Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৩:০৫ পিএম

বাংলাদেশের ইতিহাস কোনো দল বা ব্যক্তির একক ইতিহাস নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৩:০৫ পিএম

বাংলাদেশের ইতিহাস কোনো দল বা ব্যক্তির একক ইতিহাস নয়: রিজভী

দেশের ইতিহাসকে একদলীয় ও একমাত্রিক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার ও দলটির নেত্রী শেখ হাসিনা—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস কোনো একটি দল বা ব্যক্তির ইতিহাস নয়। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান—সবই বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইতিহাসের সব অধ্যায়কে মূল্যায়নের আহ্বান

রিজভী বলেন, ১৯৭১ সালের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। অথচ তাঁর স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ, ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না।

তিনি বলেন, ৭ নভেম্বরকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস হতে পারে না, তেমনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকেও বাদ দেওয়ার সুযোগ নেই।

ওই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ এবং আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল ও লুৎফুর রহমানসহ ছাত্রনেতাদের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।

বিএনপির এই নেতা বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের চেতনা পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানকেও প্রভাবিত করেছে। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নব্বইয়ের আন্দোলনে ছিল, সেই চেতনা পরবর্তী গণতান্ত্রিক সংগ্রামগুলোতেও কাজ করেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি অধ্যায়কে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। কোনো একটি ইতিহাসকে সামনে রেখে অন্য ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়। ১৯৭১, ৭ নভেম্বর, ১৯৯০ এবং জুলাই—প্রতিটি অধ্যায়ই বাংলাদেশের সংগ্রাম ও অর্জনের ইতিহাসের অংশ।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার তাগিদ

রিজভী বলেন, জুলাইয়ের অর্জনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। তবে শুধু সরকার পেলেই হবে না। গণতন্ত্রকে সুসংহত করতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও গণমাধ্যমকে স্বাধীন, কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। এসব প্রতিষ্ঠান যত শক্তিশালী হবে, দেশের গণতান্ত্রিক ভিত্তিও তত মজবুত হবে বলে মন্তব্য করেন রিজভী।

নব্বইয়ের আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার স্মৃতিচারণ

১৯৯০ সালের আন্দোলনে অংশগ্রহণের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ওই আন্দোলনে তিনি নিজেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে তাঁর শরীরে গুলি লাগে। একটি থ্রি-থ্রি বুলেট পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। ফলে নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বিজয় তাঁকে পরবর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও অনুপ্রাণিত করেছে। সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) খায়রুল কবির খোকন, পাবনা জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!