Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:০৬ পিএম

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:০৬ পিএম

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় বাংলাদেশ। তাই সিরিজ রক্ষা করতে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের। সিলেট টেস্টে খেলা হলো হাড্ডাহাড্ডি। দুদলের পারফরম্যান্সই ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারল না কেউই। ড্র মেনে নিল দুদল। আর এই ম্যাচ ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।

২য় টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৮৬ রান করলে ৩০ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ। ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৪ উইকেটে ১৮৪ রান।

ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রানে ইনিংস ঘোষণার পর তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগতে থাকে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

ওয়ারিকানই ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ৪০ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। লাঞ্চ বিরতির পর চা বিরতিতে যাওয়া পর্যন্ত কোনো উইকেটই হারাতে হয়নি বাংলাদেশকে। এর মাঝেই সেঞ্চুরির পথে এগোতে থাকেন হৃদয়। কিন্তু চা বিরতির পর ব্যিক্তিগত ৮২ রানে থামে তার ইনিংস। এবারও ঘাতক সেই ওয়ারিকান।

মুশফিকের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়েন হৃদয়। হৃদয়ের আউটের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি মুশফিকও। শামার জোসেফের করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে করেন ৪৯ রান।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন লিটন। এর মাঝেই আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। এরপর আর একটা বলও মাঠে গড়ায়নি। ৭ রানে লিটন ও ১ রানে মিরাজ অপরাজিত থাকেন।  

এর আগে টেস্টের শেষ দিন আজ সকালে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারায় তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর বাংলাদেশকে ২য় বার ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা।

শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালোই হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।

কালের আলো/এম/এএইচ

Link copied!