দেশের প্রায় ৬ কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নগর স্বাস্থ্যসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে আগামী ছয় মাস আগের অংশীদারত্বমূলক কাঠামোর আওতায় স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিচালিত হবে। এ সময়ের মধ্যেই একটি টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ সভার আয়োজন করে।
নগর স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
ড. এম এ মুহিত বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না।
এই শূন্যতা পূরণে বর্তমান সরকার নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি জানান, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত আগামী ছয় মাস আগের অংশীদারত্বমূলক কাঠামোতেই পরিচালিত হবে। এ জন্য প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ, টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।
স্বাস্থ্য বাজেট ৫ শতাংশে উন্নীতের লক্ষ্য
স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সরকার বর্তমান বরাদ্দেই সীমাবদ্ধ থাকতে চায় না। আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দে উন্নীত করার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে।
হাসপাতালের বাইরেও গুরুত্ব পাবে নগর স্বাস্থ্য
নগর স্বাস্থ্য ব্যবস্থাকে শুধু হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান ড. এম এ মুহিত। তাঁর মতে, আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোও নগর স্বাস্থ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো সরাসরি শহরে প্রয়োগ না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই করতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।
বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরির আহ্বান
প্রতিমন্ত্রী জানান, পরিকল্পনা কমিশনে ইতোমধ্যে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে। এখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে বাস্তবসম্মত, ব্যয়সাশ্রয়ী এবং বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা দ্রুত প্রণয়ন করা প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট খাতের অংশীজনেরা সভায় মতামত তুলে ধরেন।
কালের আলো/এম/এএইচ
