Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৬ এএম

বদলে যাচ্ছে ইসলামপুরের পাইকারি বাজার!

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪৬ এএম

বদলে যাচ্ছে ইসলামপুরের পাইকারি বাজার!

একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি কাপড় কিনতে পুরান ঢাকার ইসলামপুরে ছুটে আসতেন ব্যবসায়ীরা। শাড়ি, থ্রি-পিস, থান কাপড়সহ নানা ধরনের পোশাক ও কাপড়ের বিশাল সংগ্রহ দেখতে সরগরম থাকত বাজারের অলিগলি। উৎসবের মৌসুমে ক্রেতাদের ভিড়ে পা ফেলার জায়গা থাকত না। পছন্দের পণ্য বাছাই, দরদাম এবং কেনাকাটা শেষ করতে অনেক ব্যবসায়ীকে ঢাকায় থাকতে হতো কয়েক দিন। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন আর পণ্য কিনতে সবাইকে ইসলামপুরে আসতে হচ্ছে না। মোবাইল ফোনে ছবি ও ভিডিও দেখে, এমনকি সরাসরি ভিডিও কলে কাপড় যাচাই করেই অর্ডার দিচ্ছেন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। টাকা পরিশোধ করছেন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এরপর কুরিয়ার কিংবা পার্সেল সেবায় পণ্য পৌঁছে যাচ্ছে তাঁদের দোকানে।

প্রায় ২৫৩ বছরের ঐতিহ্যবাহী ইসলামপুরের পাইকারি কাপড়ের বাজারে প্রযুক্তির এই ব্যবহার ব্যবসার ধরন বদলে দিচ্ছে। একদিকে সরাসরি বাজারে আসা ক্রেতার চাপ কিছুটা কমছে, অন্যদিকে অনলাইন যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে বাড়ছে লেনদেনের সুযোগ। ফলে ঐতিহ্যবাহী এই বাজারের বাণিজ্য এখন অনেকটাই মুঠোফোননির্ভর হয়ে উঠছে।

দোকানে বসেই ভিডিও কলে দেখানো হচ্ছে কাপড়
ইসলামপুরের সরু রাস্তার দুই পাশে সারি সারি কাপড়ের দোকান। কোথাও শাড়ির সমাহার, কোথাও থ্রি-পিস, আবার কোথাও স্তূপ করে রাখা থান কাপড়। এসব দোকানে এখন ক্রেতাদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে স্মার্টফোন।

সম্প্রতি বাজারের ওহাব এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, দোকানের কর্মচারী আশিক আহমেদ এক ক্রেতার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ফোনের ক্যামেরায় একের পর এক কাপড় দেখাচ্ছেন তিনি। অন্য প্রান্তে থাকা ক্রেতা কাপড়ের রং, নকশা ও দাম সম্পর্কে জানতে চাইছেন। পছন্দ হলে দরদাম করে অর্ডার নিশ্চিত করবেন।

একই চিত্র দেখা গেছে খাদিজা মনি থ্রি-পিস সেন্টারে। সেখানে কর্মী আলামীন বিভিন্ন ধরনের কাপড়ের ভিডিও ধারণ করছিলেন। পরে সেসব ভিডিও হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের পাঠানো হবে। ক্রেতারা পণ্য পছন্দ করলে দরদাম শেষে অর্ডার নেওয়া হবে। এরপর কুরিয়ারে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে কাপড়।

এভাবে দোকানে না এসেও ক্রেতারা পণ্যের ধরন, রং, নকশা ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। ফলে ঢাকায় আসার আগে থেকেই কেনাকাটার বড় একটি অংশ সেরে নেওয়া সম্ভব হচ্ছে।

ফোনেই অর্ডার, টাকা গেলেই কুরিয়ারে পণ্য
আগে ইসলামপুরে এসে পণ্য বাছাই, দরদাম ও কেনাকাটা শেষ করে নিজ নিজ এলাকায় ফিরতে হতো দূরের ব্যবসায়ীদের। এতে যাতায়াত, থাকা-খাওয়া এবং পণ্য পরিবহনে বাড়তি খরচ হতো। এখন সেই প্রক্রিয়া অনেকটাই সহজ হয়েছে।

ব্যবসায়ীরা দোকানে বসে পণ্যের ছবি ও ভিডিও তৈরি করে ক্রেতাদের কাছে পাঠাচ্ছেন। কেউ সরাসরি ভিডিও কলে পণ্য দেখাচ্ছেন, আবার কেউ ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নিয়মিত নতুন সংগ্রহের ছবি প্রকাশ করছেন। ক্রেতারা পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করে অর্ডার দিচ্ছেন। এরপর ব্যাংক বা বিকাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা পরিশোধ করছেন। মূল্য নিশ্চিত হওয়ার পর বিক্রেতারা কুরিয়ার বা পার্সেল সেবায় পণ্য পাঠিয়ে দিচ্ছেন।

ওহাব এন্টারপ্রাইজের কর্মচারী আশিক আহমেদ বলেন, আগে ঢাকার বাইরের ব্যবসায়ীরা পণ্য কিনতে এসে কয়েক দিন অবস্থান করতেন। এখন মোবাইলে ছবি ও ভিডিও দেখে পছন্দের পণ্য অর্ডার করেন। পরে কুরিয়ারে তাঁদের কাছে পণ্য পাঠিয়ে দেওয়া হয়। এতে সময় বাঁচছে, কেনাকাটাও সহজ হচ্ছে।

খাদিজা মনি থ্রি-পিস সেন্টারের আলামীন বলেন, শুধু দোকানে বসে থাকলে এখন ক্রেতা পাওয়া কঠিন। ফেসবুক, লাইভ ভিডিও ও অনলাইন যোগাযোগের মাধ্যমে পণ্য দেখাতে হয়। ক্রেতারা পছন্দ করলে অর্ডার করেন। পরে কুরিয়ারে পণ্য পাঠিয়ে দেওয়া হয়।

ব্যবসার ধরন বদলেছে, কমেছে সরাসরি ক্রেতার চাপ
দীর্ঘদিন ধরে ইসলামপুরে ব্যবসা করছেন এমন ব্যবসায়ীদের মতে, আগে উৎসবের মৌসুমে দোকানগুলোতে ক্রেতাদের প্রচুর ভিড় থাকত। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা দল বেঁধে আসতেন। কিন্তু এখন অনেকেই ফোনে পণ্য দেখে অর্ডার দিচ্ছেন। ফলে আগের মতো সব ক্রেতাকে সরাসরি বাজারে আসতে হচ্ছে না।

প্রায় ৩০ বছর ধরে জুতা ও চামড়াজাত পণ্যের পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত মাহবুবুর রহমান বলেন, আগে উৎসবের মৌসুমে দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় হতো। এখন অনেক ব্যবসায়ী ফোনে পণ্যের নমুনা দেখে অর্ডার দেন। ফলে আগের মতো সবাইকে সরাসরি বাজারে আসতে হয় না।

গুলশান আরা সিটির ব্যবসায়ী সাইফুল আলমের মতে, ইসলামপুরে এখনো বিভিন্ন ধরনের কাপড়ের বড় সংগ্রহ রয়েছে। তবে দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন পাইকারি বাজার গড়ে ওঠায় ব্যবসায়ীদের বিকল্প বেড়েছে। ফলে কেউ ইসলামপুরে এসে পণ্য কিনছেন, আবার কেউ নিজ এলাকার বাজার থেকেই প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করছেন। অর্থাৎ শুধু অনলাইন কেনাকাটাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি বাজারের বিস্তারও ইসলামপুরে সরাসরি ক্রেতা আসার প্রবণতায় পরিবর্তন আনছে।

যাতায়াত খরচ ও সময় বাঁচাচ্ছে অনলাইন কেনাকাটা
ইসলামপুরে পণ্য কিনতে আসার ক্ষেত্রে দূরের ব্যবসায়ীদের বড় ভোগান্তি ছিল যাতায়াত। পণ্য বাছাই ও কেনাকাটার জন্য ঢাকায় এসে কয়েক দিন থাকতে হতো। যাতায়াতের পাশাপাশি থাকা-খাওয়া ও পণ্য পরিবহনে বাড়তি খরচ বহন করতে হতো। সঙ্গে নগদ টাকা বহনের নিরাপত্তাঝুঁকিও ছিল।

এখন মোবাইল ফোনে পণ্য দেখে অর্ডার দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় এসব ঝামেলা অনেকটাই কমেছে। বিশেষ করে ছোট ও নিয়মিত অর্ডারের ক্ষেত্রে ব্যবসায়ীরা অনলাইন যোগাযোগকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, আগে দূরের ক্রেতাদের পণ্য কিনতে ঢাকায় আসতে হতো। এখন ফোনেই পণ্য দেখিয়ে অর্ডার নেওয়া যায়। টাকা পাওয়ার পর কুরিয়ারে পণ্য পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্রেতাদের সময় ও যাতায়াতের খরচ কমছে।

ইসলামপুরের যানজটও দূরে রাখছে ক্রেতাদের
অনলাইনে কেনাকাটার পাশাপাশি পুরান ঢাকার যানজটও ইসলামপুরে সরাসরি আসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সদরঘাট, রায়সাহেব বাজার ও গুলিস্তান এলাকায় যানজটে আটকে দীর্ঘ সময় নষ্ট হয়। বাজারে পৌঁছানো, কেনাকাটা শেষ করা এবং পণ্য নিয়ে ফিরে আসা—সব মিলিয়ে ব্যবসায়ীদের একটি পুরো দিন ব্যয় হয়ে যেতে পারে।

যশোরের ব্যবসায়ী আশরাফ হোসেন বলেন, ইসলামপুরে পণ্য কিনতে গেলে সদরঘাট, রায়সাহেব বাজার ও গুলিস্তানের দিকের যানজটে অনেক সময় আটকে থাকতে হয়। বাজারে পৌঁছাতেই অনেক সময় চলে যায়। আবার কেনাকাটা শেষে পণ্য নিয়ে ফিরতেও ভোগান্তি হয়। এ কারণে প্রয়োজন ছাড়া এখন ঢাকায় যেতে চান না। ছোট অর্ডারের ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে পণ্য নেওয়ার চেষ্টা করেন।

তবে সব ব্যবসায়ীই যে অনলাইন কেনাকাটার ওপর পুরোপুরি নির্ভর করছেন, তা নয়। অনেকের কাছে সরাসরি পণ্য দেখা, মান যাচাই এবং দরদামের সুযোগ এখনো গুরুত্বপূর্ণ। নড়াইলের ব্যবসায়ী বরকত মোল্লা বলেন, এক জায়গায় অনেক ধরনের কাপড় পাওয়া যায়। সরাসরি দেখে মান যাচাই করা যায়, আবার দামাদামির সুযোগও থাকে। তাই বড় অর্ডারের জন্য এখনো ইসলামপুরে যান।

বড় অর্ডারে সরাসরি বাজারে যাওয়ার আগ্রহ
ব্যবসায়ীদের মতে, ছোট অর্ডার কিংবা পরিচিত বিক্রেতার কাছ থেকে নিয়মিত পণ্য কেনার ক্ষেত্রে অনলাইন পদ্ধতি বেশ সুবিধাজনক। কিন্তু নতুন কোনো ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কেনা কিংবা বড় অঙ্কের অর্ডারের ক্ষেত্রে সরাসরি বাজারে গিয়ে কাপড়ের মান যাচাই করার প্রয়োজন রয়েছে।

বিশেষ করে কাপড়ের রং, বুনন, মান ও প্রকৃত গুণগত বৈশিষ্ট্য ভিডিওতে সব সময় পুরোপুরি বোঝা যায় না। আবার ছবি বা ভিডিওর সঙ্গে বাস্তব পণ্যের পার্থক্য থাকার আশঙ্কাও থাকে। এ কারণে বড় কেনাকাটার ক্ষেত্রে অনেক ব্যবসায়ী এখনো সরাসরি ইসলামপুরে আসেন।

তবে অনলাইন ও সরাসরি কেনাকাটার এই সমন্বিত ব্যবস্থায় ব্যবসায়ীদের সামনে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। দোকানে না এসেও দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া যাচ্ছে। এতে ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার বাজারে নতুন বাস্তবতা
ইসলামপুরে বর্তমানে ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার দোকান রয়েছে। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, এই বাজারে বছরে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয়। দুই ঈদের আগে বাজারটি সবচেয়ে বেশি জমজমাট হয়ে ওঠে। তখন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা।

তবে ঐতিহ্যবাহী এই বাজারের বাণিজ্যিক কার্যক্রমে এখন প্রযুক্তির প্রভাব স্পষ্ট। আগে যেখানে ক্রেতা-বিক্রেতার সরাসরি উপস্থিতিই ছিল ব্যবসার প্রধান ভিত্তি, সেখানে এখন মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কল, ব্যাংকিং ও কুরিয়ার সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে ইসলামপুরের পাইকারি কাপড়ের বাজার হারাচ্ছে না তার বাণিজ্যিক গুরুত্ব; বরং বদলে যাচ্ছে কেনাবেচার পদ্ধতি। ক্রেতারা কেউ এখনো সরাসরি বাজারে এসে পণ্য যাচাই করছেন, আবার কেউ হাজার কিলোমিটার দূরে বসেই ভিডিও কলে শাড়ি-থ্রি-পিস পছন্দ করে অর্ডার দিচ্ছেন। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির এই মেলবন্ধনই ইসলামপুরের পাইকারি ব্যবসায় নতুন বাস্তবতা তৈরি করছে।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!