কালের আলো/এম/এএইচ

Link copied!