Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৫০ পিএম

হাসিনার প্রত্যাবর্তনে ‘না’, এক কাতারে তিন দল

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৫০ পিএম

হাসিনার প্রত্যাবর্তনে ‘না’, এক কাতারে তিন দল

রাজনীতির মাঠে মতবিরোধ, পাল্টাপাল্টি অবস্থান ও দূরত্ব—তবু একটি প্রশ্নে এক বিন্দুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেটি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ডিসেম্বরকেন্দ্রিক ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-জল্পনা চললেও তিন দলই বলছে, তার ফিরে আসার বাস্তব সম্ভাবনা নেই। তবে ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা, নাশকতা কিংবা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই।

  • বিএনপি-জামায়াত-এনসিপির অভিন্ন অবস্থান
  • ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতায় নজর
  • নাশকতার আশঙ্কায় মাঠপর্যায়ে সতর্কতা

সংবিধান সংশোধনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে তিন দলের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে তাদের অবস্থান অভিন্ন। বিএনপি, জামায়াত ও এনসিপি—তিন দলই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। এখনই আলাদা কোনো প্রতিরোধ কর্মসূচির প্রস্তুতি না থাকলেও ডিসেম্বরের আগে পরিস্থিতি উত্তপ্ত হলে মাঠে নামার সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আপাতত অপেক্ষা, তবে প্রস্তুতিতে শিথিলতা নেই।

দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তব কোনো উদ্যোগের চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন তারা। তাদের মতে, ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। বিশেষ পরিস্থিতি তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

ডিসেম্বর ঘিরে বাড়ছে সতর্কতা
সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার খবর প্রকাশের পর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের সাংগঠনিক ইউনিটগুলোকে মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা এবং নাশকতায় জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর রাখার কথাও জানিয়েছেন দলগুলোর নেতারা। তবে কোনো অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। ক্ষমতা হারিয়ে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তিনি হঠাৎ দেশে ফিরে আসবেন আর জনগণ তাকে অভ্যর্থনা জানাবে—এমনটি হওয়ার সুযোগ নেই। দেশের মানুষের রক্ত ঝরিয়ে দেশত্যাগ করা ব্যক্তিকে জনগণ মেনে নেবে না। জনগণই তাকে প্রতিরোধ করবে।

বিএনপি: ফিরলে আইনের মুখোমুখি হতে হবে
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ও সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি এখন নেই। সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ নিয়ে দলের মধ্যে বিশেষ কোনো আলোচনা নেই। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা তাদের সহযোগীরা যাতে দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে।

তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মোকাবিলায় বাড়তি কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এ ধরনের বিষয় মোকাবিলার দায়িত্ব প্রচলিত আইন ও বিচারব্যবস্থার। তবে পরিস্থিতির দাবি অনুযায়ী দলমত নির্বিশেষে তাকে প্রতিরোধ করা হবে।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার হুমকি-ধমকিকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না। দেশে ফিরলে আইনের মাধ্যমেই তার বিচার হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ হাসিনা একজন পলাতক আসামি। দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। ডিসেম্বর ঘিরে জ্বালাও-পোড়াও কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর জবাব দেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে দলীয়ভাবে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আওয়ামী লীগকে কোনো একক রাজনৈতিক দল নয়, বরং ছাত্র-জনতাসহ দেশের সর্বস্তরের মানুষ ক্ষমতাচ্যুত করেছে। ফলে হাসিনা ফিরলে জনগণই ব্যবস্থা নেবে।

জামায়াতের চোখে রাজনৈতিক স্টান্টবাজি
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আওয়ামী লীগ মূলত তাদের কর্মীদের চাঙা রাখা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। নানা অপতৎপরতার মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যখন পুলিশ-প্রশাসনসহ রাষ্ট্রের সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দেশে ফেরার মতো শক্তি-সামর্থ্য আছে বলে মনে হয় না। ডিসেম্বর ঘিরে যেসব আশঙ্কা তৈরি হচ্ছে, তা মোকাবিলায় সরকার রয়েছে। তবে হাসিনা ফিরতে চাইলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।

এনসিপির ঘোষণা, ফিরলে জনগণকে নিয়ে প্রতিরোধ
এনসিপিও শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিরোধিতায় অনড়। দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, শেখ হাসিনা ফিরে আসার কথা বললেও তিনি বাস্তবে আসবেন বলে মনে হয় না। তবে ফিরলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তার অভিযোগ, আওয়ামী লীগ দেশে অরাজকতা, সহিংসতা ও নাশকতা তৈরির চেষ্টা করতে পারে। এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে এনসিপি সরকারের পাশে থাকবে বলেও জানান।

প্রত্যর্পণ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, চোরাগোপ্তা মিছিল, ঝটিকা হামলা কিংবা ককটেল বিস্ফোরণের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দীর্ঘদিনের শাসনামলের জন্য দলটি জনগণের কাছে ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রশ্নে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।

নজর এখন ডিসেম্বরের দিকে
শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি আপাতত একই অবস্থানে থাকলেও তিন দলের রাজনৈতিক হিসাব-নিকাশে রয়েছে ভিন্নতা। কেউ বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মধ্যে রাখতে চায়, কেউ দেখছে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে, আবার কেউ সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের কথা বলছে।

তবে একটি বিষয়ে তিন দলের উদ্বেগ স্পষ্ট—শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন। সে কারণে ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সতর্কতা। আপাতত রাজপথে নতুন কোনো কর্মসূচি নেই। কিন্তু পরিস্থিতি বদলালে সেই সিদ্ধান্তও বদলাতে পারে।

কালের আলো/জেএন/এমকে

Link copied!