তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ সদস্যদের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের জন্য একটি সন্তোষজনক মজুরি ঘোষণা করা হয়েছে। এখন শ্রমিকদের কাজে যোগ দেওয়া উচিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শ্রমিক-মালিকের সদিচ্ছায় মজুরি নির্ধারণ
শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের সদস্যদের সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। শ্রমিকরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন, অন্যদিকে মালিকরাও এর বিরোধিতা না করে সহনশীল পরিবেশে সমাধানের পথ খুঁজেছেন।
মজুরি বোর্ডের কার্যক্রম চলাকালে গভীর রাত পর্যন্ত সহযোগিতা করার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার অযাচিত হস্তক্ষেপ না করে নিরপেক্ষ অবস্থানে থেকে সমাধানের পথ তৈরি করেছে। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং সমন্বয়ের মাধ্যমে সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন।
শিল্প বন্ধ না করার আহ্বান
শ্রমিকদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকরাই বাংলাদেশের প্রাণ। উৎপাদন বাড়লে এবং মালিকদের আয় বাড়লে শ্রমিকদের বেতন বাড়াতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে যেন এ শিল্প বন্ধ না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো সমস্যায় হুট করে কাউকে দোষারোপ না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী জানান, তার এলাকার প্রায় ৬০ শতাংশ ভোটার শ্রমিক। ফলে শ্রমিকদের সমস্যা ও দাবি সম্পর্কে তিনি অবগত।
শনিবার থেকে স্বাভাবিক উৎপাদনের প্রত্যাশা
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে শ্রমমন্ত্রী বলেন, সত্যকে সাদা এবং কালোকে কালো হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ। আগামী শনিবার থেকে দেশের সব কলকারখানায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, শ্রমসম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসেন ও বাবুল আক্তারসহ পোশাকশিল্প খাতের শ্রমিক নেতারা।
কালের আলো/এএএন/এমএসআইপি







-20261126135523.jpg)








-20261124163219.jpg)

