অভিনয়ে অনেকটা অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবনযাপন করছেন এই অভিনেত্রী। তাঁর জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভ্রমণ। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই ঘুরে বেড়ান দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। এবার শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আলোচনায় এসেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন প্রভা। কালো পোশাক ও কালো সানগ্লাসে ছবিগুলোতে দেখা যায় তাঁকে। প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এক মনোরম পরিবেশে তোলা ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।
নাইন আর্চ ব্রিজে প্রভার ছবি
ফেসবুক পোস্ট থেকে জানা যায়, শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটনকেন্দ্র নাইন আর্চ ব্রিজে ঘুরতে গেছেন অভিনেত্রী। দেশটির পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা।
জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ভ্রমণে যান তিনি। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করে একা ভ্রমণের বিষয়টি জানান অভিনেত্রী।
বন্ধুদের রেখে একাই ঘুরতে পছন্দ করেন
ভিডিও বার্তায় প্রভা বলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গিয়ে বিরক্ত লাগে কি না। তবে সুন্দর জায়গাগুলোতে গেলে বিরক্ত হওয়ার কোনো কারণ দেখেন না তিনি।
প্রভা জানান, তাঁর বন্ধুরা খুব বেশি পরিশ্রম করতে চান না। অথচ তিনি যেসব জায়গায় ঘুরতে যান, সেসব স্থানে অনেক হাঁটতে হয়। এ কারণে বন্ধুরা যেতে চান না এবং নানা অজুহাত দেখান। তাই তাঁদের রেখে একাই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি।
অচেনা জায়গা দেখা, প্রকৃতির কাছাকাছি সময় কাটানো আর নিজের মতো করে ভ্রমণের আনন্দ উপভোগ করতেই একাকী ভ্রমণকে বেছে নেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ/জেএন
