বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসব অপরাধে জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নাশকতা প্রতিরোধে জনগণের সহযোগিতা চান নুর
নুরুল হক নুর বলেন, যারা বাসে আগুন দিচ্ছে এবং ককটেল নিক্ষেপ করছে, তাদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে কারা সহযোগিতা করছে, সে তথ্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে নুর বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিতে পারত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কাও ছিল।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিকভাবে সচেতন জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আধিপত্যবাদী অপতৎপরতা প্রতিহত করা সম্ভব হয়েছিল। এ কারণে ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য
আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে নুর বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর রাজনৈতিক অস্তিত্ব নেই। গণমাধ্যমে আলোচনা, টকশো ও সংবাদ প্রকাশের মাধ্যমে দলটিকে অযথা আলোচনায় রাখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় এসেছে। যেকোনো অপশক্তি মোকাবিলায় জনগণকে সঙ্গে রাখতে হবে। এ সময় জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলগুলোর প্রতি জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
শ্রমিকদের অধিকার ও ফুটপাত নিয়ে বক্তব্য
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে নুর বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের বেতনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং ব্যবস্থার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত উচ্ছেদের পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনস্বার্থমূলক এসব কাজে বিরোধী দলগুলোর ইতিবাচক সহযোগিতা করা উচিত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। এ ছাড়া গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহবুব মোর্শেদ, ফারুক হাসান, এহসান মাহমুদ, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
