দেশে কোনো ধরনের অস্থিরতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ ও বিনিয়োগের অনুকূল পরিস্থিতি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। কোনোভাবেই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ষড়যন্ত্র ও নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতনের পর কেউ যদি কোনোভাবে সেই শক্তিকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতির সামনে তা উন্মোচন করা হবে।
তিনি বলেন, কারা কারা এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে। কোনো সম্মিলিত ষড়যন্ত্র থাকলে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণসহ তা প্রকাশ করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা নস্যাৎ করে দিচ্ছে।
বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত বাস ও চালক-হেলপারবিহীন গাড়িতে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যৌক্তিক নয়।
তিনি বলেন, এ ধরনের দু-একটি প্রতীকী ঘটনাকে একত্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে বলে প্রচার করা ঠিক নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তায় সমন্বিত কার্যক্রম
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।
বিভিন্ন ধরনের উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
অপরাধের হার নিয়ে প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত দাবি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে।
তার মতে, আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সীমান্তের ওপার থেকেও তাদের ইন্ধন দেওয়া হচ্ছে। দেশের ভেতরে কারা এসব কর্মকাণ্ডে জড়িত এবং কারা সহযোগিতা করছে, তা যথাসময়ে প্রকাশ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি-অবনতি নিয়ে বিস্তারিত বক্তব্য দিতে হলে আগামীকাল সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন বলেও জানান তিনি।
কালের আলো/এম/এএইচ
