দেশে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারিক কার্যক্রম চললেও অনেক ক্ষেত্রে রায় কার্যকর হতে বছরের পর বছর লেগে যাচ্ছে। এতে বিচারব্যবস্থা ও আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
তিনি বলেন, শুধু ন্যায়বিচার নিশ্চিত করলেই হবে না, সেটি মানুষের সামনে দৃশ্যমান করতে হবে। মানুষ যদি মনে করে দেশে ন্যায়বিচার হচ্ছে না, তাহলে রাষ্ট্রের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস কমে যাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, অপরাধী গ্রেপ্তারের পরও বিচার না হওয়া কিংবা জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধী গ্রেপ্তার হওয়া ইতিবাচক। তবে বিচার নিশ্চিত না হলে মানুষের প্রত্যাশা পূরণ হয় না।
তিনি বলেন, অপরাধ প্রতিরোধ, অপরাধী গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, যথাযথ অভিযোগপত্র দাখিল এবং রাষ্ট্রপক্ষের মাধ্যমে মামলা পরিচালনা করা সরকারের দায়িত্ব। ফৌজদারি বিচারব্যবস্থার এসব পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা পৃথকীকরণের বিষয়টি জনগণকে বুঝতে হবে। বিচার বিভাগ একটি স্বাধীন প্রতিষ্ঠান। সরকারের সঙ্গে বিচার বিভাগের দায়িত্ব এক নয়। অনেক ক্ষেত্রে আদালতে সরকারও হেরে যায়, যা বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার বিষয়টি তুলে ধরে।
সাত খুন ও রসু খার মামলার উদাহরণ
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বোঝাতে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার উদাহরণ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, এ মামলার আসামিদের অনেক আগেই রায় হয়েছে। তারপরও রায় কার্যকরে দীর্ঘ সময় লাগছে। একইভাবে রসু খার মৃত্যুদণ্ডের রায়ও এখনো কার্যকর হয়নি। এ ধরনের বিলম্ব মানুষের মধ্যে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি করে।
বিচারকদের ওপর বিপুলসংখ্যক মামলার চাপ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগের বাস্তবতা বিবেচনায় নিতে হবে। তবে ন্যায়বিচার শুধু নিশ্চিত করলেই চলবে না, সাধারণ মানুষের কাছেও তা দৃশ্যমান হতে হবে।
সরকারের দায়িত্ব পালনে ঘাটতি থাকার কথা স্বীকার করে জাহেদ উর রহমান বলেন, অপরাধ প্রতিরোধ থেকে শুরু করে গ্রেপ্তার, তদন্ত, অভিযোগপত্র দাখিল ও মামলা পরিচালনার প্রতিটি পর্যায়ে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। এসব ক্ষেত্রে ভুলত্রুটি ও সমস্যা রয়েছে। সরকার সেগুলো সমাধানের চেষ্টা করবে।
ভর্তুকি দেওয়ার সক্ষমতা কমছে সরকারের
জ্বালানির দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার ভর্তুকি দিয়ে দাম কম রাখতে পারে। কিন্তু ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। সাময়িকভাবে দাম কম রাখা গেলেও দীর্ঘ মেয়াদে তা জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর মধ্যেও দীর্ঘমেয়াদি কল্যাণ রয়েছে। অর্থনীতির মৌলিক বিষয় যারা বোঝেন, তারা সরকারের ভর্তুকি দেওয়ার সক্ষমতা কমে আসার বিষয়টি বুঝতে পারবেন।
চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, শুধু বাজার তদারকি করে সব সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার অর্থনীতিতে নজরদারিরও সীমাবদ্ধতা রয়েছে। এ ক্ষেত্রে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোই কার্যকর উদ্যোগ হতে পারে।
তিনি জানান, সরকার চালের মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যাপ্ত মজুত নিশ্চিত করে প্রয়োজনে বাজারে চালের সরবরাহ বাড়ানো হবে। পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ বাড়িয়ে বাজারে হস্তক্ষেপ করা বেশি কার্যকর।
নতুন শিক্ষাবর্ষে বিনা মূল্যে পোশাক দেওয়ার পাইলট প্রকল্প
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দকে আশাব্যঞ্জক উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে।
সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও অন্যান্য শিক্ষা উপকরণ দেওয়ার ঘোষণা ছিল। এ বিষয়ে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে এখনো তা বাস্তবায়িত হয়নি।
আগামী শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় প্রকল্পের ক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প নেওয়া উচিত। আগামী বছরের শুরুতে এ প্রকল্প চালু হবে বলে তিনি নিশ্চিত করেন।
কালের আলো/এম/এএইচ
