Kaler Alo
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১০:১৯ পিএম

জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে, রাষ্ট্র চলবে যৌক্তিকতায়: মন্ত্রীর জোরালো অবস্থান

কালের আলো ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১০:১৯ পিএম

জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে, রাষ্ট্র চলবে যৌক্তিকতায়: মন্ত্রীর জোরালো অবস্থান

রাষ্ট্র পরিচালনার প্রশ্নে আবেগ, রাগ কিংবা ক্ষোভের জায়গা নেই; সেখানে গুরুত্ব পেতে হবে যৌক্তিকতাকে। আবার সময়ের প্রয়োজনে পরিবর্তনের পথও বন্ধ রাখা যাবে না। তবে সেই পরিবর্তন হতে হবে সংবিধানের মৌলিক ভিত্তি অক্ষুণ্ণ রেখে। রাষ্ট্র ও সংবিধান নিয়ে এমন অবস্থানের কথা তুলে ধরেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত 'বাংলাদেশের সংবিধান দিবস' উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের ভিত্তিতে পরিচালিত হতে পারে না, রাষ্ট্র চলে যৌক্তিকতার ওপর ভিত্তি করে। সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই সংবিধানে পরিবর্তন আসে, তবে তা সংবিধানের মৌলিক ভিত্তিগুলোকে বিনষ্ট করে নয়।

  • রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের ভিত্তিতে পরিচালিত হতে পারে না—বললেন ডা. জাহিদ হোসেন 
  • বাড়াবাড়ি প্রত্যাখ্যান করে জনগণ; সম্প্রীতির বাংলাদেশ বিশ্বে বিরল দৃষ্টান্ত

জনগণের রায় ও বাড়াবাড়ির রাজনীতি
জনগণের পছন্দ-অপছন্দ এবং রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রসঙ্গও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে। মন্ত্রী বলেন, 'এ দেশের জনগণ কখনোই বাড়াবাড়িকে পছন্দ করে না, যারাই বাড়াবাড়ি করেছে, জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে এদেশের মানুষ কখনোই ভুল করে না উল্লেখ করে তিনি বলেন, যারা সংবিধান সংশোধনের পক্ষে ছিল, জনগণ তাদেরকেই সমর্থন দিয়েছে এবং নির্বাচিত করেছে।'

প্রতিকূলতার মধ্যেও সম্প্রীতির বাংলাদেশ
শুধু সংবিধান কিংবা রাষ্ট্র পরিচালনার নীতিই নয়, বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও পারস্পরিক সম্প্রীতির বিষয়টিও গুরুত্ব পায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির বক্তব্যে। মন্ত্রী আরও বলেন, 'ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তারপরেও শত প্রতিকূলতা পেরিয়ে আমরা যে সম্প্রীতি নিয়ে মিলেমিশে বসবাস করছি, তা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত।' তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান এমপি। এ ছাড়া আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জ্যেষ্ঠ এডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, আইনজীবী, বুদ্ধিজীবী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসএএকে/এমকে

Link copied!