রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই কাজ বন্ধ করে বেরিয়ে এসেছেন। পরে তাঁরা সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৪৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।
কাজে যোগ দিয়েই কারখানা ছাড়েন শ্রমিকেরা
সূত্র জানায়, শিয়ালবাড়ী এলাকার রাইজিং গ্রুপের প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার শ্রমিক বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেন। তবে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তাঁরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এরপর শ্রমিকেরা পাশের দুটি পোশাক কারখানা—প্রোস্টার ইন্ডাস্ট্রি কোম্পানি ও কেটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের দিকে অগ্রসর হন। এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন
শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা এবং অন্য কারখানার শ্রমিকদের কাজে বাধা দেওয়ার পরিস্থিতিতে শিয়ালবাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. তারেক জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি
