এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ৬০০ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম প্রকাশিত ফলে অকৃতকার্য হওয়া ২০ জনও রয়েছেন। এ ছাড়া পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।
বোর্ডভিত্তিক নতুন জিপিএ–৫
প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন করে জিপিএ–৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লা বোর্ডে ১২০, রাজশাহী বোর্ডে ৫৬, যশোর বোর্ডে ১৬২, চট্টগ্রাম বোর্ডে ১০১, বরিশাল বোর্ডে ২১, সিলেট বোর্ডে ৭৭, দিনাজপুর বোর্ডে ১৩৪ এবং ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন রয়েছেন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছেন।
পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন প্রায় ৩ লাখ
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাঁদের উত্তরপত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।
ফল পরিবর্তন হয়েছে হাজারো পরীক্ষার্থীর
পুনর্নিরীক্ষণের পর অনেক পরীক্ষার্থীর গ্রেড ও নম্বরে পরিবর্তন এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তনের কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে পাওয়া তথ্যের সঙ্গে ওই সংখ্যার গরমিল দেখা গেছে।
কালের আলো/এসএ/এমএসআইপি


-20261123114953.jpg)









-20261121140412.jpg)






