Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৩২ পিএম

জিম্বাবুয়ের কাছে রান রেটে হেরে বিদায় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৩২ পিএম

জিম্বাবুয়ের কাছে রান রেটে হেরে বিদায় বাংলাদেশের

থাইল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সেই জয়েও শেষ পর্যন্ত মুখে হাসি ফোটেনি ক্রিকেটারদের। নেট রান রেটে পিছিয়ে থাকায় আইসিসি উইমেনস ইমার্জিং নেশন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। সমান ৪ পয়েন্ট নিয়েও পরের পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে।

বুধবার ওমানের আজমানে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত লক্ষ্য তাড়া করতে নেমে ১২৯ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। শেষ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। বাউন্ডারি হওয়ায় ব্যবধান কমলেও জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তবে ৩ রানের এই জয় সুপার সিক্সে ওঠার জন্য যথেষ্ট হয়নি।

নেট রান রেটের হিসাবেই বিদায়
একই গ্রুপে বাংলাদেশ ও জিম্বাবুয়ে—দুই দলেরই পয়েন্ট ছিল ৪। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় পরের পর্বে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। নেদারল্যান্ডসকে ৩৩ রানে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করে তারা।

টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে জিম্বাবুয়ের নেট রান রেট দাঁড়ায় -০.০৯। অন্যদিকে বাংলাদেশের নেট রান রেট -০.২০। ফলে থাইল্যান্ডের বিপক্ষে আরেকটু বড় ব্যবধানে জিততে পারলেই সুপার সিক্সে ওঠার সুযোগ তৈরি হতো বাংলাদেশের সামনে। শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলাতে পারেনি দল।

নিগার-সোবহানার ব্যাটে ১৩২ রান
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দল। এরপর শারমিন আক্তার ও নিগার সুলতানা ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। শারমিন করেন ১৬ রান।

অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেন নিগার। ৩৬ বলে ৪৫ রান আসে তাঁর ব্যাট থেকে। শেষ দিকে ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারি ২৬ বলে ২৮ রানের কার্যকর ইনিংস খেলেন। তাঁদের অবদানে নির্ধারিত সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান।

শেষ পর্যন্ত লড়েও হারল থাইল্যান্ড
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে থাইল্যান্ড। বাংলাদেশের সানজিদা আক্তার মেঘলার দুই উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই ও অধিনায়ক নারুমল চাওয়াইয়ের ৫২ রানের জুটি ম্যাচে ফেরায় থাইল্যান্ডকে।

নানাপাট ৫৭ এবং নারুমল ৩৩ রান করেন। তাঁদের ব্যাটে শেষ দিকে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ দুই ওভারে থাইল্যান্ডের প্রয়োজন ছিল ২১ রান। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি তারা।

ম্যাচ জিতেও তাই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ নারী দলকে। মাঠের লড়াইয়ে জয় এলেও নেট রান রেটের হিসাব শেষ পর্যন্ত কেড়ে নিল পরের পর্বে খেলার স্বপ্ন।

কালের আলো/এসএ/এএইচ
 

Link copied!