রান্নার গ্যাসের বাজারে প্রতিযোগিতার সুযোগ থাকলেও বাস্তবে তা সীমিত হয়ে পড়েছে। দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের। আমদানির অনুমতি ও অবকাঠামো আছে ২৩টি কোম্পানির। কিন্তু নিয়মিত আমদানি করছে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান। আর্থিক সংকট, ব্যাংকঋণ ও ঋণপত্র (এলসি) খোলার জটিলতায় অনেক কোম্পানির আমদানি কার্যক্রম বন্ধ কিংবা সীমিত। ফলে বিপুল বিনিয়োগে গড়ে তোলা মজুত ট্যাংক, বটলিং প্ল্যান্ট ও কোটি কোটি সিলিন্ডার পড়ে আছে অব্যবহৃত অবস্থায়।
- ৩৫ প্রতিষ্ঠানের লাইসেন্স, আমদানি করছে হাতেগোনা কয়েকটি
- ৬৮ শতাংশ সরবরাহ চার কোম্পানির নিয়ন্ত্রণে, নির্ধারিত দামেও মিলছে না সিলিন্ডার
- বাড়তি দামে নাকাল সাধারণ ক্রেতা
এই পরিস্থিতিতে দেশের এলপিজি বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র কয়েকটি কোম্পানি। চার প্রতিষ্ঠানের হাতেই রয়েছে মোট সরবরাহের প্রায় ৬৮ শতাংশ। সীমিত প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ মজুত, পরিবহন ও বিতরণ ব্যয়ের প্রভাবও পড়ছে ভোক্তা পর্যায়ে। নির্ধারিত মূল্যেও অনেক ক্ষেত্রে মিলছে না ১২ কেজির সিলিন্ডার। কোথাও কোথাও আড়াই হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রান্নার গ্যাস।
সংশ্লিষ্টদের মতে, বাজারে নতুন প্রতিষ্ঠান প্রবেশের সুযোগ থাকলেও বিদ্যমান কোম্পানিগুলোর আর্থিক ও পরিচালনাগত সংকট কাটানো যাচ্ছে না। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের আমদানি ও সংরক্ষণের সক্ষমতা রয়েছে, সেগুলোও পুরোপুরি কাজে লাগছে না। ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে। প্রতিযোগিতামূলক বাজার গড়ে না ওঠায় এর প্রভাব শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
চার কোম্পানির নিয়ন্ত্রণে ৬৮ শতাংশ বাজার
সংশ্লিষ্ট একাধিক সংস্থার তথ্য অনুযায়ী, দেশে প্রতি মাসে দেড় লাখ টনের বেশি এলপিজি ব্যবহার হয়। এর প্রায় ৯৮ শতাংশই আমদানি করে বেসরকারি কোম্পানিগুলো। তবে বাজারের সরবরাহ ব্যবস্থায় সব প্রতিষ্ঠানের অংশগ্রহণ সমান নয়।
ওমেরা পেট্রোলিয়াম, পেট্রোম্যাক্স, মেঘনা ও যমুনা স্পেসটেক—এই চারটি কোম্পানি মিলে দেশের মোট এলপিজি সরবরাহের প্রায় ৬৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এর বাইরে বিএম এনার্জির অংশ ৮ শতাংশ, ইউনাইটেড আয়গ্যাসের ৭ শতাংশ এবং ডেল্টার ৪ শতাংশ। জেএমআই ও প্রিমিয়াম এলপিজির সম্মিলিত সরবরাহের অংশ প্রায় ৩ শতাংশ। বাজারে কার্যকরভাবে ব্যবসা করছে ১২ থেকে ১৪টি প্রতিষ্ঠান। গত সেপ্টেম্বরে আমদানি কার্যক্রমে অংশ নিয়েছে মাত্র ১০টি কোম্পানি। অর্থাৎ লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলেও আমদানি ও সরবরাহে প্রতিযোগিতা সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যেই আবদ্ধ।
পড়ে আছে বিপুল বিনিয়োগের অবকাঠামো
বিইআরসির তথ্য অনুযায়ী, দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে ২৩টির আমদানির অনুমতি ও প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত মজুত সক্ষমতা প্রায় ১ লাখ ৪৫ হাজার টন। কিন্তু আর্থিক সংকট ও ব্যাংকিং জটিলতার কারণে এই সক্ষমতার বড় অংশ ব্যবহার করা যাচ্ছে না।
বিএম এনার্জির মজুত ট্যাংকের ধারণক্ষমতা সবচেয়ে বেশি, প্রায় ৯ হাজার ৪০০ টন। অন্যদিকে বেঙ্গল, সিটি এলপিজি, ইউনিটেক্স ও জেএমআইয়ের মতো প্রতিষ্ঠানের আমদানি কার্যক্রম আর্থিক সংকটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ঋণখেলাপি হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠান নতুন করে এলসি খুলতে পারছে না। ফলে তাদের মজুত ট্যাংক অনেকটাই খালি পড়ে রয়েছে।
একইভাবে জেএমআই ও ইউনিগ্যাসসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক সিলিন্ডারও বাজারে ব্যবহার হচ্ছে না। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৬০ লাখ সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় রয়েছে। এসব অবকাঠামো ও সম্পদ কাজে লাগানো গেলে বাজারে সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতাও জোরদার হতে পারে।
নির্ধারিত দামেও মিলছে না সিলিন্ডার
এলপিজির মূল্যবৃদ্ধি ও বাজারে নির্ধারিত দাম কার্যকর না হওয়া নিয়ে ভোক্তাদের অভিযোগ বাড়ছে। গত ২ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে।
কমিশনের মূল্য সমন্বয়ের হিসাবে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব ছিল ৭৪ টাকা। বাকি ১৪৯ টাকা যুক্ত হয়েছে মজুত, বিতরণ ও খুচরা বিক্রেতার কমিশন বৃদ্ধির কারণে। তবে নির্ধারিত মূল্য ঘোষণার পরও বাজারে সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের এলপিজি পরিবেশক তাহের এন্টারপ্রাইজের মালিক আবু তাহের কোরাইশী বলেন, অনেক কোম্পানি বটলিং ফ্যাক্টরি থেকেই ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অথচ মেমোতে দাম দেখানো হচ্ছে ১ হাজার ৯০৫ টাকা। এ অবস্থায় পরিবেশকদের পক্ষে বিইআরসির নির্ধারিত দামে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করা সম্ভব হচ্ছে না।
তাঁর বক্তব্য, কোম্পানি পর্যায়েই বেশি দামে পণ্য কিনতে হলে পরিবেশকদের জন্য নির্ধারিত মূল্য বজায় রাখা কঠিন। ফলে সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে প্রকৃত মূল্য ও কাগজে-কলমের মূল্যের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে।
চাহিদা বাড়লেও আমদানিতে ওঠানামা
দেশে এলপিজির ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিল্প খাতে এর ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। দুই বছর আগেও মোট এলপিজি ব্যবহারের মধ্যে শিল্প খাতের অংশ ছিল ৫ শতাংশের কম। বর্তমানে তা বেড়ে ২০ শতাংশ ছাড়িয়েছে।
জ্বালানি বিভাগ ও বিইআরসির সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৭ হাজার টন। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার টনে। অথচ দেশে প্রতি মাসে দেড় লাখ টনের বেশি এলপিজির চাহিদা রয়েছে। ফলে আমদানির পরিমাণে সামান্য ওঠানামাও বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি করতে পারে।
শিল্প খাতে ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন ক্ষেত্রে এলপিজির চাহিদা তৈরি হওয়ায় সামনে বাজারের ওপর চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ও সরবরাহ সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আমদানির উৎস বদল, বাড়ছে বৈশ্বিক বাজারের প্রভাব
এলপিজি আমদানির উৎসেও পরিবর্তন এসেছে। ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, আগে বাংলাদেশের চাহিদার বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে পূরণ করা হতো। বর্তমানে মোট চাহিদার প্রায় ৮৫ শতাংশ এলপিজি আসছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া রিপাবলিক অব কঙ্গো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকেও কিছু পরিমাণ গ্যাস আমদানি হচ্ছে।
আমদানির উৎস পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা, পরিবহন ব্যয় ও সরবরাহ পরিস্থিতির প্রভাবও বাড়ছে। এ কারণে আমদানিকারকদের জন্য পর্যাপ্ত অর্থায়ন, সময়মতো এলসি খোলা এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে কার্যকর চুক্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বিশ্ববাজারে এলপিজির দামে অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইসরাইলের নির্বাচন-পরবর্তী ক্ষমতা গ্রহণের বিষয়গুলোও আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। তাই চলতি মাসে বিশ্ববাজারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
বিপিসির নজরে বন্ধ কোম্পানির অবকাঠামো
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট ও অব্যবহৃত অবকাঠামো নিয়ে বিপিসিও নতুনভাবে ভাবছে। সংস্থাটির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, আর্থিকসহ বিভিন্ন কারণে অনেক এলপিজি অপারেটর বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের প্ল্যান্ট কিনে নেওয়া অথবা চুক্তির ভিত্তিতে পরিচালনা করা যায় কি না, তা নিয়ে বিপিসি চিন্তাভাবনা করছে।
তিনি জানান, এলপিজি খাতে বিপিসির প্রবেশের জন্য মোংলায় বটলিং প্ল্যান্টসহ বিভিন্ন এলাকায় প্রকল্প নেওয়া হয়েছে। গত দেড় বছরে বিপিসি নিজস্ব উদ্যোগে এলপিজি আমদানি করতে পারেনি। তবে সংস্থাটির পরিকল্পনায় নতুন প্রকল্পের পাশাপাশি বন্ধ বা নিষ্ক্রিয় প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহারের বিষয়টিও রয়েছে।
প্রতিযোগিতামূলক বাজারই ভোক্তার স্বস্তির পথ
সংশ্লিষ্টদের মতে, এলপিজির বাজারে স্থিতিশীলতা আনতে শুধু আমদানির পরিমাণ বাড়ালেই হবে না। বিদ্যমান কোম্পানিগুলোর আর্থিক সংকট কাটানো, ব্যাংকিং জটিলতা নিরসন, অব্যবহৃত মজুত ট্যাংক ও বটলিং প্ল্যান্ট কাজে লাগানো এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে কোম্পানি থেকে পরিবেশক এবং খুচরা বিক্রেতা পর্যন্ত মূল্য নির্ধারণ ও বিক্রির প্রক্রিয়ায় জবাবদিহি বাড়ানোর প্রয়োজন রয়েছে। বাজারে নতুন ও বিদ্যমান প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কয়েকটি কোম্পানির ওপর নির্ভরতা কমবে। এতে সরবরাহের বিকল্প তৈরি হবে এবং মূল্য নির্ধারণেও প্রতিযোগিতার প্রভাব পড়তে পারে। কারণ, এলপিজির বাজারে এখন মূল চ্যালেঞ্জ শুধু গ্যাস আমদানি নয়; বরং বিদ্যমান সক্ষমতার যথাযথ ব্যবহার, সরবরাহকারীর সংখ্যা বাড়ানো এবং ভোক্তার জন্য ন্যায্য মূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করা।
কালের আলো/ডিএইচ/এমকে
