Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১০:২৭ এএম

লাল সংকেতে বাংলাদেশ, আঞ্চলিক প্রতিযোগিতায় তলানিতে

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১০:২৭ এএম

লাল সংকেতে বাংলাদেশ, আঞ্চলিক প্রতিযোগিতায় তলানিতে

আন্তর্জাতিক মূল্যায়নে বাংলাদেশের অবস্থান যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। দুর্নীতি কমছে না, সুশাসনে দৃশ্যমান অগ্রগতি নেই, দুর্বলতা কাটছে না আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচকগুলোতেও মিলছে না আশাব্যঞ্জক ফল। যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) সর্বশেষ মূল্যায়নে এমনই এক হতাশাজনক চিত্র উঠে এসেছে। ২২টি সূচকের মধ্যে ১৫টিতেই বাংলাদেশ রয়েছে রেড জোনে। ভালো অবস্থানে আছে মাত্র সাতটি সূচক। গত বছরের তুলনায় উন্নতি হয়েছে কেবল সরকারের কার্যকারিতায়।

  • এমসিসির ২২ সূচকের ১৫টিতে রেড জোন
  • শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে, মিলছে না মার্কিন উন্নয়ন অনুদান
  • বদলাচ্ছে না বছরের পর বছর ধরে চলে আসা চিত্র

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচের দিকে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা—সবাই এগিয়ে। পেছনে রয়েছে শুধু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। অর্থাৎ আঞ্চলিক প্রতিযোগিতায় শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে পড়েছে। গত শুক্রবার এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬-২৭ অর্থবছরের স্কোরকার্ডে এই চিত্র উঠে এসেছে।

এ মূল্যায়নের প্রভাব শুধু আন্তর্জাতিক র‌্যাঙ্কিং বা ভাবমূর্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) আওতায় বিপুল অঙ্কের অনুদান পাওয়ার সম্ভাবনা। অথচ বছরের পর বছর দুর্বল স্কোরের কারণে সেই সুযোগের বাইরে থাকছে বাংলাদেশ। একসময় তহবিলটিতে অন্তর্ভুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা থাকলেও এখন সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগও অনেকটা স্তিমিত। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশের সুশাসন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার এই চিত্র আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করছে।

দুর্নীতি থেকে আইনের শাসন, সর্বত্র দুর্বলতা
এমসিসির মূল্যায়নে বাংলাদেশের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, দুর্বলতা ছড়িয়ে রয়েছে রাষ্ট্র পরিচালনা ও অর্থনীতির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। দুর্নীতি প্রতিরোধ, সরকারের জবাবদিহি, নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা, বাণিজ্য নীতি, ঋণপ্রাপ্তির সুযোগ, আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার, সম্পত্তি ও ভূমির অধিকার এবং নারী-পুরুষের অর্থনৈতিক সমতায় দেশটির অবস্থান রেড জোনে।

একই তালিকায় রয়েছে ব্যবসা শুরুর পরিবেশ, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, মানবসম্পদ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, শিশু স্বাস্থ্য সুরক্ষা, আইনের শাসন ও তথ্যপ্রাপ্তির স্বাধীনতা। অর্থাৎ বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, নাগরিক অধিকার এবং জনকল্যাণমূলক রাষ্ট্রীয় সেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশের ঘাটতি কাটেনি।

অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ, বাজারে প্রতিযোগিতা, দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণ, মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষাসমাপ্তির হার, ব্যক্তিস্বাধীনতা ও সরকারের কার্যকারিতা—এই সাতটি সূচকে বাংলাদেশ গ্রিন জোনে রয়েছে। তবে সামগ্রিক চিত্রে এই সাতটি ইতিবাচক অবস্থান ১৫টি নেতিবাচক সূচকের ভার কাটাতে পারছে না।

প্রতিবেশীদের সঙ্গে ব্যবধান স্পষ্ট
এমসিসির স্কোরকার্ডে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক অবস্থান বাংলাদেশের জন্য আরও অস্বস্তিকর। ২২টি সূচকের মধ্যে ভারতের আটটি, নেপালের দুটি, ভুটানের চারটি, শ্রীলঙ্কার ১২টি এবং পাকিস্তানের ১৩টি সূচক রয়েছে রেড জোনে। বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা ১৫। আর আফগানিস্তানের রয়েছে ১৮টি। অর্থাৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচকে বাংলাদেশকে পেছনে ফেলেছে। বিশেষ করে নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবধান বাংলাদেশের জন্য নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কয়েক বছরেও কাটেনি স্থবিরতা
এমসিসির ধারাবাহিক মূল্যায়ন পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের স্কোরকার্ডে ২২টি সূচকের মধ্যে ১৬টিতে বাংলাদেশ ছিল রেড জোনে। এবার তা কমে ১৫টিতে এসেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে উন্নতি মাত্র একটি সূচকে।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরে ২০টি সূচকের মধ্যে ১৭টিতে পিছিয়ে ছিল বাংলাদেশ। ২০২৩-২৪ ও ২০২২-২৩ অর্থবছরেও ১৭টি করে সূচক ছিল নেতিবাচক। দীর্ঘ সময় ধরে একই ধরনের দুর্বলতা বজায় থাকায় সংস্কার কার্যক্রমের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

অনুদানের চেয়েও বড় সংকট ভাবমূর্তি
ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম মনে করেন, এমসিসির মূল্যায়নের অধিকাংশ সূচকই সুশাসনের সঙ্গে সম্পর্কিত। ফলে দেশে সুশাসনের উন্নতি ঘটাতে পারলে অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এ জন্য সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তাঁর মতে, বিষয়টিকে শুধু মার্কিন অনুদান পাওয়ার হিসাব দিয়ে বিবেচনা করা ঠিক হবে না। এই মূল্যায়নের সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতার প্রশ্নও জড়িত। স্কোর উন্নয়নে ইআরডির এককভাবে তেমন কিছু করার নেই। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মতে, সূচকগুলোর উন্নয়ন বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের কার্যকারিতা সূচকে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে বাস্তবে সরকারের কার্যকারিতা কতটা বেড়েছে, তা পর্যবেক্ষণ করতে হবে। তাঁর মতে, কেবল মূল্যায়নের স্কোর বাড়ানোর চেষ্টা নয়, চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শত কোটি ডলারের সুযোগ, তবু অধরা বাংলাদেশ
উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড গঠন করে। এই তহবিল পরিচালনার জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন। নির্বাচিত দেশগুলোকে দুটি কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হয়। থ্রেশহোল্ড কান্ট্রি কর্মসূচিতে সাধারণত ১০ কোটি থেকে ৪০ কোটি ডলার পর্যন্ত অনুদান দেওয়া হয়। অন্যদিকে কমপ্যাক্ট কর্মসূচিতে সহায়তার পরিমাণ ৫০ কোটি ডলার থেকে শুরু করে আরও বেশি হতে পারে।

সাবেক সচিব আরাস্তু খানের ভাষ্য অনুযায়ী, এই তহবিলের আওতায় কোনো দেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এমসিসির নির্ধারিত সূচকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে স্কোরকার্ডে ধারাবাহিক দুর্বলতা থাকলে অনুদান পাওয়ার সম্ভাবনাও বাধাগ্রস্ত হয়।

ইআরডি সূত্র জানায়, ২০১২ সালে প্রথমবারের মতো এ তহবিলে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এলে তাঁর কাছে বিষয়টি উত্থাপন করা হয়। পরে স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে এ-সংক্রান্ত বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। দুই দেশের মধ্যে নিয়মিত পার্টনারশিপ ডায়ালগ আয়োজনের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত উদ্যোগটি আর এগোয়নি। এরপর এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এমসিএফে বাংলাদেশের অন্তর্ভুক্তির পথ খোলেনি। বরং নতুন মূল্যায়নেও সামনে এসেছে পুরোনো সমস্যার পুনরাবৃত্তি।

এমসিসির এই স্কোরকার্ড বাংলাদেশের জন্য নতুন করে সতর্কবার্তা। একদিকে দুর্নীতি, জবাবদিহির অভাব ও আইনের শাসনের দুর্বলতা; অন্যদিকে বিনিয়োগ ও অর্থনৈতিক পরিবেশের সীমাবদ্ধতা—সব মিলিয়ে দেশের উন্নয়নযাত্রার সামনে বড় প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সরকার এই নেতিবাচক মূল্যায়নকে কেবল একটি আন্তর্জাতিক প্রতিবেদন হিসেবে দেখবে, নাকি রাষ্ট্র পরিচালনা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কার্যকর তাগিদ হিসেবে গ্রহণ করবে।

কালের আলো/আরআই/এমকে

Link copied!