ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার কথা রয়েছে। তবে এ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসির ঘোষিত তফসিলের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে ইউপি নির্বাচনের কয়েক ধাপের তারিখ ঘোষণার বিষয়টি জানতে পেরেছে। এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো চিঠি, যোগাযোগ বা আলোচনা হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সাধারণত সরকারের সঙ্গে আলোচনা করা হয়।
প্রচলিত প্রক্রিয়ার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন সাধারণত সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা কমিটির সভাসহ প্রয়োজনীয় বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ সময় বাজেটসহ বিভিন্ন বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।
প্রতিমন্ত্রী আবারও বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছুই জানে না।
এর আগে সোমবার নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ ধাপে চট্টগ্রাম ও কুমিল্লার তিনটি করে উপজেলা রাখা হয়েছে। এছাড়া যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় ভোট নেওয়া হবে।
কালের আলো/এমএসআইপি



















