Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:২৬ পিএম

গোলের আলো ছাপিয়ে কুবারসির সোনালি স্বীকৃতি

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:২৬ পিএম

গোলের আলো ছাপিয়ে কুবারসির সোনালি স্বীকৃতি

ফুটবলে গোলদাতাদের নিয়ে যত আলোচনা, ডিফেন্ডারদের অবদান নিয়ে ততটা নয়। গোল হলে উদ্‌যাপন হয়, ছবি ওঠে, আলোচনায় আসেন গোলদাতা। কিন্তু প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়া, নিখুঁত ট্যাকল কিংবা বিপজ্জনক মুহূর্তে সঠিক অবস্থান নেওয়ার মতো কাজগুলো অনেক সময় আড়ালেই থেকে যায়। সেই আড়ালে থাকা রক্ষণভাগের খেলোয়াড়দের গুরুত্বই যেন নতুন করে সামনে এনেছে ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

এবারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ সেন্টারব্যাক পাউ কুবারসি। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তিনি। ২০০৩ সালে ইতালির ক্রীড়া দৈনিক তুত্তোস্পোর্ত চালু করেছিল এই পুরস্কার। এবারই প্রথম ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের সঙ্গে যৌথভাবে এটি দেওয়া হয়েছে।

বিশ্বকাপ জয়ের পথে এক মিনিটও মাঠের বাইরে নন
কুবারসির জন্য ২০২৬ সালটি ছিল সাফল্যে ভরা। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন তিনি। বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে একটি মিনিটের জন্যও মাঠের বাইরে থাকতে হয়নি তাঁকে। প্রতিটি ম্যাচে বিশ্বের সেরা আক্রমণভাগের বিপক্ষে দায়িত্ব সামলে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ডিফেন্ডার।

বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটের বাজারমূল্য হালনাগাদে কুবারসির দাম ৮ কোটি ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ইউরোতে। আর্সেনালের উইলিয়াম সালিবার সঙ্গে যৌথভাবে তিনি এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা কুবারসি এখন আর কেবল সম্ভাবনাময় তরুণ নন; বিশ্বমঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন।

গোল্ডেন বয়ের তালিকায় বিরল ডিফেন্ডার
গোল্ডেন বয় পুরস্কারের একটি বিশেষ নিয়ম রয়েছে—একজন খেলোয়াড় তাঁর ক্যারিয়ারে মাত্র একবারই এই স্বীকৃতি পেতে পারেন। ফলে প্রতিবছর নতুন একজন তরুণ ফুটবলারের নাম যুক্ত হয় বিজয়ীদের তালিকায়।

কুবারসির আগে বার্সেলোনার তিন ফুটবলার এই পুরস্কার জিতেছেন। ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং ২০২৪ সালে লামিনে ইয়ামাল পেয়েছিলেন স্বীকৃতিটি। গত বছর পুরস্কার জিতেছিলেন পিএসজির দেজিরে দুয়ে।

এ পর্যন্ত এই পুরস্কারের তালিকায় মূলত আক্রমণভাগ ও মাঝমাঠের খেলোয়াড়দের আধিপত্য দেখা গেছে। রক্ষণভাগের খেলোয়াড়দের মধ্যে কুবারসির আগে মাত্র একজন এই পুরস্কার পেয়েছিলেন। তিনি হলেন ২০১৮ সালের বিজয়ী মাথিয়াস ডি লিট। ফলে কুবারসির জয় ডিফেন্ডারদের জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে।

কঠিন বাছাইপ্রক্রিয়া পেরিয়ে স্বীকৃতি
গোল্ডেন বয় নির্বাচনের জন্য ট্রান্সফার মার্কেটের তৈরি ‘ইউরোপিয়ান গোল্ডেন বয় টপ ১০০’ তালিকাকে ভিত্তি হিসেবে নেওয়া হয়েছিল। এতে জায়গা পেয়েছিলেন ২০০৬ সাল বা তার পরে জন্ম নেওয়া এবং ইউরোপের ২৫টি শক্তিশালী লিগের যেকোনো একটিতে খেলা তরুণ ফুটবলাররা।

খেলোয়াড়দের পারফরম্যান্সের পরিসংখ্যান, সম্ভাবনা, লিগ ও ক্লাবের শক্তি এবং বাজারমূল্য বিবেচনায় নিয়ে তালিকা তৈরি করা হয়। অক্টোবরের শুরুতে প্রাথমিক তালিকা থেকে ২৫ জনকে চূড়ান্ত পর্যায়ে রাখা হয়। পরে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের জুরি পাউ কুবারসিকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন।

ফুটবলে গোল করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিপক্ষকে গোল করতে না দেওয়াও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। কুবারসির এই স্বীকৃতি তাই শুধু একজন তরুণ ফুটবলারের ব্যক্তিগত অর্জন নয়, রক্ষণভাগের খেলোয়াড়দের অবদানকে সামনে আনারও একটি উপলক্ষ।

কালের আলো/এসএ/টিসি
 

Link copied!