আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আরও এক ধাপ এগিয়ে গেলেন এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে পৌঁছে দিতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মাহি। পোস্টে ভক্ত ও দেশবাসীর উদ্দেশে তিনি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’
যেভাবে ভোট দেবেন মাহিকে
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ভক্তদের ভোট দেওয়ার প্রক্রিয়াও জানিয়েছেন সামিরা খান মাহি। ভোট দিতে অনুসরণ করতে হবে তিনটি ধাপ—
1. অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
2. অ্যাপটি খুলে ‘Vote’ অপশনে যেতে হবে।
3. ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করে বাংলাদেশের পক্ষে ভোট দিতে হবে।
মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন মাহি
গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তাঁকে এই মুকুট পরিয়ে দেন।
এই খেতাব অর্জনের সুবাদে আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নেবেন মাহি। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।
আগের প্রতিনিধিরা পাননি উল্লেখযোগ্য সাফল্য
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব অর্জন করেন। তবে বিশ্বমঞ্চের প্রতিযোগিতায় তাঁদের কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।
এবার সামিরা খান মাহিকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নিতে তাঁর প্রতি সমর্থন জানাতে আহ্বান জানানো হচ্ছে।
কালের আলো/এসএ/জেএন
