সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকতেই পারে। তবে সেই সমর্থনের প্রকাশ সরকারি অফিসে নয়, হতে হবে ব্যালট বাক্সে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
- কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দে আপত্তি নেই, তবে দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ
- জনপ্রশাসন কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবক হওয়ার আহ্বান
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। তাঁদের মূল দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। কোনো সহযোগিতার জন্য সাধারণ নাগরিক সরকারি দপ্তরে এলে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ‘গোল্ডেন রুল’ উল্লেখ করে বলেন, ‘Treat others how you want to be treated’। অর্থাৎ, অন্যের কাছ থেকে নিজের জন্য যেমন আচরণ প্রত্যাশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও তেমন আচরণ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমানে ২৬টি ক্যাডার রয়েছে। বিষয় ও কর্মস্থল অনুযায়ী কর্মকর্তাদের কাজের ধরন ভিন্ন হলেও সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য।
আইনের পাশাপাশি মানবিক হতে হবে
সরকারি দায়িত্ব পালনে বিধিবদ্ধ আইনের মধ্যে থেকেই মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি ভুল আবেদনপত্র নিয়ে এলে শুধু ‘ভুল হয়েছে, ঠিক করে আনুন’ বলে ফিরিয়ে দেওয়া অন্যায় নয়। তবে কোথায় ভুল হয়েছে, কীভাবে তা সংশোধন করতে হবে এবং কার কাছে গেলে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে—এসব বিষয় বুঝিয়ে দেওয়াই মানবিকতার পরিচয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ জনপ্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও প্রত্যাশা করে।
পদায়ন ও পদোন্নতির জন্য আপস নয়
পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির আশায় কেউ কেউ নিজেদের নীতি-নৈতিকতা ও পেশাগত সততার সঙ্গে আপস করেন।
দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাকেই প্রকৃত পেশাদারিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চান
বর্তমান সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জনপ্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তার রাজনৈতিক এজেন্ডা প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করছে। জনগণ ভোট দিয়ে এই এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব সরকারকে দিয়েছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহার এখন জনগণের দলিল। জনগণের সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনিক দায়িত্ব কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে পালন করবেন—এটাই সরকারের প্রত্যাশা।
সরকারি সেবা হতে হবে সহজ ও নাগরিকবান্ধব
সরকারি সেবায় দীর্ঘসূত্রতা কমিয়ে নাগরিকদের ভোগান্তি দূর করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। বক্তব্যের শেষ পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঘরবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে।
কালের আলো/জেএন/এমকে
